যেটা পছন্দ হয়, সেটা কিনেই ফেলি
ছোটবেলার কথা দিয়েই শুরু করি। আমার বয়স তখন আট কি নয় হবে। ঈদের ১০ দিন আগে থেকে আব্বাকে বলতাম, ‘গরু কিনব কবে? গরু তো শেষ হয়ে যাবে। চলেন, গরুর হাটে যাই।’ এমনি করতে করতে একদিন আব্বা আমাকে নিয়ে গরুর হাটে যেতেন। পুরো গরুর হাট ঘুরে বাজারের সবচেয়ে বড় গরুটা কিনতেন। তারপর সে যে কী আনন্দ! গরু বাড়িতে না হয় এল। সেই গরু সকাল-বিকাল না দেখলে যেন মন ভরে না। কোরবানির পর ঘরের জন্য যে গোশত থাকত, সেটি রান্না করা হতো। বাড়িতে তখন থাকত ৫০ থেকে ৬০ জন মানুষ। একান্নবর্তী পরিবার ছিল আমাদের। ফলে দু-তিন দিনেই গোশত শেষ হয়ে যেত। তখন খুব খারাপ লাগত। আম্মাকে বললাম, ‘আচ্ছা, আম্মা, এরপর আব্বাকে বলবেন যেন হাতি কোরবানি দেয়, তাহলে অনেক দিন গোশত খাওয়া যাবে।’ আম্মা হেসে বলতেন, ‘বোকা, গৃহপালিত পশু কোরবানি দিতে হয়।’ আস্তে আস্তে কোরবানির তাৎপর্য বুঝতে শিখলাম।এবার আমার অভিনয়জীবনের কথা বলি। যখন আমি নায়ক হলাম, তখন কাজের ব্যস্ততার কারণে কোরবানির গরু কেনার জন্য হাটে যাওয়া হয়নি। দেখা গেল, ঈদের তিন-চার দিন আগে কাজ শেষ করে বাড়ি ফিরছি, সে সময় রাস্তা দিয়ে গরু নিয়ে যাওয়া হচ্ছে। গরুটা পছন্দ হলে সেখানে দরদাম করে গরু কিনে ফেলতাম। সে সময় সোহরাওয়ার্দী উদ্যান ও কারওয়ান বাজারে বিরাট হাট বসত। আব্বা এই দুটি হাটে আমাকে ছোটবেলায় নিয়ে যেতেন, সেসব স্মৃতি তখন খুব বেশি মনে পড়ত। গত বছর আমার হঠাৎ মনে হলো, গরুর হাটে গিয়ে গরু কিনে ফেললে মন্দ হয় না। ঈদের তিন দিন আগে গেলাম শিশু হাসপাতালের বিপরীত দিকে যে হাট বসেছিল, সেখানে। দিনের বেলা বিড়ম্বনা হতে পারে, তাই গরু কেনার জন্য রাতের সময়টুকুই বেছে নিলাম। রাত নয়টার দিকে গরুর হাটে গেলাম। বাড়ি থেকে দুজন লোক নিলাম সঙ্গে। বহু বছর পর কোরবানির হাটে গেলাম। হাটের আকার বেশ বড়। তখনো ট্রাকে ট্রাকে গরু আসছে। বিভিন্ন জাতের গরু। গাড়ি থেকে নামার পরই লোকজন আমার দিকে তাকিয়ে থাকলেন। অনেকের উৎসুক চোখ আমার দিকে ঘুরে ফিরছে। আমি কী ধরনের গরু কিনছি, কীভাবে গরু পছন্দ করছি, সেসব তারা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। এরই মধ্যে মধ্যস্বত্বভোগীরা আমার পেছনে পেছনে ঘুরতে শুরু করলেন। তাঁরা তাঁদের গরু বিক্রির জন্য আমাকে বিভিন্ন গরু দেখানোর চেষ্টা করলেন। কিন্তু আমি নিজের মতো করে গরু দেখা শুরু করলাম। আমার একটা স্বভাব হচ্ছে, যেটা পছন্দ হয় সেটা কিনেই ফেলি। ফলে বেশিক্ষণ গরুর হাটে থাকতে হয় না। আর কোরবানি যেহেতু আত্মত্যাগের ব্যাপার, তাই এটা নিয়ে আমি বেশি বাছবিচার করি না। তো, এরই মধ্যে একটা গরু পছন্দ হলো। গরুর ব্যবসায়ীরা দাম চাইলেন। আমি উপযুক্ত দাম দিয়েই সেটি কিনে বাড়ি ফিরলাম। গরু নিয়ে যখন বাড়ি ফিরছি, তখন দেখলাম আমার মতোই অনেক মানুষ এক হয়ে আসছেন গরু কিনতে। সত্যিই এই দৃশ্যগুলো খুবই উপভোগ্য। [অনুলিখিত]