যেন অচেনা সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহলে ব্যাটসম্যান সৌরভের ‘দাদাগিরি’ শেষ!লড়াকু মানসিকতা যাঁর আরেক নাম, সেই সৌরভ গাঙ্গুলী সম্পর্কে এখনই এমন উপসংহার টেনে আহাম্মক বনে যাওয়ার ঝুঁকি কেউ নেবে না। কিন্তু এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম পাঁচ ম্যাচের সৌরভকে দেখে তাঁকে ‘সৌরভের ছায়া’ বলেই মনে হলো। না, আমি সৌরভ-বিদ্বেষী নই। সৌরভের ভক্ত। সেই সুবাদে কলকাতা নাইট রাইডার্সেরও। কিন্তু যে আশা নিয়ে টিভি স্ক্রিনের সামনে বসে থাকি, সৌরভের ব্যাটিং দেখে সে আশা দূরাশা হয়েই ফিরে আসে। ম্যাচের পর ম্যাচ নিষ্প্রভ সৌরভকে দেখে মনে একটা সন্দেহ উঁকি দিচ্ছে—মাঠে সৌরভের ‘দাদাগিরি’র দিন শেষ!সে তো কবেই শেষ—পাল্টা প্রশ্ন করে বসবেন তো! তা করতেই পারেন। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন দুই বছর হলো। ঘরোয়া ক্রিকেটেও আর খেলেন না বাংলার হয়ে। সকাল-বিকাল জগিং আর মৌসুমি অনুশীলন করে মাঠে নামা সাঁইত্রিশ বছর বয়সী সৌরভের কাছে কি শেবাগ, আফ্রিদিদের বিধ্বংসী ব্যাটিং আশা করাটা একটু বেশি বাড়াবাড়ি নয়?তার পরও কথা থাকে। এবারের আইপিএলের দিকেই দেখুন। মধ্য ত্রিশের জ্যাক ক্যালিস প্রথম ছয় ম্যাচে ১৫৫ গড়ে করেছেন ৩১০ রান। ১২.৯০ গড়ে সর্বোচ্চ ১১ উইকেট নেওয়া মুত্তিয়া মুরালিধরনের বয়স আটত্রিশ ছুঁই ছুঁই। কিংবা সাঁইত্রিশ ছুঁই ছুঁই টেন্ডুলকার? প্রথম ৫ ম্যাচে ৬২ গড়ে করেছেন ২৪৮ রান! সৌরভের দলের বিপক্ষেই ৪৮ বলে করেছেন অপরাজিত ৭১। তাঁর ব্যাটিং আগ্রাসন দেখেই তো রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, কপিল দেবরা তাঁকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেওয়ার দাবি তুলেছেন। টেন্ডুলকারের সঙ্গে কারও তুলনা চলে না। ক্যারিয়ারের ২০ বছর পার করার পরও যেভাবে ব্যাট করে যাচ্ছেন, সেটাই একটি বড় বিস্ময়। তবে বয়স যে কোনো বাধা নয়, সেটা এবারও দেখিয়ে যাচ্ছেন ম্যাথু হেইডেন, জ্যাক ক্যালিসরা। আটত্রিশ পেরোনো ম্যাথু হেইডেন প্রথম ছয় ম্যাচে ৩২.৬৬ গড়ে করেছেন ১৯৬ রান; স্ট্রাইক রেট ১৫৫.৫৫।আর যে সৌরভকে এবারের আইপিএলে দেখছি আমরা, সেই সৌরভ যেন অচেনা!প্রথম ম্যাচ: ডেকান চার্জার্সের বিপক্ষে ২ বল খেলার পর চামিন্ডা ভাসের তৃতীয় বলেই ক্যাচ তুলে দেন স্লিপে।দ্বিতীয় ম্যাচ: রয়্যাল চ্যালেঞ্জারের বিপক্ষে মনোজ তিওয়ারি ও ব্রাড হজ হাত খুলে খেলার মঞ্চ গড়ে দেওয়ার পর ২২ বলে করলেন ২৩।তৃতীয় ম্যাচ: চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২০ বলে করলেন মাত্র ১১ রান।চতুর্থ ম্যাচ: রাজস্থানের বিপক্ষে ২৯ বলে ৩৩।২০ ওভারের ম্যাচে ইনিংস কত লম্বা হলো, সেটার চেয়ে বড় বিবেচ্য বিষয়, কত কম বল খেলে কত বেশি রান কারা পেল সেটা। এখানেই যেন ফেল মেরে যাচ্ছেন সৌরভ। এবং সেটা পরিষ্কার টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচে। আইপিএলের তৃতীয় আসরে প্রথমবারের মতো ওপেন করতে এসে ৩৪ বলে করেন ৩১। ঘরোয়া ক্রিকেটে জহির তাঁর ‘প্রিয় ঘাতক’ আর দ্রুতগতির লাসিথ মালিঙ্গার বল স্কিড করে—প্রতিপক্ষ দলের দুই বোলারকে জানার পরও ইনিংসের সূচনা করতে আসা তাঁর চিরায়ত অনমনীয় চরিত্রেরই বহিঃপ্রকাশ। কিন্তু যখন দ্রুতগতিতে রান তোলা দরকার, ‘গিয়ার’টা বদলাতে ব্যর্থ হলেন। আগের সৌরভ হলে কী করতেন? স্পিন আগেই পড়ে ফেলতেন। ডাউন দ্য উইকেট উড়িয়ে মারতেন হরভজনকে। কিন্তু হরভজনের লেগ স্টাম্পের বলগুলো বুঝতেই পারলেন না। একটা বাড়তি ফ্লাইটের বলে হয়ে গেলেন বোল্ড।মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ওই ম্যাচের পর ভারতীয় এক পত্রিকা তো লিখেই দিয়েছে, ‘তাঁর ব্যাটিং কেমন যেন জড়তাগ্রস্ত। বিধ্বংসী ব্যাটিং তো হচ্ছেই না, দ্রুত স্ট্রাইক বদলে অন্যের হাতেও ব্যাটিংয়ের লাগাম তুলে দিতে ব্যর্থ।’ ক্রিকইনফো লিখেছে, ‘তাঁর রিফ্লেক্স কমে গেছে। দুর্দান্ত প্লেসমেন্ট অদৃশ্য হয়ে গেছে, হারানোর পথে টাইমিংটাও। ড্রাইভ খেলার সময় কবজি দুটো আর ব্যাটের সঙ্গে সমন্বয় করতে পারে না, জায়গা থেকে নড়ে না পা দুটোও। এমনকি স্পিনারদের বিপক্ষে তাঁর আগ্রাসনের সমাপ্তিও হয় ফিল্ডারের হাতে ধরা পড়ে, অথচ একটা সময় এগুলো বাউন্ডারি পার হতো অনায়াসে। উইকেটে গাঙ্গুলীর নড়াচড়াও বৈচিত্র্যহীন, বোলাররা সহজেই ধরে ফেলে সুযোগ নিয়ে নিচ্ছেন।’ভিভ, শেবাগ, আফ্রিদির মতো না হলেও একটা সম্মোহনী ক্ষমতা ছিল সৌরভের ব্যাটিংয়ে। ‘দেখি কী করে’ কৌতূহল ধরে রাখত দর্শকদের। সেই সম্মোহনী ক্ষমতাটা এখনো আছে সৌরভের! এখনো তাঁকে দেখার জন্য টিভি খুলে বসে থাকে এপার-ওপার বাংলার দর্শক। তবে সেটা জি বাংলার দাদাগিরির ‘দাদা’কে দেখার জন্য, আইপিএলের প্রথম পাঁচ ম্যাচের সৌরভকে নয়। শাহরিয়ার ফিরোজ