যেন আরেক যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুদ্ধের পরে যেন আরেক যুদ্ধ। ছেলেমেয়েদের নিয়ে কোথায় যাব জানি না। আমাদের বাড়িটা পুড়িয়ে দিয়ে গেছে। একেক দিন একেক জনের বাসায় কাটাতে হয়েছে রাত। ওদের বাবাকে ২৬ মার্চ মেরে ফেলে। আমি তাকে বাঁচাতে দোতলা থেকে লাফ দিয়েছিলাম। কিন্তু বাঁচাতে পারিনি। আজও সেই ব্যথা আছে।’ বলেই নিজের হাঁটুতে হাত রাখেন শহীদ সমাজসেবক মোঃ সলিমুল্লাহর স্ত্রী জেবুন্নেছা বেগম।স্বামীকে হারানোর পর ১০ ছেলেমেয়ে নিয়ে তাঁকে পাড়ি দিতে হয়েছে জীবনের পথ। সে কথা শুনতেই হাজির হয়েছিলাম তাজমহল রোডের সেই বাড়িতে। ‘আমরা দুই বছর এর-ওর বাড়িতে থেকেছি। তারপর যখন বাড়ি ফিরে এলাম, তখন তো কিছুই নেই আমাদের। শূন্য থেকে আবার শুরু করলাম। সন্তানদের তো লেখাপড়া শেখাতে হবে। খাওয়াতে হবে। টাকা পাব কই? তখন নিজের হাত দুটোকে কাজে লাগালাম। আগে থেকেই সেলাই করতাম। এবার সেটাকে বেঁচে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করলাম। কাপড় সেলাই, তাতে এমব্রয়ডারি করা, এরপর সেটি বিক্রির ব্যবস্থা—সব আমাকেই করতে হতো। ছেলেমেয়েরা তখন ছোট ছোট। আমার কোনো মেশিনও ছিল না। হাত দিয়েই করতাম। প্রথমে নিউমার্কেট-গাউছিয়ায় দোকানে কাপড় দিতাম। ধীরে ধীরে কাজের চাহিদা বেড়ে গেল। তখন আড়ং, কারিকাতে কাপড় দিতে থাকলাম। বস্তি থেকে কয়েকটি মেয়ে এনে ওদের কাজে লাগিয়ে দিলাম। উদ্যোক্তা হিসেবে বেশ পরিচিতি পেলাম। হাতের কাজ করে শেষ করতে পারতাম না। দিন-রাত সেলাই করেছি। আঙুলগুলোতে দাগ পড়ে গেছে। শুধু মনে হতো, কাজ করে যেতে হবে। ক্লান্ত হলে চলবে না। ওদের মানুষ করতে হবে। এমনও হয়েছে, শুধু শাক দিয়ে ভাত দিয়েছি। তা-ই খুশিমনে ওরা খেয়েছে। কোনো দিনও কোনো আবদার করেনি। ওরা সব সময় আমার হাতে তৈরি পোশাক পরত। ওরা আমার কষ্ট বুঝত, তাই হয়তো ওদের প্রতিষ্ঠিত করতে পেরেছি।’ বলেন জেবুন্নেছা বেগম।তাঁর হাতের কাজের ছাপ সারা বাড়িতে। কাজ ছাড়া থাকতে পারেন না তিনি। নিজের ডিজাইন করা ছোটদের ফ্রক দেখিয়ে বলেন, ‘এখন ডিজাইন করে সুতার রং ঠিক করে দিই। কিছু কর্মী আছে, তারা শুধু হাতের কাজ করে। কাজ না করলে তো সময় কাটে না। শিবলী-সাদী (শিবলী মহম্মদ-সাদী মহম্মদ) ওরা তো আমার সঙ্গেই থাকে। নিয়মের কোনো নড়চড় করতে দেয় না। প্রতিদিন বের হওয়ার আগে একবার আমার সঙ্গে দেখা করে যায়। মেয়েরা বেড়াতে আসে, নাতি-নাতনিরা আসে। আমি বিদেশে যাই ছেলেমেয়ের কাছে। ওরা আমাকে মন খারাপ করতে দেয় না। আমিও সেসব দিনের কথা ভাবতে চাই না। তাহলে রাতে ঘুম আসে না। শরীর খারাপ করে। বাড়তি সময়টুকু গাছের পেছনে ব্যয় করি। ছোট বাগানের মতো আছে। প্রতিদিন গাছের যত্ন নিই। একটা ড্রাগনগাছ লাগিয়েছিলাম। এবার সাতটা ফল ধরেছিল। এত ভালো লেগেছিল! এসবের মাঝেই আনন্দ খুঁজি। নতুনভাবে বেঁচে থাকার চেষ্টা করছি।’ফেরার আগে তিনি মোবাইল ফোনে তোলা ড্রাগন ফলের ছবি দেখান। শিশুর মতো আনন্দে ভেসে যান তিনি।