যেন ইতিহাস বিকৃতি আর অবহেলার ‘স্মৃতিকেন্দ্র’
রক্ষণাবেক্ষণের অভাবে ও অব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে মেহেরপুরে মুজিবনগরের আম্রকাননে তৈরি করা মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রের বিভিন্ন স্থাপনা। অন্যদিকে স্থাপিত ভাস্কর্যে ইতিহাস বিকৃত করার অভিযোগও উঠেছে।পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মূল্যায়ন প্রতিবেদনেও স্মৃতিকেন্দ্রে অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবের বিষয়টি উঠে এসেছে।স্মৃতিকেন্দ্রের প্রধান ফটক দিয়ে ঢুকলে প্রথমে একটি ফোয়ারা। তারপর কয়েকটি ভাস্কর্য। এরপর অনেক জায়গাজুড়ে বাংলাদেশের একটি মানচিত্র। মানচিত্র দেখার জন্য চারদিকে গ্যালারি ও দুটি পর্যবেক্ষণ-চৌকি। শহীদ মিনার, কর্ণফুলী সেতু ও হার্ডিঞ্জ ব্রিজ, মুক্তিযোদ্ধা ও পাকিস্তানি সেনাদের কয়েকটি অনুকৃতি (রেপ্লিকা) আছে মানচিত্রে। বিভিন্ন জেলা, মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরের ও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ স্থানগুলো এমনকি মুজিবনগর আম্রকাননের অবস্থান মানচিত্রে চিহ্নিত করা নেই। প্রকল্পের কাজ শেষ হয়েছে গত বছর জুনে। এরই মধ্যে মানচিত্রের অনেক জায়গার রং উঠে গেছে। যে এলাকাকে বঙ্গোপসাগর বোঝানো হয়েছে, সেখানে পানিতে শ্যাওলা ও আবর্জনা জমে আছে।গ্যালারির পূর্ব দিকের স্তম্ভের নিচে লম্বা ফাটল ধরেছে। কয়েক জায়গার পলেস্তারা উঠে গেছে। গ্যালারির কয়েকটি জায়গায় পানি জমে আছে। নিচতলায় মুক্তিযুদ্ধকালে শহীদ মিনার, জাতীয় প্রেসক্লাব, সচিবালয়, রাজারবাগ পুলিশ লাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পাকিস্তানি সেনাদের আক্রমণ ও ধ্বংসযজ্ঞের ঘটনা দেখানো হয়েছে কয়েকটি ভাস্কর্যে। সেগুলো নোংরা ও অপরিষ্কার হয়ে আছে। বিশাল এই কমপ্লেক্সে কোথাও কোনো শৌচাগার নেই। মানচিত্র ও গ্যালারির নির্মাণত্রুটি এবং রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কার কথা আইএমইডির প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে।স্মৃতিকেন্দ্র স্থাপন প্রকল্পের সর্বশেষ প্রকল্প পরিচালক প্রদোষ কান্তি দাস প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পটি বারবার হাতবদল হওয়ায় এসব সমস্যা হয়েছে। তা ছাড়া সরকার বদল হলে মূল পরিকল্পনায় অনেক পরিবর্তন করা হয়।’ শেষ চার বছরে কী কাজ হয়েছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, স্মৃতিকেন্দ্রের মিলনায়তনটি এই চার বছরে নির্মাণ করা হয়েছে, আর জাদুঘরের জন্য তৈরি করা হয়েছে ১০-১২টি আবক্ষ ভাস্কর্য।ভাস্কর্যে ইতিহাস বিকৃতি: স্মৃতিকেন্দ্রে ঢোকার মুখে মানচিত্রের উত্তরে জাতীয় নেতাদের ও স্বাধীনতার বিভিন্ন ঘটনার কয়েকটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এখানে ৭ মার্চের ভাষণের ভঙ্গিমায় বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য আছে। সেখানে প্রথম সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার দেওয়ার ঘটনা দেখানো হয়েছে। এসপি মাহবুবের নেতৃত্বে দুই সারিতে চারজন করে আটজন গার্ড অব অনার দিচ্ছেন।মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমদ (এসপি মাহবুব) প্রথম আলোকে বলেন, ‘আমি ১২ জন আনসারকে সঙ্গে নিয়ে মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দিয়েছিলাম। তবে এ সংক্রান্ত ছবিটি খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়, সেখানে আরও তিন-চারজন পুলিশ সদস্য ছিলেন।’ তিনি বলেন, স্মৃতিকেন্দ্রের ভাস্কর্যটির মাধ্যমে মানুষের কাছে ভুল তথ্য যাওয়ার আশঙ্কা রয়েছে। ভাস্কর্যটি তৈরির আগে তাঁর সঙ্গে কথা বলা হয়নি। দেখা যায়, ভাস্কর্যগুলোর কয়েকটির পাটাতন ইতিমধ্যে ভেঙে গেছে। প্রায় প্রতিটি পাটাতনে ও ভাস্কর্যের মাঝে পানি জমে আছে। মুক্তিযুদ্ধকালে গণহত্যা, নারী নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ—এসব কোনো ভাস্কর্যে মুক্তিযুদ্ধের প্রকৃত অভিব্যক্তি ফুটে ওঠেনি। ভাস্কর্যের চেহারা দেখে ব্যক্তিকে শনাক্ত করা যায় না। মুজিবনগর সরকারের ঘোষণাপত্র ও আত্মসমর্পণের দলিলের অনুকৃতি অত্যন্ত নিম্নমানের। তাতে বানানও ভুল। সবকিছুতে অযত্ন ও অবহেলার ছাপ স্পষ্ট। গত বছর ৬ জুন এসব ভাস্কর্য নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক হয়। রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সদস্যরা বলেন, ভাস্কর্য দেখে ব্যক্তি শনাক্ত করা যায় না। অনেক তথ্য ভুল। বৈঠকে সব ভাস্কর্য পরিবর্তনের পক্ষে মত আসে। জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, ‘প্রকল্পের কাজ হাতে নেওয়ার পর যাঁরা ক্ষমতায় এলেন, তাঁরা কাজ টেম্পার (বিকৃত) করলেন। জোট সরকারের আমলে এই ত্রুটি হয়েছে। ভাস্কর্যগুলোতে ইতিহাস বিকৃত করা হয়েছে। সব পরিবর্তন করতে হবে।’অব্যবস্থাপনা: প্রশাসনিক ভবন ঘুরে দেখা যায়, চেয়ার, টেবিল, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। সেগুলো নষ্ট হচ্ছে। সম্মেলনকক্ষটি ব্যবহার করা হচ্ছে গুদামঘর হিসেবে। দেয়ালে ছোট-বড় ২৪টি ছবি, ধূলাবালু পড়ে সেগুলো নষ্ট হচ্ছে। ৩০ জন নিরাপত্তাকর্মী থাকেন প্রশাসনিক ভবনে। আইএমইডির প্রতিবেদন অনুসারে, জাদুঘরের জন্য প্রায় ৮৫ লাখ টাকা ব্যয় করে মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি, উপপ্রধান সেনাপতি, সেক্টর কমান্ডার, সাতজন বীরশ্রেষ্ঠ, খেতাবপ্রাপ্ত দুই নারী মুক্তিযোদ্ধা ও বিশেষ অবদানের জন্য খ্যাত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের প্রায় ৪০টি আবক্ষ প্রতিকৃতি তৈরি করা হয়েছে। কিন্তু জাদুঘরের ছাদ স্যাঁতসেঁতে হওয়ায় প্রতিকৃতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জাদুঘরের দেয়ালে কাঠের ফ্রেমগুলো ঘুণে ধরে নষ্ট হচ্ছে। বিদ্যুৎসংযোগ না থাকায় জাদুঘরের ছয়টি শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) অচল পড়ে আছে। এগুলো নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম স্বীকার করেন, ‘দেশের মানুষ ও বিদেশি পর্যটকদের কাছে ঐতিহাসিক মুজিবনগরকে তুলে ধরার যে উদ্দেশ্যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি।’ তিনি বলেন, প্রকল্পের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। এটিকে আরও আধুনিক করতে দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য প্রকল্প প্রস্তাব তৈরির কাজ চলছে।