যেন এক গোয়ালঘর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সরকারি আযিযুল হক কলেজে প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর মধ্যে ছাত্রী আছেন কয়েক হাজার। কলেজে ‘রোকেয়া হল’ নামের বহু পুরোনো একটি ছাত্রাবাস আছে। বসবাসের অনুপোযোগী এ ছাত্রাবাসেই থাকেন ছাত্রীরা। এখানে বসবাসরত অনেক ছাত্রী এটাকে ছাত্রাবাস নয়, গোয়ালঘর বলে আখ্যা দেন।৩০০ শয্যার এই হলে বসবাস করে প্রায় ৬০০ ছাত্রী। গাদাগাদি করে থাকতে হয় তাঁদের। না দেখলে বোঝার উপায় নেই যে সেখানে মানুষ থাকতে পারে। ঘরের মধ্যে চিকা, ইঁদুর, তেলাপোকার বাস। জরাজীর্ণ এই চারতলা ভবনে কখনো কখনো বেজিও ঢুকে পড়ে। বাংলা তৃতীয় বর্ষের ছাত্রী রোজিনা আকতার বলেন, ‘বড় একটি রুমের মধ্যে আমরা ৪২ জন ছাত্রী থাকি। তাহলেই বোঝেন কী পরিবেশে থাকি আমরা। এই কক্ষে টেবিল-চেয়ার বসানোর মতো জায়গাও নেই। বিছানার ওপরই বই-খাতা রাখতে হয়। ছাত্রাবাসে পানির খুব সমস্যা। ঠিকমতো পানি পাওয়া যায় না। বিশেষ করে গরমে ছাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। যে পানি সরবরাহ করা হয় তা-ও ভালো নয়। পানির মধ্যে পোকা থাকে। বেসিনে পানি আসে না। আমাদের এই ৪২ জনের জন্য একটি বাথরুম ও টয়লেট। ভোর না হতেই তাতে সিরিয়াল ধরতে হয়। উদ্ভিদবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী বলেন, এখানে খাবারের সমস্যাও প্রকট। নামে মাত্র কেন্টিন থাকলেও তা ঠিকমতো চলে না। ১০৯ নম্বর গণরুমের তো কোনো দরজাই নেই। অন্য একটি কক্ষের মধ্য দিয়ে যেতে হয় সেখানে। ওই ১০৯ নম্বর রুমে আবার যে বাথরুমটি আছে তাতে সুইপার মাঝেমধ্যে ঘরের মধ্য দিয়ে গিয়ে সে বাথরুম পরিষ্কার করে। প্রতি আটজনের জন্য একটি সিলিং ফ্যান। কোনো ছাত্রী ব্যক্তিগতভাবে টেবিল ফ্যান আনতে চাইলে অনুমতি নিতে হয়। তা ছাড়া সেই ফ্যান লাগানোর লাইন পর্যন্ত নেই। হলে বসবাসরত কোনো ছাত্রীর অভিভাবক বা অতিথি এলে তাঁদের বসার কোনো কক্ষ নেই। ২২ মার্চ সরেজমিনে রোকেয়া হল পরিদর্শনে দেখা গেছে, একটি টিনশেড বিল্ডিংয়ে ছাত্রাবাসটি গড়ে তোলা হয়েছে। টিনগুলো মাঝেমধ্যে ভাঙা। তা দিয়ে পানি পড়ে বলে জানালেন ছাত্রীরা। দেয়াল চুয়েও পানি পড়ে। কলেজের অধ্যক্ষ এ কে এম ছালামত উল্লাহ সমস্যাগুলোর কথা স্বীকার করে বলেন, ছাত্রাবাসটির অবকাঠামো থাকলেও এটি চালানোর জন্য কোনো অর্থ বরাদ্দ নেই। তাই এসব সমস্যা দূর করা যাচ্ছে না। তিনি আরও বলেন, এই কলেজে ছাত্রীদের জন্য অন্তত দুই হাজার শয্যার ছাত্রাবাস থাকা উচিত।