যেন এক জ্বলন্ত মশাল
উদয়পদ্ম, ডুলিচাঁপা ও জহুরিচাঁপার মতোই দেখতে ফুলটি। তবে এটি এর কোনোটিই নয়। উদয়পদ্ম ও ডুলিচাঁপার চেয়ে আকারে ছোট, কিন্তু জহুরিচাঁপার চেয়ে বড়। বলধা গার্ডেন কর্তৃপক্ষ সাইনবোর্ডে ফুলটির নাম লিখে রেখেছে ‘রামধনচাঁপা’। বসন্তকালে গাছ ভরে ওঠা সোনালি রঙের রামধনচাঁপার উচ্ছ্বাস দেখেছি। দীর্ঘদিন বলধায় গাছটি দেখে আসছি। ফুল ফোটা অবস্থায় মনে হয়, যেন একটি জ্বলন্ত মশাল।বলধা কর্তৃপক্ষ গাছটির নাম রামধনচাঁপা লিখে রাখলেও এগ ম্যাগনোলিয়ার কোনো বাংলা নাম আমি খুঁজে পাইনি। এগ ম্যাগনোলিয়ার আদি নিবাস ভারতে। আসাম, মণিপুর ও সিকিম রাজ্যে গাছটি খুব বেশি দেখা যায়। হিন্দিতে এর নাম ‘হমচম্পা’ (যদিও আমাদের দেশে উদয়পদ্মকে হিমচাঁপা বলা হয়ে থাকে), মণিপুরি ভাষায় বলা হয় ‘উথম্বাল’। ইংরেজি বা প্রচলিত নাম এগ ম্যাগনোলিয়া। ফুল প্রস্ফুটিত হওয়ার আগে এর মুকুলের আদল ডিমের মতো দেখতে বলে এমন নামকরণ। এগ ম্যাগনোলিয়ার উদ্ভিদবিজ্ঞানীয় নাম Magnolia liliifera। মাঝারি আকারের চিরসবুজ ঝোপালো গাছ। এর উজ্জ্বল সবুজ পাতা আকারে বেশ বড়। পাতার ওপরের অংশ মসৃণ কোমল আর নিচের অংশ খসখসে। হালকা হলুদ রঙের ফুলটি দেখতে যেমন সুন্দর, তেমনি এর সুগন্ধ অনেক দূর থেকে আমাদের টানে। বলধা গার্ডেনের সিবিলি ভাগের প্রবেশপথের বাঁ দিকে কৃষ্ণবটের উল্টো দিকের ছায়াতরুর পাশে এক সারিতে প্রায় পাঁচ-ছয়টি এগ ম্যাগনোলিয়া গাছ রয়েছে।