‘সকাল ছয়টা থেকে ১০টা পর্যন্ত অন্যের জমির আগাছা সাফ করেছি। তারপর বইয়ের থলে থেকে জামা বের করে পরে স্কুলে গিয়েছি। স্কুল শেষে আবার বিভিন্ন মাঠ থেকে ঘাস কেটে তা বেচে বাড়ি ফিরেছি।’জীবনসংগ্রামের কথা এভাবেই বলছিল লাল্টু মিয়া। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মেহেরপুরের গাংনী উপজেলার লাল্টু।লাল্টুর মতো প্রতিকূল পরিস্থিতি জয় করে সাফল্য পেয়েছে বাগেরহাটের চিতলমারী উপজেলার রুবেল শেখ, পিরোজপুরের কুলসুম আক্তার, ফরিদপুরের বন্যা খানম এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাইবোন মোহাম্মদ সোহেল ও হালিমা আক্তার।প্রসঙ্গত, হতদরিদ্র পরিবারে জিপিএ-৫ পাওয়া মেধাবীদের মধ্য থেকে নির্বাচিত ৫০ জনকে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে। নির্বাচনের ক্ষেত্রে নারী, প্রতিবন্ধী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর বিষয়গুলো বিবেচনা করা হয়।লাল্টু: এক হাতে কাস্তে, অন্য হাতে বই। সংগ্রামী জীবন লাল্টুর। বাবা আবদুল খালেকের সঙ্গে ছোটবেলা থেকে অন্যের জমিতে শ্রম দেওয়া শুরু তার, যা চলছে এখনো। এ অবস্থার মধ্যেই নিজের গ্রাম ভোলাডাঙ্গা তো বটেই, নিজের বিদ্যালয়ের মধ্যেও লাল্টু একাই জিপিএ-৫ পেয়েছে। এই সাফল্যে সবাই যখন তাকে অভিনন্দন জানাচ্ছে, তখন তার চিন্তা, এরপর পড়ার খরচ পাবে কোথায়!ভবিষ্যতে কী হতে চাও? এমন প্রশ্নের জবাবে দৃঢ়প্রত্যয়ী লাল্টু বলে, ‘প্রকৌশলী হয়ে দেশের উন্নয়নে কাজ করতে চাই।’ বাবা বলেন, ‘মাটির ঘর, ছাউনি ভালো না। বর্ষায় পানি পড়ে বলে পাশের বাড়িতে গিয়ে পড়াশোনা করত লাল্টু।’ মা সাহারন নেছার দুশ্চিন্তা, ‘ও যে পড়তি চায়, পড়ার জন্যি পয়সা পাবে কুতায়।’রুবেল: ‘ভ্যান চালায়ে এ প্লাস পায়ছে যে ছেলেডা, তার কথা কচ্ছেন? একটু বসেন, ভ্যান নিয়ে আসপেনে।’ বুধবার দুপুরে খুলনা নগরের বৈকালি মোড়ে গিয়ে রুবেলের খোঁজ করতেই এক পানের দোকানি প্রতিবেদককে এ কথা বলেন। কিছুক্ষণের মধ্যে ভ্যান চালিয়ে সেখানে হাজির হয় রুবেল। গরমে তার শরীর থেকে তখন ঘাম ঝরছে দরদর করে।ছয় বছর বয়সে মাতৃহারা হয় রুবেল। বাবা আকিরুজ শেখ চালকলের শ্রমিক। কিছুদিনের মধ্যে দ্বিতীয় বিয়ে করেন। চালকলের পাশেই ছাপরাঘরে তাদের বসবাস। সৎমায়ের অভাবের সংসারে থাকা-খাওয়ার কষ্ট বাড়তে থাকায় চতুর্থ শ্রেণীর ছাত্র রুবেল স্কুল থেকে ফিরে রাত পর্যন্ত রিকশাভ্যান চালানো শুরু করে। তবে ছোট বলে বেশি দূরে যেতে পারত না। কাছাকাছি থেকেই দু-তিনজন করে যাত্রী আনা-নেওয়া করে যা পেত, তাই মায়ের হাতে তুলে দিয়ে পড়তে বসত।‘শুধু ভ্যান চালানো নয়, খাওয়া ও পড়ার খরচ জোগাতে কখনো রাজমিস্ত্রির সহকারী, কারও ধান ভাঙানো শেষে মাথায় করে বাড়ি পর্যন্ত দিয়ে আসাসহ নানা কাজ করেছি।’ বলল রুবেল।রুবেল কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইউসেপ মহসিন খুলনা টেকনিক্যাল স্কুল থেকে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে। চিতলমারীর শৈলদাহ গ্রামের রুবেলের কথা, ‘যত কষ্টই হোক, পড়াশোনা চালিয়ে যাব। ভ্যান চালাতে আমার কোনো সংকোচ নেই। আমাকে তো আর অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে না।’কুলসুম: পঞ্চম শ্রেণী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার পর এবার এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার সাফল্য দেখিয়েছে কুলসুম আক্তার। কুলসুমের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মেদীরাবাদ গ্রামে। বাবা কাঠমিস্ত্রি বজলুর রহমান। অভাবের সংসারে কুলসুমের সাফল্যই যা একটু আনন্দ আনে এই পরিবারে।মেয়ের সাফল্যে মা হোসনেয়ারা বেগম আনন্দিত। তবে জানালেন তাঁর শঙ্কার কথাও। আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘কোনো দিন ভালো কিছু রাইন্দা মাইয়্যাডার সামনে দেতে পারি নাই। অনেক সময় না খাইয়্যা থাকতে অইছে। কুলসুমরে ক্যামনে পড়ামু!’ ব্যবসায় শিক্ষায় পড়াশোনা করা কুলসুম আক্তারের ইচ্ছা একজন সফল ব্যাংকার হওয়া। কুলসুমের শিক্ষক ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ফারুক মিঞা জানান, স্থানীয় দুবাই-প্রবাসী একজনের আর্থিক সহায়তায় কুলসুমসহ আরও পাঁচজনের ফরম পূরণ করা হয়। যাতায়াত ভাতাও তিনিই দেন। তিনি বলেন, ‘সুযোগ পেলে মেধাবী কুলসুম ভবিষ্যতে আরও ভালো করবে বলে আমার বিশ্বাস।’বন্যা: অভাবের সংসারে তিনবেলা খাবার জোটে না। তাই খালা সাফিহা বেগম বন্যার ভরণ-পোষণের ভার নেন। সেই খালাও অন্যের বাড়িতে কাজ করেন। কাজ শেষে আনা ভাত ভাগ করে খেতে হয় দুজনকে। কোনো কোনো দিন উপোসও থাকতে হয়। এমন পরিস্থিতিও দমাতে পারেনি বন্যাকে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ইকড়াইল গ্রামের ভ্যানচালক পান্নু মোল্লার মেয়ে বন্যা এবার স্থানীয় খায়রুন নেছা মেমোরিয়াল ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে।পাড়াগাঁয়ে সব সময় যাত্রী মেলে না বলে পান্নু মোল্লাকে মাঝে মাঝে ভ্যান বাদ দিয়ে অন্য কাজও করতে হয়। খালা সাফিহা বেগমই বিভিন্নজনের কাছ থেকে সহায়তা নিয়ে বন্যার পড়ার খরচ জোগাড় করেছেন। বন্যার পরীক্ষার ফল প্রকাশের কিছুদিন আগে সাফিহা বেগমের বিয়ে হয়েছে।পান্নু মোল্লা বলেন, মেয়ে আরও পড়াশোনা করুক, এটা তাঁর মনে-প্রাণে চাওয়া। কিন্তু খরচ আসবে কোথা থেকে, সেটাই চিন্তার বিষয়।কুলসুমের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসতাক হোসেন বলেন, ‘এই বিদ্যালয় থেকে আরও চারজন জিপিএ-৫ পেয়েছে। তাঁরাও হতদরিদ্র পরিবারের। একটু পৃষ্ঠপোষকতা পেলে বন্যাসহ সবাই যে অনেক দূর যাবে, সে ব্যাপারে আমি নিশ্চিত।সোহেল ও হালিমা: সোহেল ও হালিমা দুই ভাইবোন। বাবা গত হয়েছেন আগেই। মা রোকেয়া বেগম অন্যের বাড়িতে কাজ করে তাদের পড়ার খরচ জুগিয়েছেন। চট্টগ্রামের পটিয়া উপজেলার ভেলুয়াপাড়া গ্রামের এই ভাইবোন এবার স্থানীয় এস এ নূর বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে দুজনেই জিপিএ-৫ পেয়েছে।‘কষ্টের কথা বলে শেষ করা যাবে না।’ বলছিল হালিমা। যেকোনো অবস্থায় পড়াশোনা চালিয়ে যেতে আগ্রহী হালিমা ভবিষ্যতে শিক্ষক হতে চায়।অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল সোহেল। এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার অনুভূতি জানতে চাইলে সোহেল জানায়, ‘ভালো লাগছে। আমাদের গ্রামে কেউ এই সাফল্য দেখাতে পারেনি।’ এই সাফল্যে অনেকেরই অবদানের কথা উল্লেখ করে বিশেষ কৃতজ্ঞতা জানায় তার বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিবেশী রোটারিয়ান এ বি এম জিয়াউদ্দিনের প্রতি। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখে সোহেল। কিন্তু পড়াশোনার খরচ জুটবে কোথা থেকে—সেই চিন্তা হলেই স্বপ্ন ফিকে হয়ে যায়। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন পান্না বালা, ফরিদপুর, আরিফ মোস্তাফা, পিরোজপুর, কাজী আবদুল্লাহ, খুলনা, তুহিন আরণ্য, মেহেরপুর, আবদুর রাজ্জাক, পটিয়া (চট্টগ্রাম)]