যাদের স্বজন হারিয়ে যায়—তারাই বোঝে এর বেদনা।বছর ঘুরে আসছে বিডিআর হত্যাকাণ্ডের সেই কালো দুই দিন ২৫-২৬ ফেব্রুয়ারি।প্রিয়জন হারানো পরিবারগুলো এখনো পার করছে অশ্রুসজল প্রতিটা দিন। এই বেদনা, এই কষ্ট শেষহওয়ার নয়।স্বজন হারানো পরিবারের বেদনার বয়ান নিয়ে আজকের নারীমঞ্চ
যেন চোখের জলে ভেজা এক দলিল
‘যেখানে চোখ ছিল, সেখানে অন্ধ গোলক যেখানে গোলাপ ছিল, সেখানে নিঃশ্বাসের অস্থি।যেখানে চরণ ছিল, সেখানে শুকনো পাতা...’শহীদ কর্নেল মো. মুজিবুল হককে নিয়ে স্মৃতিগাথার শেষ চরণ এমনই। আছে বিয়ের ১১ বছর পর সন্তানের মুখ দেখা বাবা মেজর মোহাম্মদ মাকসুম-উল হাকিমের কথা। এত প্রতীক্ষিত সন্তানকে তিন মাস দুই দিনের রেখে যে বাবাকে চলে যেতে হলো পৃথিবী ছেড়ে, তাঁর কথা। সন্তানের মুখে বাবা ডাক শোনা হলো না মেজর মাকসুমের। কর্নেল মুজিব, মেজর মাকসুমসহ আরও ৫৭ জনকে নিয়ে পরিবারের স্মৃতি গ্রন্থিত হয়েছে শ্রদ্ধাঞ্জলি প্রকাশনায়। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০০৯। ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যার ঘটনার এক বছর। এই মর্মান্তিক হত্যাকাণ্ডে শহীদ হন ৫৭ জন সেনা কর্মকর্তা, একজন সুবেদার, একজন সৈনিকসহ তিনজন বেসামরিক ব্যক্তি। ৫৯ জন বীর সেনানীর জীবনকাহিনি, জীবনধারার সংকলন শ্রদ্ধাঞ্জলি। মেজর জেনারেল শাকিল আহমেদ থেকে শুরু করে সৈনিক মো. জহিরুল ইসলাম পর্যন্ত ৫৯ জনের পরিচিতি, কর্মতত্পরতা, পাবিরারিক জীবনের নানা ছবিসহ বর্ণনা। সংকলনটি প্রকাশ করেছে কর্নেল মুজিব পরিবার। প্রকাশিত হয়েছে কর্নেল মুজিব ট্রাস্ট থেকে। গত ২০ ফেব্রুয়ারি কর্নেল মুজিবুল হকের স্ত্রী নেহ্রীন ফেরদৌসীর সঙ্গে কথা হয় ঢাকার গুলশানে কর্নেল মুজিবের ভাই ইমামুল হকের বাসায়। তিনি জানান শ্রদ্ধাঞ্জলি বইটি প্রকাশের উদ্যোগের কথা।‘মুজিব সব সময় চাইত সবাইকে নিয়ে কাজ করতে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ঘিরেই ওর সবকিছু। আমার এবং সন্তানদের অভিযোগ ছিল যে ও আমাদের সময় দেয় না। তখন বলত, এপ্রিলে অবসর নেওয়ার পর সবটুকু সময় তো তোমাদের জন্যই। এপ্রিলের ৩ তারিখ ছিল ওর জন্মদিন। পরিকল্পনা ছিল, ৩ তারিখেই চাকরি থেকে অবসর নেবে এবং জন্মদিনটা খুব বড় অনুষ্ঠান করে পালন করবে।একটা বড় অনুষ্ঠান হলো ওকে ঘিরেই। ছিল না শুধু ও। জন্মদিনের অনুষ্ঠানের বদলে করতে হলো চেহলাম।’ আবেগতাড়ির কণ্ঠ নেহ্রীন ফেরদৌসীর। ওড়নার কোনায় চোখ মুছতে মুছতে বললেন, ‘চেহলামের আগে মুজিবের ভাই, আত্মীয়রা উদ্যোগ নেয় তাঁকে নিয়ে একটি বই বের করার। পরবর্তী সময়ে ভাবা হয় শুধু একজন নয়, বাকি যাঁরা শহীদ হয়েছেন, সবাইকে নিয়ে বের হবে একটি সংকলন। ব্যক্তিগত আবেগ-অনুভূতির মিশ্রণে যেখানে থাকবে ৫৯টি পরিবারের কথা। এ উদ্যোগ বস্তুগত কিছু নয়, এটি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে একটি অবিনশ্বর দলিল।’এই প্রকাশনা বীর সেনাদের স্মৃতিময়ফটো অ্যালবাম। বইটিতে জীবদ্দশায় শহীদদের সাহসী কর্মকাণ্ড, বিভিন্ন মিশনের সাফল্য, শিক্ষাজীবন, কর্মক্ষেত্রের বর্ণনা তো আছেই; পরিচয় ঘটানো হয়েছে তাঁদের চিন্তা, চেতনার ও নৈতিকতার সঙ্গে। আরও জানা যায় তাঁদের ব্যক্তিজীবন, যেখানে তাঁরা স্নেহশীল পিতা, স্নেহাস্পদ পুত্র, যত্নশীল ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং প্রিয়তম স্বামী। সবার টুকরো টুকরো অশ্রুমাখা আবেগের সংকলন এই বই। শ্রদ্ধাঞ্জলি বইটিতে মেজর মো. মিজানুর রহমানকে নিয়ে এক অংশে আছে মাতৃহীন সামী-রামীর কথা। বিডিআর হত্যাকাণ্ডে নিহত হওয়ার আট মাস আগে মেজর মিজানুর রহমানের স্ত্রী রেবেকা ফারজানা রোজী মারা যান। আট মাসের মাথায় ১২ বছরের সামী ও চার বছরের রামী তাদের বাবাকেও হারায়।মেজর মোস্তফা আসাদুজ্জামানের স্বপ্ন ছিল, মেয়েকে গান শেখাবেন। সকালবেলা মেয়ে সুহা রেওয়াজ করবে আর বাবা পাশে বসে পত্রিকা পড়তে পড়তে চা খাবেন। সেই স্বপ্ন আর পূরণ হলো না। বাবা-মেয়ে একই রঙের পোশাক পরতেন। পৃথিবীর ও-প্রান্ত থেকে এখন কি তিনি বলতে পারবেন, তাঁর মেয়ে সুহা এখন কার সঙ্গে পোশাকের রং মিলিয়ে পরবেন?কথা ছিল, বিডিআর সপ্তাহের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আলট্রাসনোগ্রাম করে দ্বিতীয় সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা দেখে শিশুর নাম ঠিক করবেন। সেই নাম আর রাখা হয়নি মেজর মুহাম্মদ মোশারফের। তাঁর শিশু সন্তান পৃথিবীর আলো দেখার আগে চিরবিদায় নেন তিনি। বাবা দেখতে পারেননি কাঙ্ক্ষিত অনাগত শিশুর মুখ, শিশুসন্তানও পেল না জীবন্ত বাবাকে। শৈশব থেকে দুই সন্তানের কাছে বাবা হয়ে উঠলেন শুধু ফ্রেমে বাঁধা মুখ।‘শত্রুর হাতে মৃত্যু হলে আমি নিজে এসে ওর বীরগাথা, দেশপ্রেমের কথা আপনাদের বলতাম। কিন্তু এ হতভাগা দেশে নিজের মানুষের হাতে প্রাণ দিতে হয় যাঁদের, তাঁদের জন্য কিছু করতে হবে না আপনাদের।’ অভিমানমাখা এ কথার পর এই সংকলনের জন্য আর কোনো কথা বলেননি মেজর মুস্তাক মাহমুদের স্ত্রী শাহপার খান।স্ত্রী, সন্তান আর দেশকে নিয়ে কিছু স্বপ্ন ছিল কর্নেল গোলাম কিবরিয়ার। স্বপ্ন পূরণের আগেই হারিয়ে গেলেন তিনি। স্ত্রী-সন্তানের পারিবারিক ছবিসহ আছে তাঁরও স্মৃতিচারণা।চট্টগ্রামে বিডিআরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন কর্নেল মোহাম্মদ আখতার হোসেন। বিডিআর সপ্তাহ শেষে ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে ফিরে যাওয়ার রিটার্ন টিকিট করা ছিল। রিটার্ন টিকিটে ফিরতে পারেননি কর্নেল আখতার। পরিবর্তে তাঁর পরিবার পায় গুলি খাওয়া রক্তমাখা শরীর। আছে ক্যাপ্টেন মো. মাজহারুলের কথা, মৃত্যুর ৮২ দিন আগে যিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। রেখে গেছেন নববধূ নুসরাত নূরকে। এ রকম স্মৃতি হয়ে আছে ৫৯ জনের ৫৯ রকমের দুঃখগাথা। অ্যালবাম আকৃতির এই প্রকাশনায় স্মৃতিচারণার সঙ্গে আছে অসংখ্য ছবি। ছবিতে মানুষগুলো জীবন্ত, বাস্তবে নয়। বাস্তব এখন শুধু শোকের। স্মরণের। তবে স্মৃতিগুলো এখনো জীবন্ত, অমলিন।সংকলনটি প্রকাশ করার উদ্যোগ গ্রহণ থেকে শুরুতেই দেখা যায় নানা বাধাবিপত্তি। সেই সব বাধা-বিপত্তি, সেই সময়ের নানা সমস্যার কথাগুলো বললেন কর্নেল মুজিবের ভাই জাতিসংঘের কর্মকর্তা ইমামুল হক। তিনি বললেন, ‘আমরা এমন সময়ে বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছিলাম, যখন প্রতিটি পরিবার ছিল বিধ্বস্ত। সেই সময়ে তাদের কাছে কোনো প্রকাশনার জন্য তথ্য চাওয়াটা ভালো দেখাচ্ছিল না। শোকে মূহ্যমান পরিবারের কাছে এটা তখন পরিহাস। তার পরও আমরা আপ্রাণ কাজ করে গেছি। প্রতিটি পরিবারে গিয়ে শুনেছি তাদের কথা। দেখেছি তাদের পারিবারিক শোক। কষ্টে বারবার বুক ভেঙে যায়, তার পরও যাই অন্য আরেক শহীদের বাসায়। কারও পরিবারের সদস্য আবেগাপ্লুত হয়ে কথা বলেন। কেউ বা বলতে চান না কিছুই। তাঁরা বলেন, কী হবে আর বলে? সংকলন বের করে? আমরা কি ফিরে পাব প্রিয়জনকে? প্রিয়জনকে ফিরে পাবে না কেউ, তবে এই সংকলন দলিল হয়ে রবে। সংকলনটি প্রকাশ হওয়ার পর সবার পরিবারের সদস্য আবেগাপ্লুত এটা নিয়ে।’গুলশানে কর্নেল মুজিবের ভাইয়ের বাসায় লোডশেডিংয়ের সন্ধ্যায় মোমের আলোয় বসে আছেন নেহ্রীন ফেরদৌসী। অশ্রুজলে সিক্ত মুখে ধীরে ধীরে বলেন, ‘আমাদের সন্তানদের কাছে বাবা তো এখন ফ্রেমে বন্দী ছবি। বাবার সঙ্গে শহীদ হওয়া অন্য পরিবারগুলোকে তুলে ধরতে চেয়েছি পরবর্তী প্রজন্মের কাছে। পরবর্তী প্রজন্ম যেন এই দলিল থেকে বুঝে নেয় তার বাবাকে। একটা সময় এই সংকলনই হবে তাদের বুকে আগলে রাখা অ্যালবাম।’বইটি পাওয়া যাবে ঢাকায় আজিজ সুপার মার্কেটের প্রথমা, প্রকাশন ও পাঠক সমাবেশে। গুলশানের বইবিচিত্রা, পুরাতন বিমানবন্দরের বুকওয়ার্ম এবং হলমার্কের সব শাখায়।