যেন টাকাখেকো সড়ক!
মুন্সিগঞ্জের বাসযাত্রী রহিমা খাতুন প্রায় অজ্ঞান হয়ে পড়েছেন। বাসের ঝাঁকুনিতে তাঁর শিশুসন্তান রকিব আর কাজের মেয়ে আকলিমা একই সঙ্গে বমি করছে। কে কাকে দেখবে?নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটী থেকে মুন্সিগঞ্জ মুক্তারপুর সেতু পর্যন্ত মাত্র আট কিলোমিটার পথ পাড়ি দিতে গিয়ে প্রতিদিন এভাবে অসুস্থ হয়ে পড়ছে অনেকেই। ঢাকা-নারায়ণগঞ্জের শত শত বাস চলে এই পথে। সব বাসেই এমন দুর্দশা।সড়কটির এমন অবস্থা হয়েছে যে বৃষ্টি হলে কাদা-পানিতে তলিয়ে থাকে। আর রোদে শুকিয়ে ধুলার সড়কে পরিণত হয়। ২৭ অক্টোবর সরজমিন পঞ্চবটী থেকে মুক্তারপুর সেতু (বাংলাদেশ-চীন ষষ্ঠ মৈত্রী সেতু) এলাকা ঘুরে সড়কটির এমন নাজুক অবস্থা চোখে পড়ে।পঞ্চবটীর পর শাসনগাঁও থেকে এনায়েত নগর, বিসিক, বেপারিপাড়া, ভোলাইল বাজার, কাশিপুর মধ্যপাড়া, হাটখোলা, গোপন নগর, চর সৈয়দপুর আট কিলোমিটার পথে পড়া বিভিন্ন এলাকার প্রায় সর্বত্রই রাস্তার করুণ দশা। ফতুল্লার শাসনগাঁও এলাকায় থেমে থাকা একটি বাসের দীঘিরপাড়ের যাত্রী আবদুস সবুর বললেন, এখন তো তবু লাফিয়ে লাফিয়ে এবং খুব ধীরগতিতে যানবাহন চলছে, রোজার ঈদের আগে যানবাহন চলাচল ছিল প্রায় অসম্ভব। কিছু সড়কে ইটের খণ্ড দেওয়া হলেও এখনো অনেক এলাকায় বড় বড় গর্ত। বৃষ্টি হলে পানি আর কাদায় অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে।আগস্টে কিছু বালু আর ইটের খণ্ড দিয়ে রাস্তার ভাঙা অংশ আর গর্ত ভরাট করা হয়েছে। বৃষ্টিতে বালু ধুয়ে গেছে। আর ইটের খণ্ডগুলো রাস্তাকে করে দিয়েছে উঁচু-নিচু। এ অবস্থায় বাস চলে এঁকেবেঁকে, হেলেদুলে। চলতে গিয়ে বাসযাত্রীদের মনে হয়, এই বুঝি কাত হয়ে পড়ে যাবে। চোখের সামনেই দেখা গেল, শাসনগাঁও এলাকায় একটি অটোরিকশা উল্টে আহত হলো দুই যাত্রী।শাসনগাঁওয়ের একটি মনিহারি দোকানের কর্মচারী কুদ্দুস জানান, তাঁর বাড়ি মুক্তারপুর সেতুর কাছে। বাসযোগে ১৫ মিনিটের পথ পেরোতে এখন সময় লাগছে কমপক্ষে এক ঘণ্টা। এ অবস্থার মধ্যেই ওই সড়কে চলাচল করে মালবাহী ট্রাক বা কনটেইনার।হাতবদল ও খরচের বহর: মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদীর ওপর তিন বছর আগে চালু মুক্তারপুর সেতু পর্যন্ত পুরো সড়কটির রক্ষণাবেক্ষণের কর্তৃপক্ষ আগে ছিল সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বছর খানেক আগে হাতবদলে কর্তৃত্ব যায় সেতু বিভাগের হাতে। বর্তমানে রাস্তা মেরামতের দায়িত্ব পড়েছে সেনাবাহিনীর হাতে।মাঝেমধ্যে ছোটখাটো জোড়াতালির কাজ ছাড়া পুরো সড়কে কবে ভালো কাজ হয়েছে, তা মনে করতে পারেননি বিভিন্ন স্থানের দোকানি বা বাসিন্দারা। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তেমন একটা কাজ হয়নি, এমন কথা বলেছেন অনেকেই। কিন্তু বিভিন্ন কর্তৃপক্ষ খরচ করেছে বড় অঙ্কের টাকা। মুক্তারপুর সেতু এলাকায় সেতু বিভাগের কার্যালয়ের কর্মকর্তাদের হিসাবমতে, গত এক বছরে প্রায় এক কোটি ৩০ লাখ টাকা খরচ করা হয়েছে। এর মধ্যে গত ঈদের আগে রাস্তার গর্ত ভরাটে খরচ হয়েছে ৩০ লাখ টাকা। আর গত ডিসেম্বরে সড়কের দায়িত্ব হস্তান্তরের আগের প্রায় এক বছরে সওজ সড়ক মেরামতে কোটি টাকার ওপর খরচ করেছে বলে পুরোনো ফাইল থেকে তাঁরা জানতে পারেন।খরচের সঙ্গে বাস্তবের অমিল: প্রায় দুই বছরে খরচ হয়েছে দুই কোটি ৩০ লাখ টাকা। কিন্তু খানাখন্দে বালু, ইট বা খোয়া ফেলা ছাড়া পিচ ঢালা বা কার্পেটিং করার মতো বড় কাজ হয়নি। এলাকা ঘুরে খরচের সঙ্গে বাস্তব অবস্থার সংগতিও খুঁজে পাওয়া যায়নি। শাসনগাঁও মোড়ে অনেকখানি পথজুড়ে ইটের বড় বড় খণ্ড দেখা যায়।কিছু দূরে এনায়েত নগর এলাকায় রাস্তার মাঝখানে এখনো শোভা পাচ্ছে বড় ধরনের গর্ত। গত ২৭ অক্টোবর দুপুরে ছবি তুলতে গেলে মালবোঝাই ঠেলাগাড়ি হঠাৎ থামিয়ে চালক আবদুল্লাহ বলে ওঠেন, ‘ছবি তুইলা কী হইব, বহুত দেখছি। কোনো কাজ হয় না।’ভোলাইল বাজার এলাকায় সড়কের ধুলা তাড়াতে দুই পাশের দোকানগুলো থেকে রাস্তায় পানি ফেলার পর এখন এমন অবস্থা হয় যে উঁচু-নিচু রাস্তায়ও যানবাহন পিছলে যায়।কাশিপুরে একটি করুণ দৃশ্য দেখা যায়। একটি রিকশায় বস্তাভর্তি ভাঙ্গারির মাল তোলার পর মালিক রিকশার সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছিলেন। বড় বড় গর্ত পাড় হতে গিয়ে বারবার রিকশা থেকে পড়ে যাচ্ছিল বস্তা।কাশিপুর মধ্যপাড়ায় সম্রাট সিনেমার পাশে পুরো সড়কে গর্ত। লোডশেডিং হলে সিনেমা দেখতে আসা দর্শকেরা পড়েন বিপাকে। কারণ এই রাস্তা ধরে হাঁটা যায় না। কাশিপুর গোপন নগর এলাকার সড়ক কিছু দূর পর পর ভাঙাচোরা। একজন দোকানি রব্বানী বলেন, ‘মেরামতের নামে বারবার ট্যাকা খরচের খবর পাই, ফল ত পাই না।’ সৈয়দপুর ফকিরবাড়িতে রাস্তায় ইটের খণ্ড ছাড়া কিছু আর দেখা যায় না।মুক্তারপুর সেতুর টোল আদায়কারী (কোষাধ্যক্ষ) মো. জহির হাসান বলেন, সড়কের কারণে গাড়ির সংখ্যা কমে গেছে। প্রতিদিন লোকসান হচ্ছে। গাড়ি এখান দিয়ে না এসে ঢাকা-মাওয়া মহাসড়কে হয়ে সিরাজদিখান উপজেলার নিমতলী দিয়ে ঘুরে যাচ্ছে। রোজার ঈদের তিন মাস আগে থেকেই সড়কটি চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ে বলে তিনি জানান। সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে সড়কটির দায়িত্ব সেনাবাহিনীর হাতে দেওয়া হয়। ঈদের আগেই তারা কাজ শুরু করবে। সড়ক ছাড়াও দুই পাশে নর্দমা তৈরির কাজের জন্য মোট বাজেট হচ্ছে ১৫ কোটি টাকা।