যেন টি-টোয়েন্টি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দিন শেষেওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৫৫বাংলাদেশ ১ম ইনিংস: ২০৪/৭তীব্র গতির সামনে ব্যাটসম্যানদের চিন্তাভাবনা কি এলোমেলো হয়ে যায়?হ্যাঁ, ইয়ান বিশপ এমন হতে দেখেছেন। নিজের পিঠই শত্রু হয়ে দাঁড়ানোর আগ পর্যন্ত এই ত্রিনিদাদিয়ান ছিলেন তাঁর সময়ের দ্রুততম বোলার। গতিঝড়ের সামনে ব্যাটসম্যানদের স্বয়ংক্রিয়ভাবে ব্যাট বাড়িয়ে দিতে দেখেছেন অনেকবারই। কাল মিরপুর স্টেডিয়ামে ফিদেল এডওয়ার্ডসের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও কি সেই মানসিক বৈকল্য দেখা দিল?এডওয়ার্ডসের গতিঝড় এবং সেটির সামনে বাংলাদেশের ব্যাটসম্যানদের পাগলামি দেখে বিশপ কথাটা বলেননি। কাল চা-বিরতির পর এই প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতায় সত্যিকার ফাস্ট বোলিং ব্যাটসম্যানদের মনোজগতে কী ঝড় তোলে, এই প্রসঙ্গে ওই ব্যাট বাড়িয়ে দেওয়ার কথাটা। যেটিকে বাংলাদেশের ওই পাগুলে শুরুর সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা বলেও মনে হলো।কোনো কিছুর ব্যাখ্যা খুঁজতে মনোজগৎ-টগৎ নিয়ে টানাটানি কখন হয়? যখন যুক্তিগ্রাহ্য কোনো ক্রিকেটীয় ব্যাখ্যা পাওয়া যায় না। টপ-অর্ডারের ব্যাটিংটা যে এমনই ব্যাখ্যাতীত হয়ে থাকল। ওয়েস্ট ইন্ডিজ করেছে ৩৫৫। টেস্ট ম্যাচের প্রথম ইনিংসের স্কোর হিসেবে যথেষ্টই বড়। বিন্দুমাত্র ঝুঁকি না নিয়ে ভালো একটা ভিত্তি গড়াই যেখানে একমাত্র ধ্যানজ্ঞান হওয়ার কথা, সেখানে কিনা টি-টোয়েন্টির ব্যাটিং! তামিম-ইমরুল-শাহরিয়ারদের সাঁই-সাঁই করে ব্যাট চালানো দেখে কারও মনে হতেই পারত, ওয়েস্ট ইন্ডিজের ৩৫৫ বোধ হয় এদিনই টপকে যাওয়ার কোনো ব্যাপার আছে।১০ ওভার শেষে বাংলাদেশের রান ৬০। খুব ভালো কথা। কিন্তু টেস্ট ম্যাচে এমন হংকং সিক্সেসের খেলা খেললে যা হওয়ার কথা, সেটিও যে হয়ে গেছে। উইকেট পড়ে গেছে ৫টি। ১১টি চারও হয়ে গেছে! বাউন্ডারির পর বাউন্ডারি হচ্ছে, পড়ছে উইকেটের পর উইকেট—মিরপুরে যেন চলছে মহোৎসব! এর মধ্যে ইমরুল কায়েস আবার একটা ছক্কাও মেরে দিলেন! বাহ্ বা! মাঠের মাঝখান থেকে চোখ সরানোর উপায় নেই। যেন টেলিভিশনে দেখানো ম্যাচের হাইলাইটস মাঠে বসে দেখছেন দর্শকেরা!ইমরুল ও শাহরিয়ার ওটুকু সময়ের মধ্যেই দুটি ইনিংস খেলে ফেলতে সক্ষম হলেন। গালিতে দুজনেরই ক্যাচ পড়ল। স্যামুয়েলসের সৌজন্যে বেঁচে গিয়ে উল্টো চার পেয়ে গেলেন ইমরুল। শাহরিয়ারের যে ক্যাচটি ফেললেন কার্ক এডওয়ার্ডস, সেটি ধরার চেয়ে না ধরতে পারাই বেশি কঠিন ছিল। কোথায় ইমরুল-শাহরিয়ার একটু সাবধান হবেন, উল্টো ‘আমি কি ডরাই সখী ভিখারি এডওয়ার্ডসে’ বলে অব্যাহত তাঁদের মহাবিক্রম!এখানে ‘এডওয়ার্ডস’ কার্ক নন, ফিদেল। টানা ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে ক্যারিয়ারে একাদশতম বারের মতো ইনিংসে ৫ উইকেট। তবে এত কম ঘাম ঝরিয়ে যে ইনিংসে ৫ উইকেট পাওয়ার মতো অর্জন সম্ভব, ফিদেল এডওয়ার্ডসের আগে জানা ছিল না। মাত্র ২৯ বলে ওই ৫টি উইকেট। টেস্ট ইতিহাসে এর চেয়ে কম বল করে ৫ উইকেট পাওয়ার ঘটনা আছে মাত্র চারটি। কোনোটিই ইনিংসের শুরুতে নয়। আর্নি টোশাক (১৯), হিউ ট্রাম্বল (২৩) এবং জ্যাক ক্যালিস ও হরভজন সিং (২৭) ইনিংসের মাঝখানে হঠাৎ ধ্বংসযজ্ঞে মেতে উঠেছিলেন। শুরুতে যে হয়নি, তার একটাই ব্যাখ্যা—নতুন বলকে একটু সম্মান দেখানো ক্রিকেটের আদ্যিকাল থেকে চলে আসা দাবি।ফিদেল এডওয়ার্ডস দিন শেষে সংবাদ সম্মেলনে এসে আনন্দিত কণ্ঠে জানালেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের এত শট খেলতে দেখে তাঁর বড়ই ভালো লেগেছে। যত বেশি শট, তত বেশি উইকেট পাওয়ার সুযোগ। পরিস্থিতির দাবি জেনেও টপ-অর্ডারের অমন পাগুলে ব্যাটিংয়ের ব্যাখ্যা কি তাহলে গতিতে এলোমেলো হয়ে যাওয়া! এটা একটা ব্যাখ্যা, আবার এটাও ব্যাখ্যা নয়। এমন গতিময় বোলিং কি আগে খেলেননি নাকি তামিমরা!কারণ যা-ই হোক, ব্যাখ্যাতীত ওই ব্যাটিংয়ের কারণেই ফলোঅনের শঙ্কাটা পর্যন্ত মুহূর্তের জন্য উঁকি দিয়ে গেল। সাকিব ও নাঈমের ৮৪ রানের জুটিতে তা থেকে পরিত্রাণ। ফলোঅন এড়ানো অবশ্য এরপর নাঈম ও নাসিরের ৫২ রানের জুটিতে। যেটির শেষ ছেলেমানুষি রানআউটে নাঈমের বিদায়ে।সাকিবও আক্রমণকেই প্রতিরক্ষার সেরা উপায় ভেবেছেন। মাত্র ৪৬ বলে তাঁর ফিফটি, বিশুর বলে বোল্ড হওয়ার আগে ৭৪ বলে ৭৩। তবে ততক্ষণে তো বল আর লাল টকটকে নয়, আক্রমণে গতিময় এডওয়ার্ডস-রোচের বদলে স্যামির মিডিয়াম পেস ও বিশুর লেগ স্পিন।সেঞ্চুরিটা হলে সাকিবের দিনটা সর্বাঙ্গীণ সুন্দর হতো। সকালে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ উইকেটের চারটিই তুলে নিয়ে ক্যারিয়ারে অষ্টমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশিবার এই কীর্তি গড়ায় ছাড়িয়ে গেছেন আরেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে। কাকতালীয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ করেছেন দুই এডওয়ার্ডস—কার্ক ও ফিদেলকে আউট করে।ব্যক্তিগত অর্জনের দৃষ্টিকোণ থেকে এটি সাকিবেরই দিন। কিন্তু ক্রিকেট তো শেষ পর্যন্ত ব্যক্তির সীমানা ছাড়িয়ে দলের প্রাপ্তি-অপ্রাপ্তি হিসাব করতে বসে। সেই বিবেচনাতেই দিনটি আর সাকিবের না হয়ে ‘দুই এডওয়ার্ডস’-এর।গত জুলাইতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি দিয়ে ক্যারিয়ার শুরু কার্ক এডওয়ার্ডসের। সেঞ্চুরির চেয়ে সেঞ্চুরি-উত্তর সংবাদ সম্মেলনটাও কম আলোচিত ছিল না। যেখানে বারবাডোজের তরুণ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট নিয়ে নেতিবাচক কথাবার্তায় বিরক্তি প্রকাশ করে প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছিলেন, ‘লোকে যত বলে “আমি পারব না”, আমি ততই বলি “আমি পারব”। মানুষকে ভুল প্রমাণ করাতেই আমার আনন্দ।’ টেস্ট ক্রিকেটে পাঁচ ইনিংসে দ্বিতীয় সেঞ্চুরি—কার্ক এডওয়ার্ডস সেই পথেই আছেন।ম্যাচের অবস্থাটা দিয়েই শেষ করা যাক। শেষ ৩ উইকেট হাতে নিয়ে বাংলাদেশ এখনো ১৫১ রানে পিছিয়ে। চট্টগ্রাম টেস্টের সঙ্গে অদ্ভুত মিল! ৪ উইকেটে ২৫৫ রানে প্রথম দিন শেষ করা বাংলাদেশের প্রথম ইনিংস ছিল ৩৫০ রানের। পরে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৪ রানে শেষ করে দিয়ে ১০৬ রানের লিড। এখানে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ২৫৩। প্রথম ইনিংস ৩৫৫ রানের। প্রথম ইনিংসে দুই দলের ব্যবধানটা একই রকম হওয়ারও প্রবল সম্ভাবনা।পার্থক্য হলো, চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনে একটি বলও হয়নি। যতই মিল থাকুক, শেষটা যে মিলবে না, সেটি তাই বলাই বাহুল্য। চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে প্রবল বিক্রমে ফিরে এসেছিল ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা। এখানে বাংলাদেশের ক্ষেত্রেও সেটির পুনরাবৃত্তির আশা করা ছাড়া এখন আর কী-ই বা করার আছে!