আজ বিবিএস প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশিত হলো। পরীক্ষার্থী শিউলি (ছদ্মনাম) জানতে পারলেন তিনি ফার্স্ট ক্লাস পেয়েছেন। এতে কোথায় তিনি উচ্ছ্বসিত হবেন, কিন্তু না, তাঁর চোখ ভেঙে কান্না পাচ্ছে। তাঁর আজকের এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে কত যে দুর্বিষহ যন্ত্রণা ও দুর্ভোগ, তা সবারই অজানা। শিউলির বিয়ে হয়ে যায় এইচএসসি পরীক্ষার আগেই। শিউলির যে পরিবারে বিয়ে হয়, তাদের কাছে পড়াশোনার কোনো মূল্যই নেই। স্বামীর কাছ থেকেও পাননি কোনো প্রকার সহযোগিতা। তার পরও শিউলির পড়াশোনার প্রতি আগ্রহ একবিন্দুও কমেনি। এর মধ্যে তাঁর প্রথম সন্তান পৃথিবীর মুখ দেখে। স্বামী, সন্তান, পরিবারের সদস্য ও ঘরের সব কাজ একাই সামাল দিয়ে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নেন। বাণিজ্য বিভাগ থেকে ভালো ফলাফল করে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। তাঁর স্বামী চান না তিনি আর পড়াশোনা করুক। কিন্তু শিউলি তাঁর সিদ্ধান্তে অনড়। বহু বাধাবিপত্তি সত্ত্বেও তিনি বিবিএসে ভর্তি হন। এর কিছুদিন পরই তাঁর কোলজুড়ে জন্ম নেয় এক কন্যাসন্তান। এখন শিউলির মনে শঙ্কা জাগে, তাঁর কন্যার জীবনেও কি ঘটবে এমনই কোনো ঘটনার পুনরাবৃত্তি?এভাবেই নারীরা শত প্রতিবন্ধকতা সত্ত্বেও শিক্ষার আলোয় আলোকিত করতে চান তাঁদের জীবন। কিন্তু তাঁদের এই সোনালি ভবিষ্যত্ গড়ে তোলার প্রয়াসকে নিভিয়ে দিচ্ছে কিছু অবিবেচক মানুষ। শিউলি ও নাম না-জানা এসব বোনের জন্য রইল আমার শুভ কামনা।মারজান আক্তার, ফেনী সরকারি কলেজ।