যেন ফিরে আসছে ছিয়াশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মানুষ কতটা বুঁদ হয়ে বিশ্বকাপ উপভোগ করে, গত বিশ্বকাপের সময় নিজের চোখেই দেখেছি। তখন আমি বাংলাদেশ ফুটবল দলের কোচ। তারপর আবাহনীর কোচ হিসেবে কিছুদিন ছিলাম। তখনো দেখেছি, ফুটবলের প্রতি সেখানকার মানুষের ভালোবাসা কত বেশি।আর যদি আসে ম্যারাডোনা...আর্জেন্টিনা প্রসঙ্গ...তাহলে তো কথাই নেই! বাংলাদেশের মানুষের এই দুটো নাম খুব পছন্দ বলেই জানি। আরেকটি বিশ্বকাপ যখন দুয়ারে দাঁড়িয়ে, সেই ভালোবাসার প্রকাশটা নিশ্চয়ই এখন তুঙ্গে।আর্জেন্টিনার যে কী অবস্থা সেটা তো অনুমান করতেই পারছেন। এবার রেকর্ডসংখ্যক জায়ান্ট স্ক্রিন বিক্রি হচ্ছে। যেন ফিরে আসছে ছিয়াশি। সেবার বিশ্বকাপের আগে আমাদের দলটার প্রতি কারও আস্থাই ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে আস্থাটা বেড়েছে। এবারও ঠিক একই রকম লাগছে সবকিছু।আর্জেন্টাইন হিসেবে আপনারা আমার কাছে প্রথমেই হয়তো জানতে চাইবেন, আর্জেন্টিনা কি বিশ্বকাপ জিতবে? আমার উত্তরে কোনো আবেগ নেই, নিরেট ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে বলছি; বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে আর্জেন্টিনার। তবে শুধু আর্জেন্টিনাই নয়, সম্ভাবনার তালিকায় রাখতে হবে ব্রাজিল, স্পেন, ইংল্যান্ড আর ইতালিকেও।ভাববেন না, একজন আর্জেন্টাইন হিসেবে আবেগের বশবর্তী হয়েই বলছি, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিততে পারে। এর পেছনে যুক্তিও আছে। আমি তো বলব, এই মুহূর্তে আর্জেন্টিনার আক্রমণভাগ বিশ্বসেরা। এবং বিশ্বসেরা ফুটবলারটিও একজন আর্জেন্টাইন—মেসি। হ্যাঁ, ফুটবল দলীয় খেলা। তবে সেরা আক্রমণ আর সেরা ফুটবলারটি যখন আমাদের, সম্ভাবনা তো থাকছেই।আর্জেন্টিনার রোমেরোর মতো দারুণ একজন গোলরক্ষক আছে। দুই সেন্টার ব্যাকও খুব ভালো—ইন্টারের স্যামুয়েল, বায়ার্নের ডেমিসেলিচ। দুজনই সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ছিল। মাচেরানো বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার এবং ভেরন অন্যতম সেরা কৌশলী খেলোয়াড়। ডি মারিয়া খেলবে বাঁ প্রান্তে। বল নিয়ন্ত্রণ এবং স্কিলে দুর্দান্ত ডি মারিয়া আক্রমণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে। তবে রক্ষণে কিছু সমস্যা রয়ে গেছে। মেসিকে নিয়ে চারদিকে অনেক কথা হচ্ছে। যেকোনো রক্ষণ ভাঙার জন্য মেসি একাই যথেষ্ট। অনেকে ম্যারাডোনার সঙ্গে তুলনা করতে চায় ওর। আমি বলব, ম্যারাডোনার তুল্য মেসি নয়। ম্যারাডোনার একা ম্যাচ জেতানোর সামর্থ্য ছিল। কিন্তু মেসির ম্যাচ জেতাতে সতীর্থদের সমর্থন দরকার। বার্সেলোনার কথাই ধরুন—জাভি-ইনিয়েস্তার মতো সতীর্থ না পেলে এত ভালো ও খেলতে পারত? আর ডিয়োগো (ম্যারাডোনা)? গত ৫ মে তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল। হাইতির সঙ্গে ম্যাচ খেলতে ম্যারাডোনার দল আমার শহরে এসেছিল। এ সময় তাঁর ফিজিক্যাল ট্রেনারসহ হোটেলে এক টেবিলে বসে কফি খেয়েছি। ওই ট্রেনার আমার বন্ধু। ম্যারাডোনাকে অনেক আত্মবিশ্বাসী এবং উত্সাহী মনে হয়েছে। মনে হয়েছে তিনি আমাদের আরেকটা বিশ্বকাপ এনে দিতে পারেন। গুরুত্বপূর্ণ হচ্ছে, খেলোয়াড়দের মান বাছাই করে ডিয়েগো তাদের সেরাটা খুঁজে নিতে পারেন কি না। তিনি ও তাঁর সহকারীদের ওপর আমার আস্থা আছে। তবে একটা কথা আবারও বলি, তাঁর রক্ষণটা একটু নড়বড়েই মনে হচ্ছে। ঘাটতিটা হচ্ছে রক্ষণে জানেত্তির না থাকা। অবশ্যই তাঁর থাকা উচিত ছিল। ডিয়েগোর এই কাজটা পছন্দ হয়নি আমার। তবে এটা কোচের সিদ্ধান্ত এবং এটা মেনে নিতে হবে। যাই হোক, আমার আশা এবং আশীর্বাদ থাকছে আর্জেন্টিনার সঙ্গে।সম্প্রতি ক্যামেরুনে চাকরি শেষ করে এখন আমি বিশ্রামে আছি। সেখানে আমার ক্লাব দল রানার্সআপ হয়েছে। জর্জিয়া, মেক্সিকো ও আর্জেন্টিনায় কাজ করেছি। এখন অপেক্ষায় আছি নতুন চ্যালেঞ্জের।আপনারা বিশ্বকাপ উপভোগ করুন। সবার জন্য শুভকামনা।