২৬ মার্চ থেকে ২৬ মে—পুরোপুরি দুই মাস। মাত্র দুই মাস জীবনের নানা বাঁকের মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশের এভারেস্ট বিজয়ী দ্বিতীয় নারী ওয়াসফিয়া নাজরীনকে। এভারেস্ট অভিযান মোটেও সহজ হবে না, সেটি তিনি জানতেন। কিন্তু জানার সীমাকেও ছাড়িয়ে গেছে বাস্তবতা। গতকাল সোমবার কাঠমান্ডু থেকে এভারেস্ট বেসক্যাম্পে যখন ফোনে কথা হয় ওয়াসফিয়ার সঙ্গে, তখন জানা গেল কতটা বিপৎসংকুল হয়ে উঠেছিল তাঁর এই অভিযান। ফোন ধরেই ওয়াসফিয়া নাজরীন বললেন, ‘মাত্র এসেছি। এখনো কিছু খাইনি। ভীষণ ক্লান্ত।’ এভারেস্ট জয়ের অনুভূতি জানতে চাওয়ামাত্র তাঁর কণ্ঠ উচ্ছল হয়ে ওঠে। হেসে বলেন, ‘২৬ মে ভোর ছয়টা ২৬ মিনিটে এভারেস্ট চূড়ায় উঠেছি (সামিট)। তখন সূর্যোদয় হচ্ছে। আমি এগিয়ে চলেছি চূড়ার পথে। এই অনুভূতি অন্য রকম।’এভারেস্ট চূড়ায় একসঙ্গে আরোহণ করেন ওয়াসফিয়া এবং তাঁর সহযোগী দুই শেরপা নিমা গিরমিং শেরপা এবং দা কুশাং শেরপা। ‘আমরা বসে সূর্যোদয় দেখলাম। চোখ জুড়িয়ে যাচ্ছিল এভারেস্ট চূড়ার সৌন্দর্য দেখে। এই পবিত্র জায়গার চারপাশটা এত সুন্দর। মুগ্ধ হয়ে দেখেছি। ২০-২৫ মিনিট ছিলাম সেখানে।’ বলেন ওয়াসফিয়া। ওয়াসফিয়া ফোনে শোনাতে থাকেন বিপদের কথা, ‘এভারেস্টের বাঁকে বাঁকে মৃত্যুখাদ। সামান্য অসাবধানতা ও প্রকৃতির বিরূপ আচরণে মৃত্যু অনিবার্য। কিন্তু নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। শুরু থেকেই বিপদ আমার পিছু ছাড়ছিল না। একের পর এক সমস্যা সামনে এসেছে। কিন্তু আমি তো হাল ছাড়ার নই। আমি জানি, এভারেস্ট জয় করা কোনো সহজ কিছু নয়।’ এভারেস্ট চূড়ায় প্রথমে বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে ছবি তোলেন ওয়াসফিয়া। এরপর নেপালের পতাকা, বাংলাদেশ অন সেভেন সামিটের লোগোসহ পতাকা, পৃষ্ঠপোষকদের ব্যানার নিয়ে ছবি তোলেন। এভারেস্টের চূড়ায় একটি বুদ্ধমূর্তি রয়েছে। সেটির সঙ্গে দাঁড়িয়েও ছবি তোলা হয়েছে বলে জানালেন। এই অভিযানের পদে পদে বিপত্তিতে পড়তে হয়েছে তাঁকে। ‘সব ঠিক থাকলে ১৮ মে সামিট করতে পারতাম। কিন্তু ১৭ মে এভারেস্টের সাউথ কোলে ক্যাম্প-৪-এ মারাত্মক দুর্ঘটনা ঘটে। জানতে পারলাম রশি বাঁধতে গিয়ে সেদিন সকালে ১২ জন শেরপার মধ্যে দুজন গুরুতর আহত হন। সেদিন রাতে আমাদের বেসক্যাম্প থেকে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু খবর আসে যে রশি বাঁধা যাচ্ছে না। ফিরে এলাম আবার ক্যাম্প-৩-এ।’বিপদই তখন সঙ্গী। বলতে থাকেন ওয়াসফিয়া, ‘ক্যাম্প-৩-এ তুষারধসে তাঁবুসহ সব ভেঙে যায়। পাঁচটি অক্সিজেন সিলিন্ডারের বোতল নষ্ট হয়। অগত্যা সেদিনও আর রওনা দেওয়া হলো না। তখন মনে হচ্ছিল মৃত্যুর সঙ্গে বাস করছি। তবে মনোবল হারাইনি কখনো। সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল পরিচিতদের মৃতদেহ দেখা। আমার এক কোরিয়ান বন্ধু ছিলেন। বেসক্যাম্পে আমরা একসঙ্গে খাওয়া-দাওয়া করেছি। সামিট শেষে ফেরার পথে তিনি মারা যান। হয়তো তিনি বসে পড়েছিলেন। সে অবস্থাতেই মারা যান। ক্যাম্প-৪ থেকে রওনা দেওয়ার পথে তাঁর মৃতদেহ দেখতে পাই। এ ছাড়া আরও পাঁচজন পরিচিত ছিলেন আমার। তাঁদেরও মৃতদেহ দেখতে হয়েছে।’অবশেষে ২৫ মে রাত আটটায় সামিট পুশ করেন ওয়াসফিয়া। তুষারঝড়ের কারণে এভারেস্টে একসঙ্গে প্রায় ২০০ জন আটকে পড়েন সামিট করার আগে। বলেন, ‘এভারেস্টের পথে যেন জট লেগে গেছে। এর কারণেও খানিকটা সময় নষ্ট হয়। ২৬ মে ভোরেই আমরা পৌঁছে যাই পৃথিবীর সর্বোচ্চ এই শৃঙ্গে। মনে হয়েছে, যেন ভয়ংকর সুন্দরের মধ্যে একটা মৃত্যু উপত্যকা। সেখান থেকেই যেন ফিরে এলাম।’সাউথ কোল দিয়ে নেমে গত রোববার ক্যাম্প-২-এ আসেন ওয়াসফিয়া। সেখান থেকে নেমে আসেন বেসক্যাম্পে। আজ বেসক্যাম্প থেকে রওনা দেবেন লুকলা হয়ে কাঠমান্ডুর উদ্দেশে। ২০১১ সালে স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে ওয়াসফিয়া সাতটি মহাদেশের সর্বোচ্চ সাতটি পর্বতচূড়া (সেভেন সামিট) জয়ের ঘোষণা দেন। এভারেস্ট জয়ের মাধ্যমে তাঁর তিনটি পর্বতচূড়া জয় করা হলো। তিনি তরুণদের উদ্দেশে বললেন, ‘কোনো কিছুই অসম্ভব নয়। মুসা ভাই, মুহিত ভাই, নিশাত ও আমি তা করে দেখিয়েছি। জীবনে সব কাজ আমি নিজে করেছি। এভারেস্ট অভিযানও ছিল একক নারী উদ্যোগ।’বাড়ি ফেনীতে হলেও ১৯৮২ সালের ২৭ অক্টোবর ওয়াসফিয়ার জন্ম ঢাকায়। তাঁর মা মাহমুদা নাহার একজন শিক্ষক আর বাবা নাজমী জামান চৌধুরী বাংলাদেশে একটি মার্কিন প্রতিষ্ঠানের প্রধান। নিশাত ও মুহিত লুকলায়, এদিকে বেসক্যাম্প থেকে নেমে গতকালও লুকলায় অবস্থান করেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার এবং দুবারের এভারেস্ট বিজয়ী এম এ মুহিত। গতকাল ফোনে মুহিত জানান, মেঘের কারণে লুকলা থেকে বিমান চলাচল বন্ধ আছে। তাই গতকাল আর তাঁদের কাঠমান্ডু ফেরা হয়নি। বিমান চলাচল স্বাভাবিক হলেই তাঁরা কাঠমান্ডু ফিরে আসবেন।