যেন মহাকাশে আছি: অ্যাসাঞ্জ
ইকুয়েডরের দূতাবাসের ঘরে জুলিয়ান অ্যাসাঞ্জের জীবন কাটছে এখন। অ্যাসাঞ্জের ভাষায়, ‘এটি মহাকাশে থাকার মতো’। যে ঘরে অ্যাসাঞ্জ থাকেন, সেটি খুবই ছোট। মেঝেতে কেবল একটি মাদুর পাতা যায়। ছোট্ট একটি গোলটেবিল আছে। বাথরুম ও রান্নাঘর অন্যদের সঙ্গে ভাগ করে ব্যবহার করেন অ্যাসাঞ্জ। তবে যতই ছোট হোক, জীবনকে আনন্দময় করে তুলতে অ্যাসাঞ্জ ঘরে জ্বালিয়েছেন নীল রঙের আলো। যখন সেটি জ্বালান, অ্যাসাঞ্জের মনে হয় তিনি মহাকাশে রয়েছেন। ডেইলি মেইলকে এই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে অ্যাসাঞ্জ বলেছেন, ‘মনে হয় যেন নীল মহাকাশে আমি ভেসে বেড়াচ্ছি। ছোট পরিবেশে আমি নিজেকে মানিয়ে নিয়েছি। কারণ আমার নিজেকে রক্ষা করতে হবে।’দূতাবাসে অ্যাসাঞ্জ এখন কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজ করছেন। বেশির ভাগ দিনই অ্যাসাঞ্জ দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী একটি মাছের খাবার খান। ইকুয়েডরের ঐতিহ্যবাহী একটি পোশাকও পরেন তিনি। তবে একেবারে একাও নেই অ্যাসাঞ্জ। তিনি ব্যবহার করছেন বেশ কয়েকটি মুঠোফোন। একটি ল্যাপটপ কম্পিউটার। অ্যাসাঞ্জের ভাষায় দিনে তিনি ১৭ ঘণ্টা কাজ করেন, সপ্তাহে সাত দিন। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে ঘুমাতে একটু অসুবিধা হয় অ্যাসাঞ্জের। তবে পড়ার জন্য অ্যাসাঞ্জের হাতে খুব বেশি বই নেই। রোদের অভাব মেটাতে ভিটামিন ডি খেতে হয় তাকে। এ ছাড়া হজমের ওষুধও খান তিনি। অ্যাসাঞ্জ মিস করছেন অনেক কিছুই। বাইরে বন্ধুদের সঙ্গে খাওয়া, ঘুরে বেড়ানো, সমুদ্রে মাছ ধরা, পাহাড়ে ওঠা—এ সবই মিস করছেন তিনি। তবে সবচেয়ে বেশি অভাব বোধ করছেন সন্তানদের। তিনি বলেন, নির্দিষ্ট কিছু দর্শন বা রাজনৈতিক বিশ্বাসের জন্য পরিবারকে অনেক বেশি মূল্য দিতে হয়।