যেন রূপকথার গল্প
জন্মেছিলেন ভুল সময়ে। মোহাম্মদ আলী, জো ফ্রেজিয়ার, জর্জ ফোরম্যানরা ছিলেন বলে তাঁর ওপর আলোটা পড়েনি সেভাবে। কিন্তু খুনের দায়ে কারাগারে যাওয়া, সেখানেই বক্সিং শিখে তারকা হয়ে ওঠার গল্পটা তো রূপকথাই। সদ্য প্রয়াত রন লাইলকে নিয়ে লিখেছেন রাজীব হাসানউইলিয়াম আর নেলি লাইলের ১৯ সন্তান। সংখ্যাটা ভুল পড়েননি, ১৯-ই। সংসারে টাকার অভাব থাকতে পারে, কিন্তু ভালোবাসার জোগান অফুরান। ১৯ সন্তানকেই আদর-ভালোবাসা দিয়ে মানুষ করা হচ্ছে। কিন্তু এর মধ্যে একটি ছেলে কেমন জানি অন্য রকম। খুব জেদি, একবগ্গা। ভালোবাসা তো বটেই, শাসনের শৃঙ্খলেও বাঁধা যায় না। মেশেও আজেবাজে ছেলেদের সঙ্গে। উইলিয়াম-নেলি যে ভয়টা করে আসছিলেন, সেটাই সত্যি হলো। হত্যায় সহযোগিতার অপরাধে জেলে গেল ছেলেটি।এই ছেলেকে নিয়ে মা-বাবার স্বাভাবিকভাবেই কোনো উচ্চাশা নেই, বরং আছে অশেষ দুশ্চিন্তা। আশ্চর্যের ব্যাপার হলো, ভাইবোনদের মধ্যে সেই ছেলেটাই সবচেয়ে সম্মান এনে দিল মা-বাবার জন্য। একসময় হয়ে গেল নামকরা বক্সারও। এমনকি মোহাম্মদ আলীর মতো কিংবদন্তি বক্সারকেও লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়ে বসল।শুধু চ্যালেঞ্জের জন্য চ্যালেঞ্জ নয়; লড়লও দুর্দান্ত। কিন্তু আলীর সঙ্গে কি পেরে ওঠা যায়। জিতলেও খোদ আলী তাঁর প্রতিপক্ষকে সশ্রদ্ধ স্যালুট করলেন। রূপকথার মতো এতক্ষণ যাঁর গল্প পড়লেন তিনি রন লাইল। পাঞ্চের জন্য দারুণ জনপ্রিয় হয়ে ওঠা এই হেভিওয়েট বক্সার মারা গেছেন গত ২৬ নভেম্বর। মৃত্যুর সঙ্গে লড়াইয়ে যে পেরে ওঠা যায় না!যুক্তরাষ্ট্রের ওহাইওতে ১৯৪১ সালে জন্ম নেওয়া লাইল বক্সিংটা শিখেছেন কারাগারে। সেই গল্পটাও অদ্ভুত। তাঁর জেল হয়েছিল ১৫ থেকে ২৫ বছরের জন্য। কারাগারে গিয়েও বাজে সঙ্গ পেয়ে বসেছিল। সেখানেও রোজ দাঙ্গা-হাঙ্গামা করতেন। এই করতে গিয়ে একবার ছুরিকাঘাতের শিকার হলেন। অস্ত্রোপচার করার সময় একবার মৃত ঘোষণা করা হলো তাঁকে। কিন্তু খানিক পর বোঝা গেল বেঁচে আছেন। ওই দফা চেষ্টাতেও চিকিৎসকেরা কিছু করতে পারলেন না। মৃত্যু ঘোষিত হলো দ্বিতীয়বার। কী আশ্চর্য, এবারও আবার প্রাণের অস্তিত্ব পাওয়া গেল তাঁর নিথর দেহে!অবশেষে ৩৫ পাঁইট (১ পাঁইট = ০.৫৭ লিটার) রক্তের বদৌলতে বেঁচে গেলেন। তাঁকে বাঁচাতে যে অসংখ্য মানুষের রক্ত লেগেছিল, এটা ভুললেন না। অজস্র মানুষের ভালোবাসাই পাল্টে দিল তাঁকে। নিজের দুরন্তপনা ভালো কিছুতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিলেন। দ্রুতই কলোরাডো স্টেট কারাগারের সবচেয়ে ভালো খেলুড়ে হিসেবে আত্মপ্রকাশ করলেন। বক্সিং, বেসবল, বাস্কেটবল কিংবা ফুটবল—সব খেলাতেই ডাক পড়ে তাঁর।কিন্তু এর মধ্যে বক্সিংয়ে পেলেন অন্য রকম এক নেশার গন্ধ। এ এমন এক খেলা, যেখানে প্রতিপক্ষের শরীর থেকে রক্ত ঝরানোই হলো আসল কথা। কিন্তু আবার রিংয়ের বাইরে যে ব্যক্তিকে সবচেয়ে বেশি শ্রদ্ধা দেখাতে হয়, সে হলো সেই প্রতিপক্ষই। একই সঙ্গে শ্রদ্ধা আর লড়াইয়ের বৈপরীত্যের এই যুগলবন্দীর খেলার সঙ্গে লাইলের আমৃত্যু ভালোবাসার সম্পর্কের সেতু গড়ে দিলেন কারাগারের ক্রীড়া পরিচালক লেফটেন্যান্ট ক্লিফ ম্যাটাক্স।কারাগারে নিজের প্রথম লড়াইটায় কিন্তু হেরে গিয়েছিলেন। ওই একটাই হার। আর কোনো দিন কারাগারের কেউ হারাতে পারেনি তাঁকে। লাইলের চরিত্রের সংশোধন আর বক্সিংয়ের অবিশ্বাস্য উন্নতি দেখার পর ১৯৬৯ সালে প্যারোলে মুক্তি দেওয়া হলো। মোট সাড়ে সাত বছর জেল খেটেছেন তিনি।অপেশাদার হিসেবে নাম কামানোর পর দ্রুত পেশাদার ক্যারিয়ার শুরু করেন লাইল। এরই মধ্যে পেয়ে যান সুবর্ণ এক সুযোগ। প্রতিপক্ষ আর কেউ নন, খোদ মোহাম্মদ আলী। ১৯৭৫ সালের সেই লড়াইয়ে দশম রাউন্ড পর্যন্ত কিন্তু পয়েন্টে এগিয়ে ছিলেন লাইল। কেউ বলেন, লাইলের আক্রমণাত্মক খেলার কারণে আলী রক্ষণে বেশি মনোযোগী ছিলেন। আর কেউ বলেন, আলী আসলে নিজে শক্তি জমিয়ে প্রতিপক্ষের সব শক্তি ফুরিয়ে ফেলার অপেক্ষায় ছিলেন।যা-ই হোক না কেন, শেষ পর্যন্ত একাদশ রাউন্ডে আলী দেখা দিলেন স্বরূপে। লাইলকে ধরাশায়ী করে ফেললেন। রেফারি ঘোষণা করলেন টেকনিক্যাল নকআউট। যদিও লাইল জীবনের শেষ দিন পর্যন্ত বলে এসেছেন, আরও কয়েক রাউন্ড লড়াই করার শক্তি তাঁর শরীরে অবশ্যই ছিল। রেফারি ইচ্ছা করেই আগেভাগে ইতি টেনে দিয়েছেন লড়াইয়ের!৫১ লড়াইয়ের ক্যারিয়ারে ৪৩টিই জিতেছেন। এর মধ্যে ৩১টিই ছিল নকআউটে পাওয়া জয়। হেরেছেন সাতটি, একটি হয়েছে ড্র। পরিসংখ্যানই বলে দিচ্ছে, কতটা ভালো ক্যারিয়ার ছিল তাঁর। আলীর যুগে জন্মেছেন বলে যতটা খ্যাতি পাওয়ার কথা ছিল, ততটা মেলেনি। সব আলো যে ছিল আলীর ওপরই।তবে আলী নন; লাইলের ক্যারিয়ারের সবচেয়ে বিখ্যাত লড়াইটি ছিল ওই সময়ের আরেক কিংবদন্তি জর্জ ফোরম্যানের সঙ্গে। ১৯৭৬ সালের সেই লড়াইটি জমে উঠেছিল দারুণ। কেউই কোনো অবস্থাতেই হার মানছিলেন না। দুজনই দুজনকে ধরাশায়ী করেছেন একাধিকবার। শেষ পর্যন্ত দীর্ঘ লড়াই শেষে জয়ী হন ফোরম্যানই।খেলা ছাড়ার পর সেভাবে আলোচনায় ছিলেন না। শেষবার তাঁকে দেখা গিয়েছিল জো ফ্রেজিয়ারের অন্ত্যেষ্টিক্রিয়ায়। কে জানত, মাত্র কদিন পরই আয়োজন করতে হবে লাইলেরও অন্ত্যেষ্টিক্রিয়া!