যেন শহরটা মেয়েদের জন্যনয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজট আর লোডশেডিং এখন প্রতিদিনের সমস্যা। এ সমস্যার বাইরেও রয়েছে বড় ধরনের সমস্যা, যে সমস্যার কারণে ঢাকা শহরটা বসবাসের উপযুক্ত নয় বলে মনে হয়। তবু নানা অঞ্চল থেকে মানুষ ঢাকায় আসে। কেউ আসে জীবিকার খোঁজে, কেউ বা লেখাপড়ার জন্য। ছেলেরা যদিও কোনোভাবে মাথা গোঁজার ঠাঁই খুঁজে নেয়, মেয়েদের জন্য তা একটা অগ্নিপরীক্ষার সমান। আবাসন-সংকট প্রকট। নেহাত একটা থাকার বন্দোবস্ত হলো। কিন্তু জায়গা পেলেই তো হবে না, নিরাপত্তার বিষয়টিও ভাবতে হয়। সেই সঙ্গে আছে যানবাহন-সংকট, চলতি পথে বিড়ম্বনা আরও কত কী! তখন মনে হয়, এই শহরটা যেন মেয়েদের জন্য নয়। এবারের নারীমঞ্চে ঢাকা শহরে বসবাসরত এমন মেয়েদের কথা শুনব যারা হাজারো সমস্যার সঙ্গে প্রতিদিন যুদ্ধ করছেন। তাদের যুদ্ধের কথা নিয়েই এই প্রতিবেদন।আবাসন-সংকটবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগেই শুরু হয়েছিল থাকার সমস্যা। সব হোস্টেলে তো থাকার পরিবেশ নেই। আবার যেসব একটু মানসম্মত, সেগুলোতে সিট পাওয়া খুবই কষ্টসাধ্য। এভাবে তিনটি হোস্টেল বদল করে ভর্তি পরীক্ষা শেষ করেছিলাম। ভেবেছিলাম ভর্তি হতে পারলেই হয়তো থাকার সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু সেই তো বাসাভাড়া করেই থাকতে হচ্ছে। জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নওরীন (ছদ্মনাম)। কয়েকজন সহপাঠী মিলে বাসা নিয়ে থাকেন। এটা পাওয়াও অনেক কষ্টসাধ্য, জানান আরেক শিক্ষার্থী মিলা (ছদ্মনাম)। তিনি বলেন, ‘সবাই তো মেয়েদের কাছে বাসা ভাড়া দিতে চান না। সাবলেট থাকলে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। তবু থাকি। লেখাপড়া তো করতে হবে। কবে হলে সিট পাব, কে জানে!’ সরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে সিট পাওয়ার ক্ষীণ আশা থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি সমস্যায় পড়তে হয়। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলদেশের বিবিএর শিক্ষার্থী রেণু (ছদ্মনাম) বলেন, ‘মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাইনি। তাই পড়তে হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আমাদের যদি নিজস্ব একটা হোস্টেল থাকত, তবে আবাসনের চিন্তা করতে হতো না। এমনিতেই টিউশন ফি বেশি দিতে হয়। তারপর বাসা ভাড়া নিয়ে থাকলে অনেক টাকা লাগে। ভালো হোস্টেলের ভাড়াও বেশি। অনেক সমস্যা নিয়েই সরকার কথা বলেন। এটি নিয়ে তারা কিছু বলে না। বিশ্ববিদ্যালয় হলেই তার হলের ব্যবস্থা থাকতে হবে, এমন নিয়ম সরকারের করা উচিত। বাড়িভাড়ার মতো হোস্টেলের ভাড়া-সংক্রান্ত আইন থাকা উচিত।’ এদিকে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ঢাকায় এসেছিলেন সিফাত (ছদ্মনাম)। এক আত্মীয়ের বাসায় সাময়িকভাবে উঠলেও বুঝতে পারলেন, তাঁরা বিরক্ত হয়েছেন। কিন্তু অচেনা শহরে কোথায় থাকবেন তিনি? কর্মজীবী হোস্টেলে সিট পাওয়া দুষ্কর। থাকার চিন্তায় ওই সময় আর অনারারি করা হলো না। ফিরে গেলেন রংপুরে। ঢাকায় একটি হাসপাতালে চাকরিতে যোগ দেন। আবারও সমস্যা থাকার। এক বন্ধুর সহযোগিতায় উঠলেন সাবলেট বাসায়। সিফাত বলেন, ‘প্রায়ই তো রাতের ডিউটি পড়ত। এটিকে আশপাশের লোকজন ভালো চোখে দেখত না। অসহনীয় হয়ে উঠেছিল। পরে কয়েকজন সহকর্মী মিলে পরিচিত একজনের বাসায় ভাড়া থাকি। কিন্তু যাঁরা হঠাৎ করে চাকরির পরীক্ষা দিতে ঢাকায় আসেন, তাঁদের সবার আত্মীয় এই শহরে না-ও থাকতে পারে। তাঁদের জন্য তো কোনো ব্যবস্থা নেই।’ চলতি পথের কত সমস্যা!যানবাহন-সংকটযাদের নিজের যানবাহন নেই ঢাকা শহরে যাতায়াতের জন্য এদের সাধারণত রিকশা বা বাসকেই বেছে নিতে হয়। কিন্তু তাতে যদি ছেলেমেয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারত, তবে এত সমস্যা থাকত না। মোহাম্মদপুর থেকে নিয়মিত আজিমপুর যাতায়াত করেন রুম্পা (ছদ্মনাম)। তিনি বলেন, ‘সপ্তাহ খানেক আগে বাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। তিনজন মেয়ে ছিলাম লাইনে। বাসটা থামার সঙ্গে সঙ্গে ছেলেরা দৌড়ে গিয়ে বাসে উঠল। এভাবে প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। অবশেষে উঠতে পেরেছিলাম আমরা।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিমা (ছদ্মনাম) বলেন, ‘প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াত করতে পারি না। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে যাওয়া ছাড়াও তো নানা জায়গায় যেতে হয়। কষ্ট করে বাসে ওঠা গেলেও সিট পাওয়া যায় না। নারীদের জন্য বরাদ্দ সিটে পুরুষেরা বসে। দাঁড়িয়ে থাকলেও তারা নানাভাবে উত্ত্যক্ত করে। অনেক সময় বাসে অশালীন ভাষায় গল্প করে, যা সহ্য করা যায় না। প্রতি রুটে মেয়েদের জন্য আলাদা বাস থাকা উচিত।’ঢাকা সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী স্নিগ্ধা (ছদ্মনাম)। প্রতিদিন বাসে চেপেই যাত্রাবাড়ী থেকে আসা-যাওয়া করতে হয়। তিনি বলেন, ‘প্রায়ই দেখি বাসের হেলপাররা মেয়েদের থেকে বেশি ভাড়া নেয়। ছেলেরা যা ভাড়া দেয়, তাই নেয়। কোনো উচ্চবাচ্য করে না। বাসের চালক, হেলপার প্রায়ই মেয়েদের সঙ্গে অশোভন আচরণ করে। এর কোনো প্রতিকার দেখি না।’একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন তামান্না (ছদ্মনাম)। ওয়ারী থেকে মতিঝিল যেতে হয়। তিনি বলেন, ‘বাসে যাতায়াত করতে পারি না। সে কারণে রিকশায় যাই। কিন্তু অনেক সময় রিকশাওয়ালা যেতে চায় না। একজন না গেলে বাকিরাও যেতে চায় না। বাজে মন্তব্যও শুনতে হয়। এ যেন নিত্যদিনের ঘটনা। রিকশাওয়ালা ইভ টিজিং করলে সহ্য করা কঠিন হয়ে পড়ে।’পাবলিক টয়লেটঢাকা শহরে প্রতিদিন অনেক নারী কাজের জন্য বাইরে বের হন। কিন্তু তাঁদের জন্য পাবলিক টয়লেটের ব্যবস্থা নেই, যা আছে তাতে প্রবেশ করার অবস্থা নেই। অস্বাস্থ্যকর আর নোংরা পরিবেশে হিতে বিপরীতই হবে, তা বলার অপেক্ষা রাখে না। ঢাকা থেকে বাইরে যাওয়ার সময় যে মহাসড়কগুলো পড়ে, তাতে সিএনজি স্টেশনগুলোতে বা বড় রেস্টুরেন্টগুলোতে মেয়েদের জন্য আলাদা টয়লেট আছে। এটা ভালো উদ্যোগ। শহরে এমন উদ্যোগ নেই। শিশুপার্কের কাছে নতুন যে পাবলিক টয়লেট হয়েছে, তা ব্যবহারের উপযোগী। তবে বাকিগুলো কেন নয়—এ প্রশ্ন অনেক মেয়ের। বিভিন্ন মার্কেট, এমনকি অনেক অফিসেও নারীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা নেই। একটি উন্নয়ন সংস্থার মাঠপর্যায়ে কাজ করেন রওশন আরা (ছদ্মনাম)। কাজের প্রয়োজনে সারা দিন বাইরে থাকেন। অপ্রতুল পাবলিক টয়লেটের কারণে কিডনি রোগে আক্রান্ত তিনি। চিকিৎসক জানিয়েছেন, যথা সময়ে প্রসাব না করায় তাঁর এ সমস্যা হয়েছে।আন্ডারপাস ও ফুট ওভারব্রিজ‘ঢাকা শহরের বেশির ভাগ আন্ডারপাস ও ফুট ওভারব্রিজ মেয়েদের চলাচলের উপযুক্ত নয়। বিদ্যুৎ চলে গেলে আন্ডারপাসে শরীরে অযাচিত হাতের স্পর্শ ও পকেটমারের মতো ঘটনা ঘটে। নিয়মিত এসবের সম্মুখীন হতে হয়। অনেক সময় ছিনতাইও হয়। নিয়ম আছে, তাই এসব রাস্তা দিয়ে চলাচল করি, যা খুবই বিপজ্জনক।’ বললেন একটি বিমা কোম্পানির কর্মকর্তা নীপা। ‘সন্ধ্যার পর ফুট ওভারব্রিজ দিয়ে চলাচল করি না। দিনের বেলাতেই ভয় করে। মাদকাসক্তরা থাকে, থাকে নানা কিসিমের লোক। অশালীন অঙ্গভঙ্গি করে, নোংরা কথা বলে। একবার ছিনতাইও হয়েছে ফার্মগেটের ওভারব্রিজে। বিপদে পড়লে কেউ এগিয়ে আসে না।’ বললেন শ্যামলীর বাসিন্দা শাহানা (ছদ্মনাম)।নিরাপত্তার অভাবদিনের আলো কমে এলে ঢাকা শহরে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগে। রাস্তায় হাঁটাচলা করা কঠিন হয়ে পড়ে। যাঁরা সান্ধ্যকালীন হাঁটেন, তাঁরাও নিরাপত্তাহীনতার কারণে ঘর থেকে বের হতে চান না। মুমু (ছদ্মনাম) টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালান। সন্ধ্যার পর দুটি টিউশনি করেন তিনি। মুমু বলেন, ‘বাড়ি ফিরতে প্রায়ই নয়-দশটা বেজে যায়। রাস্তায় আলো কম থাকে। রাস্তার বাতি বেশির ভাগ সময়ই নষ্ট থাকে। ছিনতাইয়ের ভয় থাকে। আমার নিরাপত্তা কে দেবে? তবু টিউশনি চালিয়ে যাই। মানসিকভাবেই প্রস্তুত থাকি, যেকোনো দিন দুর্ঘটনা ঘটতে পারে; যা নাগরিক হিসেবে আমার ভাবার কথা নয়। সুস্থ, স্বাভাবিক মানুষ এভাবে চলতে পারে না।’