যেন সামনে নির্বাচন ভাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুপ্রিয় শিক্ষার্থীরা, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত...’ এ ধরনের বাহারি কথা মাইকিং করে সিলেট নগরের বিভিন্ন এলাকায় কোচিং সেন্টারগুলো প্রচারণার কাজ চালাচ্ছে। শিক্ষার্থীদের আকৃষ্ট করতে এসব প্রতিষ্ঠান অভিনব সব পদক্ষেপ গ্রহণ করছে। নগরজুড়ে লিফলেট, পোস্টার, হ্যান্ডবিলি, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণার বাহার দেখে যে কেউ ‘সামনে নির্বাচন’ বলে ভাবটাও অস্বাভাবিক নয়। এমনকি শিক্ষার্থীদের মধ্যে কোচিং সেন্টারের পক্ষ থেকে কলম, ক্যালেন্ডার ও ছাতাও বিতরণ করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, সিলেট এমসি কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, মদনমোহন কলেজ, সিলেট সরকারি কলেজ, শ্রীহট্ট সংস্কৃত কলেজসহ নগরের প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিভিন্ন দেয়ালে দেয়ালে কোচিং সেন্টারগুলোর বাহারি রঙের পোস্টার সাঁটানো হয়েছে। অনেক প্রতিষ্ঠান আবার স্থানে স্থানে ব্যানার ও ফেস্টুন দিয়ে নিজেদের প্রচারণার কাজ চালাচ্ছে। এগুলোর পাশাপাশি নিজস্ব লোকদের দ্বারা বিভিন্ন পরীক্ষা শেষে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের হাতে লিফলেট, ক্যালেন্ডার ও বিশেষ বুলেটিন ধরিয়ে দেওয়া হচ্ছে। সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সৈয়দা জেরিন কোচিং সেন্টারগুলোর নিজস্ব লোকদের দ্বারা প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে লিফলেট বিলিকে নির্বাচনী প্রচারণার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘মনে হচ্ছে কেউ ভোটে দাঁড়িয়েছেন আর তাঁর পক্ষের লোকজন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কলেজের প্রধান ফটক থেকে বের হওয়া মাত্রই বিভিন্ন কোচিং সেন্টারের লোকেরা নিজেদের প্রতিষ্ঠানের লিফলেট ধরিয়ে দিতে রীতিমতো প্রতিযোগিতা শুরু করে। এতে অনেক সময় আমাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।’বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, প্রতিদিনের ক্লাস শেষে লিফলেট বিতরণের পাশাপাশি বিভিন্ন পরীক্ষা চলাকালে তাদের উৎপাত অনেকটাই বেড়ে যায়। এ সময় বিভিন্ন কোচিং সেন্টারের অর্ধশতাধিক লোক ফটকে দাঁড়িয়ে থাকে। তারা শিক্ষার্থীদের হাতে নিজেদের প্রতিষ্ঠানের প্রচারণা চালাতে গিয়ে রীতিমতো যুদ্ধ শুরু করে দেয়। এ সময় সুযোগসন্ধানীরা মেয়েদের কুরুচিপূর্ণ মন্তব্যও করে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী রুবেল আহমদ বলেন, ‘শিক্ষার্থীদের কোচিংয়ে টানতে প্রতিষ্ঠানগুলো হ্যান্ডবিল বিতরণ করেন। এসব হ্যান্ডবিল সঙ্গে করে কোচিং সেন্টারে পড়তে গেলে আলাদা ছাড় দেওয়া হবে বলেও কোথাও কোথাও লেখা রয়েছে। কেউ কেউ আবার হ্যান্ডবিলের সঙ্গে বিনা মূল্যে একটি করে ক্যালেন্ডার এবং কলম উপহার দিচ্ছে। সবকিছুই শিক্ষার্থীদের আকর্ষণ করার ফন্দি।’