যেভাবে এল আন্তর্জাতিক নারী দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে নারীরাই শুরু করেছিলেন প্রতিরোধ সংগ্রাম। এখন যদিও জাতিসংঘের মাধ্যমে দিনটি পেয়েছে আন্তর্জাতিক অবয়ব, কিন্তু একসময় অধিকার আদায়ের লক্ষ্যে পরিচালিত এই সংগ্রামকে পাড়ি দিতে হয়েছে বন্ধুর পথ। ১৮৫৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারীশ্রমিকেরা। মজুরি-বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা ও কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধেই ছিল তাঁদের প্রতিবাদ। সে মিছিলে চলে দমন-পীড়ন। দিনটিকে স্মরণ করেই দানা বাঁধে নারী আন্দোলন।১৯০৮ সালে নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে নারীদের যে সমাবেশের আয়োজন করা হয়, তাতে নারী ও পুরুষের সমান অধিকারের বিষয়টিতে জোর দেওয়া হয়। ১৫ হাজারেরও বেশি নারীশ্রমিক মিছিলে অংশ নিয়ে প্রদক্ষিণ করেন সারা নিউইয়র্ক শহর। সে মিছিল থেকে দাবি উঠেছিল কর্মঘণ্টা কমানোর, পুরুষের সমান মজুরি প্রদান এবং নির্বাচনে ভোটের অধিকারের। জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেতকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। ক্লারা জেতকিন ছিলেন জার্মান রাজনীতিবিদ। জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের মধ্যে একজন তিনি। নারীর অধিকার রক্ষার আন্দোলনেও তিনি ছিলেন অগ্রণী ভূমিকায়। ১৮৫৭ সালে জন্ম তাঁর। ৭৫ বছর বয়সে তিনি মারা যান ১৯৩৩ সালে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ১৯১০ সাল। ডেনমার্কের কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দেন ১৭টি দেশের ১০০ জন নারী-প্রতিনিধি। ক্লারা জেতকিনই ৮ মার্চকে বিশ্ব নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন। এ সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়, ১৯১১ সাল থেকে ৮ মার্চ দিনটি নারীদের সম-অধিকার দিবস হিসেবেও পালিত হবে। ১৯১৪ সাল থেকে পৃথিবীর অনেকগুলো দেশেই ৮ মার্চ পালিত হতে থাকল দিবসটি। দিবসটি পালন করার ব্যাপারে বিভিন্ন দেশে সমাজতন্ত্রীরা অগ্রণী ভূমিকা পালন করেন।১৯৭৫ সালে দিবসটি পায় আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বশান্তি ও নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য দিবসটি পালন করতে বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ।প্রতিবছরই আন্তর্জাতিক নারী দিবসের একটি বৈশ্বিক মূল ভাবনা থাকে। এবারের মূল ভাবনা হলো—‘সম-অধিকার, সমান সুযোগ: সবার জন্য প্রগতি’। ২০০৯ সালের মূল ভাবনা ছিল—‘নারী ও পুরুষ মিলেই নারী ও মেয়েশিশুদের বিরুদ্ধে সন্ত্রাসের অবসান ঘটাবে’। তবে এ কথাও সত্য, প্রতিটি দেশ বা গ্রুপ নিজ অঞ্চলের সমস্যা বুঝে নিজেদের জন্য মূল ভাবনা তৈরি করে নেয়, যেন কার্যকরভাবে সমস্যাটির সমাধানের একটা উপায় বেরিয়ে আসে।