যেভাবে কাটছে তাদের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় ২১ মাস ধরে চলা গৃহযুদ্ধে এখনো কৌশলগত দিক থেকে এগিয়ে আছে বিদ্রোহীরা। এভাবে চলতে থাকলে একপর্যায়ে বিরোধীদের কাছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের হার হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বাশার বা বিদ্রোহীরা, যে পক্ষই জয়ী হোক না কেন, এই যুদ্ধে চড়া মাসুল গুনতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। অনিশ্চিত পরিস্থিতিতে সীমাহীন আতঙ্ক আর চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে তাদের। প্রতিদিনই রক্ত ঝরছে অনেক নিরীহ মানুষের।রাজধানী দামেস্ক থেকে ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত ইয়াব্রুদ শহর। এই শহরেরই এক বাসিন্দা ফাদি। তাঁর জবানিতে উঠে এসেছে সেখানকার সাধারণ মানুষের কথা। সম্প্রতি বিবিসির অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে তা তুলে ধরা হয়। ফাদির ভাষ্যছয় মাস আগে আসাদ বাহিনী এ শহরে একবার ঢোকার চেষ্টা করেছিল। তবে ওই দিনই তাদের শহর থেকে হটিয়ে দিয়েছে বিদ্রোহীদের জোট ফ্রি সিরিয়ান আর্মির সদস্যরা। এ ঘটনার পর ইয়াব্রুদে আসাদের যোদ্ধাদের দেখা যায়নি। তবে বিমান হামলা চলছেই। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সরকার এ এলাকার ওপর নিয়ন্ত্রণের আশা ছেড়ে দিয়েছে। অন্যান্য এলাকার মতো এটি কৌশলগতভাবে তাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়। অন্যান্য শহরের চেয়ে আমরা এ পর্যন্ত তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছি। গত আঠারো মাসে এ শহরে ৪০ থেকে ৫০ জন নিহত হয়েছে। এ শহর নিয়ন্ত্রণ করে দুটি পরিষদ—একটি সামরিক, আরেকটি বেসামরিক। শহরবাসীর স্বাস্থ্যসেবা ও খাদ্য সরবরাহের দায়িত্ব বেসামরিক পরিষদের ওপর।বারবার বিমান হামলার ঘটনা না ঘটলে বলা যেত আমরা আর দশটা স্বাভাবিক মানুষের মতো দিন কাটাচ্ছি। এখানে খাবারের তেমন কোনো সংকট নেই।তবে সংকট না থাকলেও জ্বালানি তেলসহ বিভিন্ন জিনিসের দাম বেড়েছে। বিমান হামলাও আজকাল বেড়ে গেছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।প্রায়ই চার ঘণ্টার জন্য বিদ্যুত্ থাকে না। ইন্টারনেট ও টেলিফোন লাইনের পরিস্থিতি বিদ্যুতের সংযোগের মতো। ভাগ্য সহায় হলে মাঝেমধ্যে দুটির মধ্যে যেকোনো একটির সংযোগ ঠিকমতো কাজ করে। আমি যখন আমার প্রবাসী ভাইয়ের সঙ্গে কথা বলার সুযোগ পাই, তখন আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হয়।এসব দুর্ভোগের মধ্যে এখানকার মানুষ পরস্পরকে সহায়তা করার চেষ্টা করছে। ইয়াব্রুদের মূল জনসংখ্যা ৬০ হাজার। তবে হোমসসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ২০ হাজার শরণার্থী এ শহরে বাস করছে। এই শরণার্থীদের প্রয়োজনীয় রসদ শহরের বাসিন্দা ও বেসামরিক কাউন্সিলের পক্ষ থেকে সরবরাহ করা হয়ে থাকে।আমার পরিচিত অনেকে এ শহর ছেড়ে চলে গেছে। তাদের মতো আমিও কয়েকবার ভেবেছি, নিরাপদ জীবনের খোঁজে শহর বা দেশ ছেড়ে চলে যাব কি না। তবে শেষমেশ আমি দেশে থেকে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছি।আমি পেশায় একজন লেখক। এর পাশাপাশি ছোটখাটো ব্যবসা করি। আমার স্ত্রী হাসপাতালে চাকরি করে। আমার সন্তানেরা বাড়ির কাছেই একটি স্কুলে পড়ে। দেশে থেকে দেশবিষয়ক আমার ভাবনাগুলো লিখে যেতে চাই।ইয়াব্রুদ ও আলেপ্পোর মতো সিরিয়ার অন্যান্য শহরের ওপর সরকার ধীরে ধীরে তার নিয়ন্ত্রণ হারাবে বলেই আমার ধারণা। এটা এখন সময়ের ব্যাপার মাত্র। তবে আসাদের পতনের পর পশ্চিমা বিশ্ব বা প্রতিবেশি দেশগুলো যাতে আমাদের তাদের স্বার্থ হাসিলে জিম্মি না করে, এটাই আমার প্রত্যাশা। সিরিয়ার ভবিষ্যৎ কী হবে, তা সিরিয়ার জনগণের ওপরই ছেড়ে দেওয়া উচিত।