যেভাবে চুক্তি হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার আগে জমা রাখতে হবে মূল সনদ। প্রাথমিক ফি হিসেবে দিতে হবে পাঁচ হাজার টাকা, তারপর মিলবে প্রশ্ন। পরীক্ষার আগে পাওয়া প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নপত্র মিলে গেলে পরীক্ষার এক ঘণ্টার মধ্যেই চুক্তির টাকা (৭ থেকে ১০ লাখ) শোধ করতে হবে। আর পরীক্ষার আগের রাতে শুধু পরীক্ষার্থীকে নির্দিষ্ট একটি জায়গায় থাকতে হবে।মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন পাওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথিত প্রশ্ন ফাঁসকারীদের এ রকম অলিখিত চুক্তি হয়েছিল। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, ব্যাংক কর্মকর্তাসহ ২০ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবককেও আটক করা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।এরপর শুক্রবার রাতে ২১ জনের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে শেরেবাংলা নগর থানায় মামলা করে র‌্যাব। এই মামলায় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করে পরে তা প্রত্যাহার করে পুলিশ।টাকার বিনিময়ে প্রশ্নপত্র নিতে আসা একজন ছাত্র প্রথম আলোকে বলেন, পরীক্ষার আগে খিলগাঁওয়ের এমএ কোচিং সেন্টার থেকে জনৈক মনসুর আলী তাঁর চাচার সঙ্গে যোগাযোগ করেন। মনসুর আলীর প্রস্তাব ছিল, পরীক্ষার আগেই প্রশ্নপত্র দেওয়া হবে। এ জন্য সাড়ে সাত লাখ টাকা দিতে হবে। চুক্তি ছিল, ওই শিক্ষার্থীর সব মূল সনদ মনসুর আলীর কাছে জমা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পর যদি দেখা যায়, আগের রাতে পাওয়া প্রশ্নের সঙ্গে মিলে গেছে। তাহলে বেলা ১১টায় পুরো টাকা পরিশোধ করতে হবে; না হলে মূল সনদগুলো ফেরত দেওয়া হবে না। পরীক্ষার আগে শুধু পাঁচ হাজার টাকা দিতে হবে।ওই ছাত্র বলেন, চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার রাতে পাঁচ হাজার টাকা আর মূল সনদ ব্যাগে নিয়ে তিনি মনসুরের দেওয়া ঠিকানা অনুযায়ী শ্যামলী ১ নম্বর সড়কের একটি বাড়িতে যান। ওই বাড়িতে আরও ১০-১৫ জন ছিলেন। গভীর রাতেও সবাই জেগে ছিলেন। এঁদের মধ্যে কয়েকজন ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবক।ওই ছাত্র বলেন, ‘শ্যামলীর ওই বাসায় যাওয়ার পর মনসুর সাহেব তিন হাজার টাকা নেন। তিনি আমাকে আশ্বস্ত করেন এই বলে যে “তুমি বসো, ঘণ্টা খানেকের মধ্যেই সমাধানসহ প্রশ্ন চলে আসবে।” এরপর আমাকে একটি ঘরে বসানো হয়। সেখানে ছয় পরীক্ষার্থীর সঙ্গে দেখা হয়।’তবে র‌্যাব এই মনসুরকে ধরতে পারেনি।কোচিং সেন্টারের যোগসাজশ: র‌্যাবের অভিযান পরিচালনাকারী সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ ঘটনার সঙ্গে দেশের প্রতিষ্ঠিত মেডিকেল কোচিং সেন্টারগুলোর যোগসাজশ থাকতে পারে। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া শিক্ষানবিশ দন্ত চিকিৎসক মঞ্জুর আলম থ্রি ডক্টরস একাডেমি নামের একটি মেডিকেল কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। থ্রি ডক্টরস একাডেমির ওয়েবসাইটের মূল পাতায় মঞ্জুর আলমসহ তিনজন চিকিৎসকের ছবিও দেখা যায়।তবে ওই একাডেমির আরেকজন প্রতিষ্ঠাতা পরিচালক মো. বশির বলেন, বর্তমানে মঞ্জুর ওই কোচিং সেন্টারটির সঙ্গে জড়িত নেই। মঞ্জুর নিজে বায়োলজি প্রোগ্রাম নামে আরেকটি কোচিং সেন্টার খুলেছেন। সিদ্ধেশ্বরীতে এর কার্যালয়।মঞ্জুরের বোন সুমি বলেন, মঞ্জুর নিজের পড়ালেখা নিয়ে ব্যস্ত। তাঁর এসব কাজে জড়িত হওয়ার প্রশ্নই আসে না।রিমান্ড আবেদন ও প্রত্যাহার: র‌্যাব-২-এর উপসহকারী পরিচালক লুৎফর রহমান এ ঘটনায় ২১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নের সদৃশ প্রশ্ন তৈরি করে মানুষের কাছে মোটা টাকায় বিক্রি করেছেন।মামলাটির তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক আজিমউদ্দীন বলেন, ২১ জনকে গতকাল কারাগারে পাঠিয়েছেন আদালত। জানতে চাইলে তিনি বলেন, এঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করার সিদ্ধান্ত ছিল। সেই অনুযায়ী আবেদনও করা হয়। তবে পরে রিমান্ড আবেদনের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান বলেন, তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষক গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল ঢাকা-আরিচা মহাসড়কে নেমে আসেন। ওই শিক্ষককে রিমান্ডে নেওয়া হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে আশঙ্কায় রিমান্ড আবেদনের সিদ্ধান্ত বাতিল করা হয়।আদালত সূত্র জানিয়েছে, রিমান্ডে নেওয়ার আবেদন সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার পরই ফেরত নিয়ে যান থানার সংশ্লিষ্ট কর্মকর্তা। পরে থানা থেকে আরেকটি আবেদন আদালতে পাঠানো হয়।