যেভাবে চুরি হলো শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার সন্ধ্যা ছয়টা এক মিনিট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের বারান্দা। সাদা কাপড়ে প্যাঁচানো এক নবজাতককে কোলে নিয়ে হাঁটছেন এক নারী। তাঁর সামনে কালো বোরকা ও হালকা লাল-সবুজ প্রিন্টের ওড়না পরা মধ্যবয়সী আরেক নারীও হাঁটছেন। সন্ধ্যা সাতটা ১৯ মিনিটে দেখা যায়, বোরকা পরা নারী সাদা কাপড়ে প্যাঁচানো নবজাতকটিকে নিয়ে বের হয়ে যাচ্ছেন। এই বর্ণনা হাসপাতালের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়া নবজাতক চুরির দৃশ্যের। গত সোমবার সন্ধ্যায় প্রসূতি ওয়ার্ড থেকে জন্মের সোয়া ঘণ্টার মাথায় চুরি হয়ে যায় শিল্পী বেগমের সদ্যোজাত পুত্রসন্তান। স্বভাবিক প্রসবের পর প্রসবকক্ষ থেকে নবজাতকটিকে তার নানির কোলে তুলে দেওয়া হয়। এক ঘণ্টার পরিচয়ে অপরিচিত ওই নারীর কোলে শিশুটিকে দিয়ে প্রসূতিকে দেখতে ভেতরে যান নানি। ধারণ করা দৃশ্যে দেখা যায়, বোরকাপরা ওই নারী স্বাভাবিক ভঙ্গিতে শিশুটিকে নিয়ে হেঁটে চলে যাচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির ঘটনা এটাই প্রথম নয়। এর আগে শিশু চুরির অভিযোগ ওঠে হাসপাতালের কয়েকজন সেবিকা, আয়া ও ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। ধরাও পড়েছে কয়েকজন। সোমবারের চুরির বিষয়ে শিশুটির নানি সেলিনা বেগম ও হাসপাতালের উপপরিচালক মুসফিকুর রহমান পৃথক দুটি জিডি করেছেন। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো পুলিশি তৎপরতা ছিল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।শিশুটির নানি সেলিনা বলেন, শিল্পী বেগমকে যখন প্রসবকক্ষে নেওয়া হয়, তখন বোরকা পরা অপরিচিত ওই নারী এসে তাঁর সঙ্গে আলাপ শুরু করেন। নাম-পরিচয়, কে অসুস্থ—এসব জানতে চান। খোলা মনে সব বলেন গ্রাম থেকে আসা সেলিনা। সন্ধ্যা ছয়টার দিকে একটি ছেলেশিশুর জন্ম দেন শিল্পী। প্রসবকক্ষ থেকে নানি সেলিনার হাতে শিশুটিকে দেন একজন আয়া। তিনি শিশুটিকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে মা শিল্পীকে ওয়ার্ডে নেওয়ার অপেক্ষা করছিলেন। এ পর্যায়ে চিকিৎসকেরা জানান, শিল্পীকে রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে। শিশুর বাবা আনোয়ার রক্ত, ওষুধসহ আনুষঙ্গিক জিনিস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। এরই একপর্যায়ে ওই বোরকা পরা নারী এসে শিশুর নানিকে বলেন, ‘বাচ্চার মার (শিল্পী) অবস্থা খারাপ হয়ে গেছে। চিকিৎসকেরা স্বজনদের ডাকছেন।’ হন্তদন্ত হয়ে সেলিনা বেগম প্রসবকক্ষের দিকে ছুটলে বোরকা পরা ওই নারী শিশুটিকে তাঁর কাছে দিয়ে যেতে বলেন। আগ-পিছ না ভেবে সেলিনা তা-ই করেন। কিন্তু দুই মিনিট পরই ফিরে এসে দেখেন, শিশুটিকে নিয়ে ওই নারী উধাও।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, নবজাতকতে যখন প্রসূতির কোনো আত্মীয়ের কোলে দেওয়া হয়, তখন বারবার করে তাঁর পরিচয় জেনে নেওয়া হয়। এই শিশুটিকেও নানির কোলে দেওয়ার আগে জেনে নেওয়া হয়েছিল। এ ছাড়া রোগী ও তাঁদের স্বজনদেরও বলে দেওয়া হয়, শিশুদের অচেনা লোকের কোলে না দেওয়ার জন্য। তার পরও এ ধরনের ঘটনা ঘটল। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ও র‌্যাবকে বিষয়টি জানিয়েছে।হাসপাতালের উপপরিচালক মুসফিকুর রহমান বলেন, সিসি ক্যামেরায় ধরা পড়া ওই নারীর ছবি হাসপাতালের কর্মীদের দেখানো হয়েছে। তাঁরা কেউ তাঁকে চিনতে পারেননি বলে দাবি করেছেন। তাই এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।হাসপাতাল সূত্র জানায়, এর আগে গত ১৮ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই শিশু চুরির সময় নাদিম নামে এক যুবককে হাতেনাতে ধরে ফেলেন শিশুর স্বজনেরা। ২০১০ সালের ১১ জানুয়ারি প্রসূতি ওয়ার্ড থেকে একটি শিশু চুরি হয়। অজ্ঞাত পরিচয় এক নারী শিশুটিকে রোদে দেওয়ার কথা বলে মায়ের কাছ থেকে নিয়ে যান। ২০০৬ সালের ১৫ এপ্রিল শিশু চুরির সময় তাসলিমা নামে এক নারী হাতেনাতে ধরা পড়েন। ওই বছরেরই ফেব্রুয়ারিতে নয় বছরের শিশু জনি ও তার সদ্যোজাত ভাইকে চুরি করে নিয়ে যায় চোর চক্র। পরে জনিকে পাওয়া গেলেও নবজাতককে পাওয়া যায়নি। এবার চুরি হয়ে যাওয়া শিশুটির বাবা পিকআপের চালক আনোয়ার বলেন, ‘আমি আমার বাচ্চাটারে ফেরত চাই, ভাই। আমি পুলিশের কাছে গেছি, র‌্যাবের কাছেও গেছি। মেডিকেলের স্যাররা (হাসপাতাল কর্তৃপক্ষ) কইছে সব হইব। আমার পাঁচ বছরের একটা ছেলে আছে, ওর হার্টের ব্যারাম। এহন একটা হইল, তা-ও গেল।’ আনোয়ার হোসেন পরিবার নিয়ে মীরহাজীরবাগে থাকেন। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরে। তাঁর শাশুড়ি সেলিনা বেগম চার দিন আগে ঢাকায় আসেন। সন্তান হারানোর শোকে শিশুটির মা শিল্পী বেগম আরও অসুস্থ হয়ে পড়েছেন। বারবার মূর্ছা যাচ্ছেন আর জেগে থাকলে বিলাপ করছেন। প্রসব-পরবর্তী জটিলতায় ভুগছেন তিনি। মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়ায় তাঁর শারীরিক জটিলতা আরও বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। প্রসূতি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, সদ্যোজাত শিশুদের নিয়ে শুয়ে আছেন মায়েরা। মাঝেমধ্যেই কেঁদে উঠছে দু-একটি শিশু। সব শিশুর কান্না ছাপিয়ে কখনো কখনো শোনা যাচ্ছিল শিল্পী বেগমের বিলাপ, ‘আমার বাবুডা ডাগর ডুগর হইছিল। ভালো করে দেখপারই পারলাম না। তোমরা আমার বাবুরে পাইছোনি। আমারে হাছা কইরা কও।’শিল্পীকে ঘিরে বসে থাকা তাঁর স্বামী, মা সবার চোখ দিয়ে পানি ঝরছে। কারও মুখে কোনো কথা নেই।