এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষক সল পার্লমুটার ও অ্যাডাম রিয়েস এবং মার্কিন বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ব্রায়ান স্মিড। এঁদের মধ্যে সল পার্লমুটার একা এবং বাকি দুজন যৌথভাবে কাজ করতেন। ১৯৯০ সালের দিকে তাঁরা দুটি শ্বেত বামনের সংঘর্ষ নিয়ে গবেষণা করছিলেন। যখন সূর্যের মতো ছোট ভরের কোনো নক্ষত্রের সব হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়, তখন এটি বিশালাকৃতির লৌহদানবে রূপ নেয় এবং এর সব হিলিয়াম কার্বন ও অক্সিজেনে পরিণত হয়। এই কার্বন ও অক্সিজেন কেন্দ্রে জমা হয়ে কেন্দ্র প্রচণ্ড ভারী হয়ে ওঠে। একটা সময় কেন্দ্র মূল নক্ষত্র থেকে আলাদা হয়ে যায়। এই যে কার্বন ও অক্সিজেনসমৃদ্ধ কেন্দ্র, এর আকার পৃথিবীর মতো, কিন্তু ভর সূর্যের কাছাকাছি। এটিই শ্বেত বামন নামে পরিচিত। এখন এই শ্বেত বামনের যদি কোনো নাক্ষত্রিক প্রতিবেশী থাকে, তাহলে সে ওই নক্ষত্র থেকে বস্তু নিজের দিকে টানতে থাকে। ফলে শ্বেত বামনটি ক্রমশ ভারী হতে থাকে। ফলে এর কেন্দ্রে ঘনত্ব ও চাপ বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়তে থাকে। একটা সময় কার্বন ও অক্সিজেনের পারমাণবিক ফিউশন বিক্রিয়া শুরু হয়, যা সুপারনোভা বা নাক্ষত্রিক বিস্ফোরণ নামে পরিচিত।তো এই তিনজন বিজ্ঞানী তখন টাইপ আইএ সুপারনোভা নিয়ে গবেষণা করছিলেন। তাঁরা দেখলেন যে এই সুপারনোভা থেকে আসা আলো পৃথিবী থেকে আরও কাছে থাকা অন্য একটি সুপারনোভা থেকে বেশি লোহিত সরণ দেখাচ্ছে। এটাই হওয়ার কথা। কারণ ডপলার প্রভাব ব্যবহার করে লোহিত সরণ দেখে বিজ্ঞানীরা বুঝতে পারেন যেকোনো গ্রহ দূরে সরে যাচ্ছে আর নীল সরণ দেখে বুঝতে পারেন নক্ষত্রটি পৃথিবীর কাছে আসছে। এটা থেকে বোঝা যায় মহাবিশ্ব সম্প্রসারণশীল। এটা আরও আগেই এডউইন হাবল প্রমাণ করে দিয়ে গেছেন। কিন্তু এই বিজ্ঞানীত্রয় নতুন একটা জিনিস খেয়াল করলেন। কাছাকাছি থাকা সুপারনোভা থেকে আসা আলোর লোহিত সরণ সময়ের সঙ্গে গাণিতিকভাবে বাড়ছে না, বরং আগের চেয়ে তীব্রভাবে বেড়ে চলেছে। তখন তাঁরা বুঝতে পারলেন, এই মহাবিশ্ব শুধু প্রসারণশীলই নয়, সময়ের সঙ্গে এর প্রসারণের গতি বেড়েই চলেছে। আগে মহাবিশ্ব যে গতিতে বাড়ত, এখন সেই গতি অনেক বেড়েছে। অর্থাৎ মহাবিশ্বের সম্প্রসারণ ক্রমশ ত্বারিত হচ্ছে। এটা সাদা চোখে প্রহেলিকা। কারণ মহাকর্ষের কারণে মহাবিশ্বের সম্প্রসারণের হার ক্রমশ কমে যাওয়ার কথা। তখন জ্যোতির্বিদরা ধারণা করলেন, মহাবিশ্বের বিভিন্ন স্থানে শক্তি জড়ো রয়েছে, যার হিসাব এখনো কষা হয়নি। এভাবেই জ্যোতির্বিজ্ঞানে ডার্ক এনার্জি ধারণার প্রচলন হয়।সুব্রত দেব নাথ