যেভাবে তৈরি হয় এনজিওর প্রকল্প প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) ভূমিকা বাংলাদেশে অনেকটাই।সারা দেশেঅসংখ্য স্থানীয় ও আন্তর্জাতিক এনজিও নানা ধরনের কাজ করছে। এনজিওবিষয়ক ব্যুরোর উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম জানান, বাংলাদেশে বিদেশি বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত হচ্ছে দুই হাজার ৪৮৪টি এনজিও, যারা এনজিও ব্যুরো থেকে নিবন্ধন নিয়ে কার্যক্রম চালাচ্ছে। বর্তমানে নিবন্ধিত দেশি এনজিওর সংখ্যা দুই হাজার ২৫৭ ও বিদেশি এনজিও ২২৭। তিনি বলেন, ‘দাতা সংস্থার সহায়তা ও অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে নতুন প্রকল্প শুরু করার আগে তা এনজিও ব্যুরো থেকে অনুমোদন করিয়ে নিতে হয়।’ তাই যেকোনো এনজিওর জন্য প্রকল্প প্রস্তাব (প্রজেক্ট প্রপোজাল) তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। ধরুন, আপনি এনজিওতে চাকরি করছেন। একটা সময় নির্দিষ্ট কোনো কাজের জন্য প্রকল্প প্রস্তাব তৈরি করতে বলা হতে পারে।নিজে এনজিও প্রতিষ্ঠা করলে তো এ ব্যাপারে জানতেই হবে।আবার প্রকল্প প্রস্তাব তৈরির ক্ষেত্রে আপনার দক্ষতা থাকলে আপনি পরামর্শক বা মুক্ত পেশাজীবী হিসেবেও কাজ করতে পারবেন। প্রকল্প প্রস্তাব কীকোনো এনজিও যখন বিদেশি বা দেশিদাতা সংস্থা বা প্রতিষ্ঠান থেকে কোনো বিশেষ প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের প্রতিশ্রুতি পায়, পরবর্তী কার্যক্রমের জন্য প্রকল্প অনুমোদন করিয়ে নিতে হয়। এ জন্য একটি ছকে প্রকল্প প্রস্তাব প্রণয়ন করতে হয়। প্রকল্প প্রস্তাবে প্রকল্পের পূর্ণ বিবরণ, প্রকল্পের প্রেক্ষাপট, প্রকল্পসংশ্লিষ্ট সার্বিক চিত্র, প্রকল্পের উদ্দেশ্য, প্রকল্পের সামাজিক ও জাতীয় উদ্দেশ্য, লক্ষ্য, বাস্তবায়ন পরিকল্পনা, কীভাবে প্রকল্প বাস্তবায়ন করা হবে, প্রতিষ্ঠানের জনবল এবং নানা রকম তথ্য তুলে ধরতে হয়।প্রকল্প প্রস্তাব তৈরিএনজিওবিষয়ক ব্যুরোর সহকারী পরিচালক খুরশীদ আলম জানান, এনজিওগুলো তাদের প্রকল্প প্রস্তাব যাতে একটি নির্দিষ্ট ধরনে তৈরি করতে পারে, সে জন্য এনজিওবিষয়ক ব্যুরো একটি ফরম প্রণয়ন করেছে, যা এফডি-৬ (ফরেন ডোনেশন-৬) নামে পরিচিত। ছকটির তিনটি অংশ ও তিনটি পরিশিষ্ট—এ, বি, সি রয়েছে। পরিশিষ্টগুলোয় জনবল (এ) যন্ত্রপাতি (বি) এবং বাজেটের (সি) বিস্তারিত বিবরণ থাকে। নির্ধারিত ফরমে (এফডি-৬) একবর্ষী বা বহুবর্ষী প্রকল্প প্রস্তাব ব্যুরোতে দাখিল করতে হয়। প্রকল্প অনুমোদন ছাড়া কোনো এনজিও কোনো কার্যক্রম গ্রহণ করতে পারবে না।প্রকল্প প্রস্তাব অনুচ্ছেদনির্ধারিত প্রকল্প প্রস্তাব ছকের প্রথম অংশে ১৯টি অনুচ্ছেদ রয়েছে। এতে মূলত প্রকল্প উপস্থাপক প্রতিষ্ঠানের সাধারণ তথ্যসহ পুরো প্রকল্পের প্রেক্ষাপট তুলে ধরতে হয়। এই অংশে প্রতিষ্ঠানের নাম, নিবন্ধন নম্বর, পূর্ণ ঠিকানা, প্রকল্পের নাম, প্রকল্প নম্বর (আগে বাস্তবায়িত বা চলতি প্রকল্প অনুসারে), প্রকল্প বাস্তবায়ন এলাকা, প্রকল্পের বিবরণ (পৃষ্ঠদেশ, উদ্দেশ্য, লক্ষ্য, দৃশ্যযোগ্য উপাদান, অন্য প্রকল্পের সঙ্গে সংযোগ (যদি থাকে), প্রকল্প পরিচালনা বা বাস্তবায়ন পদ্ধতি, বাজেট, বাস্তবায়ন কাল (প্রকল্প শুরু ও শেষ), প্রস্তাবিত দাতা, অর্থায়ন, প্রকল্প খরচ, খরচের বিশদ বিবরণ, প্রকল্পের ফল (আউটপুট), আগের প্রকল্পের তালিকা, অন্য কোনো প্রতিষ্ঠানের যৌথ প্রকল্প কি না, ব্যাংকিং ব্যবস্থাপনা এবং প্রকল্প পরিচালক/নির্বাহীর নাম ও পদবি। এই ১৯টি অনুচ্ছেদের প্রতিটির অধীনে রয়েছে কয়েকটি করে উপ-অনুচ্ছেদ। প্রতিটি অংশ নির্ভুলভাবে পূরণ করতে হবে।প্রস্তাবের দ্বিতীয় অংশপ্রকল্প প্রস্তাবের দ্বিতীয় অংশটিতে প্রকল্প বর্ষ, জনবল তথ্য ও যন্ত্রপাতি তথ্য জানতে চাওয়া হয়। অর্থাত্ প্রকল্প প্রস্তাবের দ্বিতীয় অংশটি পরিশিষ্ট এ-বি নিয়ে প্রণয়ন করা হয়। এ পরিশিষ্টতে বিদেশি উপদেষ্টা/পরামর্শক-সম্পর্কিত তথ্য, ব্যবস্থাপনা, অভিজ্ঞতা ও যোগ্যতা, স্থানীয় ব্যবস্থাপনা, অন্য কর্মকর্তা-কর্মচারীর তথ্য এবং কোনো সরকারি কর্মকর্তা বা তার স্ত্রী কর্মরত আছেন কি না প্রভৃতি তথ্য পূরণ করতে হয়। পরিশিষ্ট বি অংশে যন্ত্রপাতি ও পরিবহন তথ্যাদি একটি নির্দিষ্ট ঘরে লিখতে হবে। এখানে এদের পরিচালনা খরচ একক ও মোট, দুটি অংশে ভাগ করে আলাদা করে লিখতে হবে।তৃতীয় অংশপরিশিষ্ট সি হচ্ছে তৃতীয় অংশের চাওয়া তথ্য, অর্থাত্ তৃতীয় অংশে প্রকল্পের যাবতীয় খরচের পূর্ণ বাজেট তুলে ধরতে হবে প্রকল্প প্রস্তাব উপস্থাপনকারীকে। প্রকল্পের অবকাঠামোগত খরচ, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি, উপদেষ্টা/পরামর্শকের সম্মানী, প্রশিক্ষণ খরচ, সেমিনার/কর্মশালা/সম্মেলন খরচ, অফিস ভাড়া, অফিস যন্ত্রপাতি খরচ, পরিবহন খরচ, ভ্রমণ-ভাতা, কাস্টম ডিউটি ও মূল্য সংযোজন কর (ভ্যাট), অফিস পরিচালনা খরচ (প্রধান ও শাখা অফিসসহ) ও অন্যান্য খরচের পরিমাণ আলাদা করে লিখে তা যোগ করে সর্বমোট খরচ লিখে দিতে হবে।এফডি-২: প্রকল্প প্রস্তাব দাখিল করার সময় এনজিওগুলো প্রকল্প প্রস্তাবের সঙ্গে প্রথম বছরের বৈদেশিক সাহায্য গ্রহণের আবেদন এফডি-২ ফরমে তিনটি অনুলিপিসহ এনজিওবিষয়ক ব্যুরোতে দাখিল করতে হয়। এনজিওবিষয়ক ব্যুরো প্রকল্প অনুমোদনের সঙ্গে প্রথম কিস্তির বৈদেশিক মুদ্রার ছাড়পত্র দেবে।ব্যুরো এ ছাড়পত্রের অনুলিপি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট জেলা প্রশাসককে প্রদান করবে। পরবর্তী বছরে বৈদেশিক সাহায্য গ্রহণের আবেদন এফডি-২ ফরমে পূরণ করে তিন কপিসহ আগের বছরের গৃহীত বৈদেশিক অনুদানের বিবরণী ও অনুদান ব্যয়ের বিবরণী এফডি-৩ ফরমে তিনটি অনুলিপিসহ একই সঙ্গে দাখিল করতে হবে।প্রকল্প প্রস্তাব জমা ও অনুমোদনপ্রকল্পগুলোর অনুমোদন লাভের জন্য এনজিওগুলো নির্ধারিত এফডি-৬ ফরমে প্রকল্প প্রস্তাবটির নয়টি অনুলিপি সহকারে এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের কাছে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনে এনজিওবিষয়ক ব্যুরো এনজিওগুলোকে সহায়তা করে থাকে—জানান মোহাম্মদ ইব্রাহীম। এনজিওবিষয়ক ব্যুরো প্রস্তাবিত প্রকল্পগুলো প্রাথমিক পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে।সংশ্লিষ্ট মন্ত্রণালয় ২১ দিনের মধ্যে এ সম্পর্কে তাদের মতামত প্রদান করে থাকে। যদি প্রকল্পের ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আপত্তি থাকে, তা পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে। এনজিওবিষয়ক ব্যুরো প্রয়োজনবোধে প্রকল্প প্রস্তাব পরিবর্তন বা সংশোধন করে তা অনুমোদন করতে পারে। তবে প্রতিষ্ঠানটি সাধারণ প্রস্তাবপ্রাপ্তির ৪৫ দিনের মধ্যে প্রস্তাবিত প্রকল্পের ওপর সিদ্ধান্ত দিয়ে থাকে।অগ্রাধিকারভিত্তিক খাতএনজিওগুলোর প্রকল্প প্রস্তাব একবর্ষী বা বহুবর্ষী হতে পারে। খুরশীদ আলম বলেন, ‘এনজিওগুলো সরকারের পরিকল্পনায় চিহ্নিত অগ্রাধিকার ক্ষেত্রের সঙ্গে সামঞ্জ্যপূর্ণ প্রকল্প প্রস্তাব জমা দিলে তা অগ্রাধিকার ভিত্তিতে ব্যুরো অনুমোদন ও অর্থ ছাড়করণের ব্যবস্থা করে থাকে। বাংলাদেশে অগ্রাধিকার প্রকল্প খাতগুলো হচ্ছে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, জনস্বাস্থ্য, শিক্ষাসংক্রান্ত, সমাজকল্যাণ; ক্ষুদ্রঋণ কার্যক্রম, মহিলা ও শিশু, আদিবাসী, কৃষি, মত্স্য ও পশুসম্পদ, ত্রাণ ও দুর্যোগ, বিদ্যুত্/জ্বালানিসংক্রান্ত, তথ্যবিষয়ক, স্থানীয় সরকার ও পরিবেশবিষয়ক প্রকল্প প্রস্তাব। ব্যাংক হিসাবপ্রকল্প প্রস্তাবে ব্যাংক ও এনজিও হিসাব নম্বর থাকতে হয়।চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ৩১টি স্থানীয় বেসরকারি ব্যাংক, নয়টি বিদেশি ব্যাংক ও তিনটি বিশেষায়িত ব্যাংকে হিসাব পরিচালনা করতে হবে।প্রকল্প প্রস্তাব যদি সঠিকভাবে তৈরি করে এনজিওবিষয়ক ব্যুরোতে জমা দিতে না পারেন, তবে প্রস্তাব বাতিল হয়ে যেতে পারে। তাই এনজিওগুলোকে কোনো প্রকল্প প্রস্তাব তৈরির সময় অবশ্যই খুঁটিনাটি সব বিষয় যত্নসহকারে খেয়াল করে পূরণ করতে হবে।বিস্তারিত যোগাযোগ: এনজিওবিষয়ক ব্যুরো, ১৩ শহীদ ক্যাপ্টেন মনসুর আলীসরণি, রমনা, ঢাকা-১০০০। ফোন: ৯৫৬২৭৪৩-৫