যেভাবে দিল্লির ধর্ষকদের চিহ্নিত করা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে গত রোববার রাতে এক নারী ধর্ষণের শিকার হওয়ার পরের দিন দিল্লি পুলিশের দ্রুত তত্পরতার ফলে চিহ্নিত করা গেছে ধর্ষকদের। চলচ্চিত্র দেখে বাসে করে বাসায় ফেরার পথে ২৩ বছর বয়সী প্যারামেডিকেলের এক শিক্ষার্থী ও তাঁর প্রকৌশলী ছেলেবন্ধু দুর্বৃত্তদের আক্রমণের শিকার হন।‘দ্য হিন্দু’র খবরে বলা হয়েছে, পুলিশ বাসচালক রাম সিং, সহকারী শরীরচর্চা প্রশিক্ষক বিনয় শর্মা এবং ফলবিক্রেতা পবন গুপ্তকে রাজধানী দিল্লি থেকে এবং রাম সিংয়ের ভাই মুকেশকে রাজস্থান থেকে আটক করে। পুলিশ জানিয়েছে, এখনো তিনজন পলাতক। এদের খুঁজে বের করতে বিহার, উত্তর প্রদেশ ও রাজস্থানে অভিযান চালানো হবে।পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই নারী ভারতের উত্তরখণ্ডের প্রাদেশিক রাজধানী দেরাদুন থেকে দিল্লিতে ইন্টার্ন করতে এসেছিলেন। ঘটনার দিন তিনি ও তাঁর প্রকৌশলী বন্ধু চলচ্চিত্র দেখে মুনির্কা থেকে দাওয়ার্কায় ফিরছিলেন। দাওয়ার্কার একটি বাসায় ওই নারী থাকতেন। দিল্লি পুলিশের কমিশনার নিরাজ কুমার আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্বৃত্তদের আক্রমণের শিকার ওই দুজন মুনির্কা থেকে বাসে ওঠেন। ওই বাসটি সাধারণত স্কুলবাস হিসেবে ব্যবহূত হতো। কিন্তু বাসচালক আইন লঙ্ঘন করে এবং মালিকের শর্ত ভেঙে বাসটি ভাড়ায় চালাতেন। ঘটনার দিন রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তরা রামধর নামের এক ছুতারকে গাড়িতে তুলে তাঁর সর্বস্ব কেড়ে নিয়ে ছেড়ে দেয়। তখন রামধর আর কে পুরাম এলাকা থেকে আইআইটি গেট এলাকার দিকে যাচ্ছিলেন। বাসটি সাধারণত আর কে পুরাম থেকে বিভিন্ন পথে চলত।নিরাজ কুমার বলেন, সেদিন রাতে রাম সিং গাড়ি চালাচ্ছিল না। মুনির্কায় গিয়ে গাড়ি থামিয়ে সে ঘটনার শিকার দুজনকে ডেকে গাড়িতে তোলে। সে তাদের বলে, গাড়ি দাওয়ার্কা যাচ্ছে। গাড়ি চলতে শুরু করলে, রাম সিংসহ আরও ছয় দুর্বৃত্ত ওই নারীর সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে। এ সময় ওই নারীর কাছ থেকে ভাড়া হিসেবে তারা ২০ রুপিও নেয়।দুর্বৃত্তরা যাত্রীদের নানা প্রশ্ন করতে থাকে। তাঁরা কেন রাতে বেরিয়েছিলেন, কোথা থেকে আসছেন, কী করছিলেন ইত্যাদি প্রশ্ন। ছেলেবন্ধুটি একসময় বিরক্ত হয়ে যায় এবং বিরক্ত না করতে বলে। কিন্তু দুর্বৃত্তরা চায় জল ঘোলা করতে। গায়ে পড়ে ঝগড়া বাধায়। শুরু হয় কথা-কাটাকাটি। একপর্যায়ে রাম সিং ও তার সাথিরা ছেলেবন্ধুর মাথায় একটি লোহার রড দিয়ে সজোরে আঘাত করে এবং পেটাতে শুরু করে। নারীটি ছেলেটিকে বাঁচাতে এগিয়ে গেলে, দুর্বৃত্তরা তাঁর ওপরও হামলা চালায়। জোরে জোরে পেটে এবং মুখমণ্ডলে আঘাত করে। দুজনকে পিটিয়ে জখম করে। এ সময় মুকেশ গাড়ি চালাচ্ছিল। এরপর তারা নারীটিকে বাসের পেছনের আসনে টেনে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এরপর তারা মহিপালপুর উড়াল সড়কের ওপরে গিয়ে অচেতন নারী ও তাঁর বন্ধুকে সামনের দরজা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দেয়। পেছনের দরজা নষ্ট থাকায় তা খুলতে পারেনি।এরপর গাড়ি চালাতে থাকে রাম সিং। সে তার সাথে থাকা লোকদের প্রত্যেককে বাসার কাছে নামিয়ে দিয়ে যায়। শেষে, গাড়ি রাখার জন্য মালিকের নির্ধারিত স্থানে গাড়িটি নিয়ে যায়। সেখানে সে রাতেই গাড়িটি ধুয়ে ফেলে রাম সিং। উদ্দেশ্য সব প্রমাণ নষ্ট করা।পরদিন সোমবার দুপুরে সে বাস চালিয়ে আর কে পুরামে যায়। কিন্তু, সেখানে আগে থেকে অপেক্ষা করা পুলিশ ও তদন্তকারী দলের হাতে ধরা পড়ে সে। নিরাজ কুমার বলেন, ‘বাসটি সে (রাম সিং) ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করেছিল। কিন্তু, তারপরও আমরা নখের আঁচড়, ডিএনএ, চুলসহ বিভিন্ন ফরেনসিক প্রমাণ খুঁজে পাই। বাদবাকি দুর্বৃত্তরাও যার যার কর্মস্থলে গিয়েছিল। সেখান থেকেও তাদের ধরা হয়।’ ছেলেবন্ধুটি পুলিশকে বাসের খুঁটিনাটি বর্ণনা দিয়েছিলেন। তদন্তকারীরাও দ্রুত তত্পর হয়েছিল। ফলে অনেক প্রমাণ ও অভিযুক্তদের খুঁজে পাওয়া সহজ হয়। ছেলেবন্ধুটি বাসের চেহারা, রং এবং আসনবিন্যাসের বর্ণনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিলাসবহুল বাসটির রং ছিল সাদা এবং এর গায়ে ‘যাদব’ লেখা আছে। পরিবহন বিভাগের নথিপত্র থেকে এ ধরনের বাস খুঁজে বের করা হয়। প্রথমে সব বেছে মাত্র ৩৭০টি বাস চিহ্নিত করা হয়। এরপর এগুলোর মালিকদের নাম খুঁজে দেখা হয়। দেখা যায়, মাত্র দুটি বাসের মালিকের নামের সাথে ‘যাদব’ উপাধি আছে। প্রথমে একজন মালিকের কাছে যাওয়া হয়। তিনি সম্পৃক্ততা অস্বীকার করেন। এরপর দীনেশ যাদব নামের আরেকজনের কাছে যাওয়া হয়। তিনি বলেন, সম্ভবত তাঁর গাড়ির চালক ওই কাজ করেছে। এরপর বাসটিকে আর কে পুরামের তিন নম্বর সেক্টরে পাওয়া যায়। দ্রুত সেটি শনাক্তও করা হয়। এভাবেই ধরা পড়ে ন্যক্কারজনক ধর্ষণকাণ্ডের অপরাধীরা।