যেভাবে বেঁচে আছি
ইলেকট্রিক বাইক চাই নানগরের বড় সড়কগুলোয় মাঝেমধ্যেই ইলেকট্রিক বাইক চলতে দেখা যায়। এগুলোর কারণে দ্রুতগতির যান চলাচল বাধাপ্রাপ্ত হয়। অথচ গত ২৩ জানুয়ারি ‘ঢাকায় থাকি’ পাতার মাধ্যমে বিআরটিএর কাছে ইলেকট্রিক বাইকের রেজিস্ট্রেশন চেয়েছেন ধানমন্ডির বনি আমিন। এখন আমাদের কথা হচ্ছে, ঢাকা শহরে একদিকে আছে যানজট, আরেকদিকে বিদ্যুৎসংকট। যানজটের কথা বিবেচনা করে ইলেকট্রিক বাইক রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া ঠিক হবে না। কারণ, ধীরগতির যান—এই অজুহাতে ঢাকার অনেক সড়ক থেকে কর্তৃপক্ষ পরিবেশবান্ধব রিকশা বন্ধ করে দিয়েছে। এ ক্ষেত্রে ইলেকট্রিক বাইক চলতে দিলে যানজট বাড়বে, আবার বিদ্যুতের চাহিদাও বাড়বে। কারণ, এগুলোর ব্যাটারি বিদ্যুতে চার্জ করা হয়। এ দুটি দিক বিবেচনায় এনে ঢাকায় এই যানের অনুমোদন দেওয়া ঠিক হবে না। গত বছর শুনেছিলাম, ঢাকা সিটি করপোরেশন ইলেকট্রিক বাইকের লাইসেন্স দিতে চাইছে। তারা এ কাজ থেকে বিরত থাকবে বলে আশা করছি।আফরোজা আহমেদসাতারকুল রোড, উত্তর বাড্ডা।বিশ্বকাপের সময় যা যা করা উচিতবিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু মিরপুরে হওয়ায় এর আশপাশের রাস্তা ও ফুটপাতের সংস্কারকাজ চলছে। দেখাশোনার দায়িত্বে সেনাবাহিনী থাকায় কাজের মান অনেক ভালো হচ্ছে। শুধু সেনাবাহিনীর উপস্থিতিই অনেক কাজের মানোন্নয়নের জন্য যথেষ্ট। সেনাসদস্যদের সামান্য উপস্থিতিই পারে চালক ও মালিকদের মানসিকতা বদলে দিতে (সেনানিবাস এলাকায় ভুলেও কোনো চালক আইন ভঙ্গ করে না)। ফুটপাত ও রাস্তার যেখানে-সেখানে মূত্রত্যাগ বন্ধ করায় উদ্যোগী হতে হবে। এ ক্ষেত্রে জরিমানাসহ তাৎক্ষণিক শাস্তি দিতে হবে। ফুটপাতগুলো পরিষ্কার রাখতে হবে। কারণ, বিদেশিরা নিশ্চয়ই পুরো ঢাকা শহরকে পাবলিক টয়লেট হিসেবে দেখতে চায় না। এ কাজ পুলিশ সদস্যদের দিয়ে সম্ভব নয়। কারণ, পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানার বিধান থাকলেও পুলিশ নিজেই সেখানে ধূমপান করে। প্রধান সড়কগুলো থেকে ময়লার কনটেইনার সরাতে হবে। জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকারগুলো রং করা প্রয়োজন। কারণ, বিদেশিরা জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পার হতে বিব্রত বোধ করবে। শুধু ফুটপাতের সংস্কারই যথেষ্ট নয়, দখলমুক্তও করতে হবে। আর ফুটওভারব্রিজগুলো ভিক্ষুকদের আখড়া। ভিক্ষুকদের নিয়ন্ত্রণ করা জরুরি। পথনির্দেশিকাগুলো সংস্কার করতে হবে। সম্ভব হলে সব দেয়াল লিখনগুলো মুছে ফেলা এবং পোস্টারগুলো অপসারণ করতে হবে। কর্তৃপক্ষ বিষয়গুলো ভেবে দেখবে কী?শাওনমিরপুর-১, ঢাকা।