যেভাবে শেয়ারের দাম বাড়িয়েছেন ইয়াকুব আলী খন্দকার
ইয়াকুব আলী খন্দকার ম্যারিকো বাংলাদেশের শেয়ার লেনদেন শুরু হওয়ার প্রথম দিন থেকেই কেনা শুরু করেছিলেন। তিনি ও তাঁর পরিবারের সদস্যরা মাত্র দুই সপ্তাহে কেনেন পাঁচ লাখ শেয়ার। প্রিমিয়ামসহ ম্যারিকোর শেয়ারের দর ছিল ৯০ টাকা। তিনি প্রথম দাম হাঁকেন ৩২৪ টাকা, কিনতে থাকেন ৪০০ টাকার ওপর পর্যন্ত। ৪০০ টাকার ওপরে দাম নিয়ে যাওয়ার পরই তিনি বিক্রি শুরু করতে থাকেন।তাঁর ও তাঁর পরিবারের বিভিন্ন লোকের নামে থাকা পুরো শেয়ারই বিক্রি করে দেন পরবর্তী এক মাসে, বেরিয়ে যান ম্যারিকোর শেয়ার থেকে। আর এই সময় তিনি মুনাফা করেন কয়েক কোটি টাকা। এ কাজে তিনি একাই ছিলেন না, সঙ্গী করেছিলেন আরও একজনকে, যাঁর নাম আরিফুর রহমান, যাঁর বিও অ্যাকাউন্টেও একই সময় কাছাকাছি পরিমাণ শেয়ার কেনাবেচা হয়। আর এসব কারণেই বাংলাদেশে শেয়ারবাজারের বড় ‘বাজিকর’ বলে পরিচিতি পেয়েছেন ইয়াকুব আলী খন্দকার। একসময়ের ব্যাংকার কোন শেয়ার ধরছেন আর ছাড়ছেন, তা নিয়ে বাজারে সব সময় নানা গুজব। সম্প্রতি তাঁর বিরুদ্ধে একটি কোম্পানির শেয়ারে কারসাজি করে দাম বাড়ানোর প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।তবে বিভিন্ন শেয়ারের দাম ওঠানো-নামানোর ক্ষেত্রে ইয়াকুব আলী খন্দকারের ভূমিকা দীর্ঘদিন ধরে আলোচনায় আছে। এসইসি ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার তদারকির দুর্বলতার ফাঁক দিয়ে তিনি মুনাফা করেছেন কোটি কোটি টাকা। নিজের বিনিয়োগের বাইরে অন্যদেরও অর্থ লগ্নি করেন তিনি। ২০০৮ সালে ডিএসইর এক গোপন তদন্তে সেসব তথ্য আছে। ইয়াকুব আলী খন্দকার প্রথম আলোকে জানান, ১৯৯৩ সাল থেকে তিনি শেয়ারের ব্যবসা করছেন। সিকিউরিটিজ আইনের সব নিয়মকানুন মেনেই তিনি ব্যবসা করছেন। শেয়ারবাজারের অনেক কারসাজির নায়ক হিসেবে দেখা হয় তাঁকে, এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আমি কাউকে শেয়ার কিনতে বা বেচতে বলেছি, এর কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। আমার নাম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র বাজারে গুজব ছড়ায়। আমি নিজেও এর তদন্ত চাই। কারণ আমি যা নই, আমার সম্পর্কে সেই প্রচারণা গড়ে উঠেছে। এতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’ তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ম্যারিকোর শেয়ারের কৃত্রিম চাহিদা তৈরি করে ইয়াকুব খন্দকার ও আরিফুর রহমান অন্তত পাঁচ কোটি টাকা মুনাফা করেছেন মাত্র এক মাসের মধ্যে। এসইসির তদন্তে এসবের প্রমাণও আছে। তবে পুঁজিবাজারের অন্য একটি সূত্র নিশ্চিত করেছে, এই সময়ে তাঁরা দুজনে প্রায় ৫০ কোটি টাকার সমমূল্যের ম্যারিকোর শেয়ার কেনাবেচা করেছেন। এতে তাঁদের মুনাফার পরিমাণ হবে আরও অনেক বেশি।ম্যারিকোর শেয়ারের কারসাজি নিয়ে ইয়াকুব আলী খন্দকারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘যেহেতু এ বিষয়ে তদন্ত চলছে, তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।’ আরিফুর রহমানকে ব্যক্তিগতভাবে চেনেন কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিচয় নেই।’আরিফুর রহমানের বিও অ্যাকাউন্ট আছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মার্চেন্ট ব্যাংকিং বিভাগে। তাঁর বিও অ্যাকাউন্টে যে ফোন নম্বর ব্যবহার করা হয়েছে, সেটি বন্ধ পাওয়া যায়। ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান বলেন, ইয়াকুব আলী আলোচনায় উঠে আসেন দুই বছর আগে। ২০০৮ সালে বাজারে কাদের বড় ধরনের বিনিয়োগ আছে এবং শেয়ারের মূল্য বৃদ্ধি ও কারসাজির বিষয়ে কারা সম্পৃক্ত, এ বিষয়ে অনানুষ্ঠানিক অত্যন্ত গোপনীয় একটি তদন্ত হয়েছিল। এ বিষয়টি এসইসির তত্কালীন চেয়ারম্যান জানতেন এবং একজন সদস্যও জানতেন। তদন্ত প্রতিবেদনের একটি কপি তাঁরা পেয়েছিলেন। এই তদন্তে ইয়াকুব আলী খন্দকারের নাম এসেছিল। কিন্তু এসব বিষয় জানার পরও এসইসি দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ইয়াকুব আলী খন্দকারের আনুষ্ঠানিক প্রতিবাদ৮ মার্চ দৈনিক প্রথম আলোতে ‘শেয়ারবাজারে কারসাজির দায়ে দুজনকে শুনানিতে ডেকেছে এসইসি’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ করেছেন ইয়াকুব আলী খন্দকার। বক্তব্যে তিনি বলেন, ‘জুয়াড়ি’ শব্দটি ব্যবহারের কারণে তিনি পারিবারিক, সামাজিক ও ব্যবসায়িকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ারের মূল্য বৃদ্ধির প্রসঙ্গে যে অভিযোগ আনা হয়েছে, তাও ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।প্রতিবেদকের বক্তব্যপ্রতিবেদনের কোথাও তাঁর নামের সঙ্গে ‘জুয়াড়ি’ শব্দটি ব্যবহার করা হয়নি। তবে এসইসির তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের কারসাজির সঙ্গে যুক্ত বলে মতামত দেওয়া হয়েছে।