যেভাবে হত্যা চলছে, তাতে গণতন্ত্র ছটফট করছে
বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, ‘হত্যার মিছিল পাহাড়সম হয়েছে। আজ নদীতে, খালে-বিলে বস্তাবন্দী ১০ টুকরো, ১৮ টুকরো লাশ পাওয়া যাচ্ছে। স্যুটকেসে, সেপটিক ট্যাংকে মানুষের লাশ পাওয়া যাচ্ছে। যেভাবে একের পর এক হত্যা চলছে, তাতে আজ গণতন্ত্র আহত অবস্থায় ছটফট করছে।আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তরিকুল ইসলাম এসব কথা বলেন। দলের ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম মজুমদার হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।এখন রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘এর জন্যই ইলিয়াছ আলী ও চৌধুরী আলম গুম হয়, রফিকুল ইসলাম খুন হয়। এ পর্যন্ত ১৫৭ জনকে গুম করা হয়েছে। একে একে গুমের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।’ এর থেকে মুক্তি পেতে ইস্পাত-কঠিন গণঐক্য গড়ে তুলে স্বৈরাচারের পতন ঘটাতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা প্রকৃত খুনিদের খুঁজে বের করতে পুলিশের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘সরকারের কোনো সংস্থা দায় চাপানোর জন্য পুলিশের হাতকড়া পরা অবস্থায় লাশ ফেলে যায় কি না, তা আপনাদের বের করতে হবে।’