যেমন বুনো ওল, তেমন বাঘা তেঁতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক স্বল্পতা ও চিকিৎসকের উদাসীনতায় স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। বিদ্যুতের অজুহাতে এক্স-রে মেশিন রয়েছে বন্ধ। চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার এক লাখ ৪০ হাজার লোক। চিকিৎসক ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ২৬ সেপ্টেম্বর স্থানীয় লোকজনদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব শাখা, অফিস সহকারীর অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে তালা ঝুলিয়ে দেন। ২৬ সেপ্টেম্বর রোববার তালা লাগানোর ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী মাহফুজার রহমান ও প্রত্যক্ষদর্শী সুমন (৩০), বাবু (২৮), একরামুল (৩৮) জানান, উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের গোলাম মোস্তফা সরকার, হারুন-অর-রশীদ, আবু বকর সিদ্দিক মিলনের নেতৃত্বে ১৫/২০ জন লোক দুপুরে এসে চিকিৎসক না পেয়ে হিসাব শাখা, অফিস সহকারীর অফিসকক্ষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে অফিস সহকারীদের হাত দিয়েই তালা ঝুলিয়ে দেন। আন্তবিভাগে সার্বক্ষণিক চিকিৎসক ও কর্মরত চিকিৎসকদের কর্মস্থলে থেকে সেবার মান নিশ্চিত না করা পর্যন্ত কক্ষ না খুলতে নিষেধ করে চলে যান নেতারা।অফিস সহকারী মাহফুজার রহমান বলেন, ‘আন্তবিভাগে সার্বক্ষণিক একজন চিকিৎসক ও অমিত কুমার বসুসহ দায়িত্বরত চিকিৎসকদের ফুলবাড়ীতে থাকার দাবি জানিয়ে তালা লাগাতে নেতারা বাধ্য করেন।’উপজেলা ছাত্রলীগের সভাপতি হারুন-অর-রশীদ তালা লাগানোর কথা স্বীকার করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে দায়িত্ব পালন না করে বিল-ভাউচার করে সরকারের টাকা নেবেন চিকিৎসকেরা, তা হতে পারে না। তাঁরা না এলে বিল, বেতন বন্ধ থাকবে, আমরা এই প্রস্তাব দিয়ে অফিস ঘর বন্ধ রাখতে বলেছি। উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য গোলাম মোস্তফা সরকার বলেন, ‘ফুলবাড়ীতে চিকিৎসক থাকতে চান না, এটা কী মগের মুল্লুক! মন চায় না বলে দায়িত্ব পালন না করে সরকারি টাকা চিকিৎসকেরা ইচ্ছামতো তুলে নেবেন? ’উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ বলেন, ‘দীর্ঘদিন ধরে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নেই, এটা সবাই জানে। এমপিও জানেন, কিন্তু কাজ কিছুই হয় না। এ কারণে তালা লাগানো ঠিক আছে।’উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যলয় সূত্রে জানা গেছে, এই বিভাগে চিকিৎসকসহ ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে শূন্যই রয়েছে ২৫টি। তবে স্বাস্থ্যসেবার মান ভালো বলে দাবি অফিসের।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোদাব্বের আলী বলেন, ‘এখানে চিকিৎসক থাকতে চান না। আমিও চাই না। তার পরও থাকতে হচ্ছে।’ ফুলবাড়ীতে না থাকার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, যোগাযোগব্যবস্থা অনুন্নত, প্রথম শ্রেণীর অন্য কর্মকর্তার সংখ্যাও কম। তার স্ত্রীও দূরে চাকরি করেন। তাঁর পরিবারের জন্য এখানে থাকা সমস্যা।