আজ চ্যানেল আইয়ে প্রচারিত হবে টেলিফিল্ম ‘কচুরিপানা’। এটি পরিচালনা করেছেন তুষার খান। আজ কথা হয় তাঁর সঙ্গে।প্রথমবারের মতো পরিচালনা করলেন। কেমন লাগল পরিচালনার কাজ করতে?টেলিফিল্মের কাজ শুরুর সাত-আট দিন আগে হঠাৎ রাতে আর ঘুমাতে পারতাম না। মনে হতো, এটা এখনো করা হলো না, ওটা কে করবে? ছটফট করতাম। এক ধরনের টেনশন পেয়ে বসল আমাকে। তারপর শুটিংয়ের দিন মনে হলো, সারা জীবন সকালবেলা সহকারী পরিচালক বা পরিচালকের ফোন পেয়েছি। ‘ভাই, রওনা দিয়েছেন তো?’ আর শুটিংয়ের দিন এমন হলো যে আমি ফোন করা শুরু করে দিলাম শিল্পীদের। ভাই রওনা হয়েছেন তো। এই হলো অভিজ্ঞতা আরকি!কাজটা কেমন হচ্ছে বলে মনে করেন?টেলিফিল্মটি যখন সম্পাদনা করলাম, তখন যাঁরা দেখেছেন, তাঁরা তো বলেছেন ভালোই হয়েছে। আমার নিজের কথা যদি বলেন, তাহলে বলব, যেমনটা আশা করেছি, সে রকমই বানিয়েছি। এখন দর্শকদের মতামত জানার জন্য অপেক্ষা করছি।আপনি তো অভিনয় করলেন, গান করলেন, রান্নার অনুষ্ঠান করলেন, উপস্থাপনা করলেন এবং পরিচালনাও করলেন। সামনে আর কী করার ইচ্ছা আছে?এখন তো বাকি আছে একটাই—টেলিভিশনে সংবাদ পাঠ করা। ওটা বোধহয় আমাকে দিয়ে হবে না। তবে সুযোগ এলে সেটা দেখা যাবে। আসলে আমি অভিনয় করি, তা ছাড়া যখন সব মাধ্যমেই কাজ করি, তখন নানা ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারি। এসব অভিজ্ঞতা অনেক কাজেই লাগে।আপনি তো অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক। সম্প্রতি পরিচালক ও প্রযোজকদের সংগঠনসহ আপনাদের সংগঠনের মধ্যে একটি সমঝোতা চুক্তি করেছেন। সেখানে শিল্পীদের অনেক নিয়মকানুনের বাধ্যবাধকতায় নিয়ে আসার কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, শুটিং স্পটে মুঠোফোনের ব্যবহার বন্ধ করা, সময়মতো শুটিং সেটে আসা। এগুলো কি বাস্তবায়ন করা সম্ভব?আসলে এসব সমঝোতা চুক্তি বাস্তবায়ন করা সম্ভব। তবে এ জন্য প্রয়োজন হচ্ছে সবার সহযোগিতার। এখানে শিল্পীদের বেলায় যেমন কিছু বাধ্যবাধকতা আছে, তেমনি আবার শিল্পীদের জন্য অনেক সুযোগ-সুবিধার কথাও আছে। কেউ যেন পারিশ্রমিক নিয়ে হয়রানি করতে না পারেন, সে ব্যাপারেও পরিষ্কার কথা বলা আছে। আর আমাদের শিল্পীরা যেন সময়মতো শুটিং স্পটে আসেন, এ ব্যাপারে সবার প্রতি আহ্বান জানব। আসলে এখন একটি নাটকের ব্যয় অনেক। এ জন্য সময়মতো শুটিং স্পটে এলে ব্যয়টা একটু কম হবে।কেউ যদি সেটা না মানেন?তাহলে আমরা তাঁর সঙ্গে কথা বলব। কী সমস্যা হচ্ছে, সেটা দেখব। আলাপ-আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।