যেসব ইস্যুতে বিভক্ত ওবামা-রমনি
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ২৭ জন। কিন্তু, আলোচনার কেন্দ্রবিন্দুতে মাত্র দুজন। ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী বারাক ওবামা এবং রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি। বাকি প্রার্থীরা মেনে নিয়েছেন, তাঁরা জিতবেন না। তবুও প্রতিযোগিতা করছেন। প্রচার চালাচ্ছেন। বিক্ষোভে-সমাবেশে অংশ নিচ্ছেন। অর্থনীতি, করারোপ, প্রতিরক্ষা ও সামরিক বাহিনী, স্বাস্থ্যসেবা, গর্ভপাত, অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং দারিদ্র্য নিয়ে দারুণ তর্ক চলছে দেশজুড়ে। প্রার্থীরা এসব ইস্যুতে নিজেদের অবস্থান জানাচ্ছেন ভোটারদের, সঙ্গে ভোটও চাইছেন। দেশটির প্রধান সংবাদমাধ্যমগুলো আলোচনা করছে মূলত ওবামা ও রমনির মতামত নিয়ে। জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য বিমোচনের মতো ইস্যুতে দুই প্রার্থী নীরব থাকলেও অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে তাঁদের মত ভিন্ন।অর্থনীতিঅর্থনীতি বিষয়ে ওবামার নতুন কোনো দিকনির্দেশনা নেই। প্রেসিডেন্ট হিসেবে তিনি যেসব কর্মসূচি হাতে নিয়েছিলেন, সেগুলোকে অব্যাহত রাখাই তাঁর প্রধান প্রতিশ্রুতি। বিবিসির খবরে বলা হয়, ওবামা তাঁর চার বছরের শাসনামলে দ্য আমেরিকান রিকভারি অ্যান্ড রিইনভেস্টমেন্ট অ্যাক্ট পাস করেছেন। এ আইন অনুযায়ী সরকার সাত লাখ ৬৮ হাজার কোটি ডলারের এক প্রণোদনা কর্মসূচি হাতে নেয়। সরকার কর মওকুফ এবং শিক্ষা, অবকাঠামো, জ্বালানি, গবেষণা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ করে। দেশটির গাড়ি নির্মাণ খাতকে ধ্বংস থেকে বাঁচাতেও বিপুল অর্থ প্রণোদনা দেওয়া হয়। দেশটির অর্থনীতিকে চলমান মন্দার হাত থেকে বাঁচাতে ওবামার সরকার কলম্বিয়া, পানামা ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সহযোগিতা ও বিনিয়োগ চুক্তিও স্বাক্ষর করেছে। রমনির নির্বাচনী প্রতিশ্রুতির প্রধান দিক হলো, তিনি কর মওকুফের ক্ষেত্র নির্দিষ্ট করতে চান, ওবামার পাস করা স্বাস্থ্যসেবা আইন এবং ওয়াল স্ট্রিট ও ব্যাংক নীতি বাতিল করতে চান। যেমন করেই হোক তিনি চান অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে। এ কারণে তিনি গাড়ি নির্মাণ খাতে সরকারি প্রণোদনার বিরোধিতা করছেন। বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকারের ব্যয় হ্রাসের পরিকল্পনাও আছে তাঁর। তবে নির্দিষ্ট করে জানাননি, কোন কোন খাতে হাত দিতে চান তিনি।করারোপওবামা অনেকে ধরনের কর হ্রাস করলেও প্রত্যেক বাড়ি বা খানার কর মওকুফ করে বুশ প্রশাসন যে আইন জারি করেছিল, সেটি বাতিল করতে চান। এ আইনটি বাতিল করলে ওবামা সরকারের বার্ষিক আয় বাড়বে আড়াই লাখ ডলার। রমনি ক্ষমতায় গেলে সব ধরনের কর মওকুফ জারি রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সবচেয়ে বেশি কর প্রদানকারী যাতে সর্বোচ্চ সুবিধা পান, সেটিও তিনি নির্ধারণ করতে চান। স্বাস্থ্যসেবাযেসব নাগরিক স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য প্রয়োজনীয় ইনস্যুরেন্স বা বিমা করতে অক্ষম, তাঁরাও যাতে স্বাস্থ্যসেবা পান, সেটি নিশ্চিত করতে চান ওবামা। এ জন্য স্বাস্থ্য খাতে সরকারি অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন ওবামা। অন্যদিকে রমনি চান, ২০১০ সালে ওবামার পাস করা স্বাস্থ্যনীতি বাতিল করতে। যাঁরা বিমা করতে পারছেন না, তাঁরা যাতে সহজে তা করতে পারেন, সে জন্য রমনি বিভিন্ন বিমা কোম্পানিকে সুবিধা দিতে চান। এখন পর্যন্ত জনগণের স্বাস্থ্যসেবার যতটুকু দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে আছে, সেটি রমনি রাজ্য সরকারের হাতে বুঝিয়ে দিতে চান। অভিবাসনঅবৈধ অভিবাসীদের ক্ষেত্রে দুই প্রার্থীর অবস্থান ভিন্ন। প্রেসিডেন্ট হিসেবে ওবামা নির্বাহী ক্ষমতাবলে বয়সে তরুণ এমন অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ব্যবস্থা নিয়েছেন। অপরদিকে, রমনি ওবামার এসব সাময়িক সমাধানের ব্যাপক সমালোচনা করেছেন। তবে তিনি ওবামার নীতি বাতিল করবেন কি না, তা পরিষ্কার করে জানাননি। তিনি চান, সরকারের এমন নীতি গ্রহণ করা উচিত, যাতে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বাস করা ক্রমে অসম্ভব হয়ে ওঠে এবং তাঁরা নির্বাসিত হতে বাধ্য হয়।প্রতিরক্ষাবিশ্বজুড়ে যুদ্ধ অব্যাহত রাখতে দুই প্রার্থীর মত অভিন্ন। তবে ওবামা ইরাক থেকে সেনা সরিয়ে নিয়েছেন, আফগানিস্তান থেকেও অধিকাংশ সেনা সরাতে আগ্রহী। আসছে এক দশকে তিনি দেশটির সামরিক ব্যয় প্রায় সাড়ে ৪৮ কোটি ডলার কমাতে চান। রমনি মনে করেন, দেশটির সামরিক ব্যয় বাড়ানো উচিত। তিনি পেন্টাগনের বাজেট আরও এক লাখ ডলার বাড়াতে চান। জননিরাপত্তায় আমলাতন্ত্রের দৌরাত্ম্যেরও অবসান চান তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বদ্ধপরিকর দুই প্রার্থী। তবে ইরানকে থামাতে এখনই যুদ্ধে যেতে আগ্রহী নন ওবামা। এখনো তিনি আলোচনা চালাতে চান। ইরানকে আলোচনায় বসতে বাধ্য করতে তিনি নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে চান দেশটির ওপর। রমনি মনে করেন, ইরানকে থামাতে এখনই দেশটির ওপরে হামলা চালানো উচিত। তিনি আরও মনে করেন, যুক্তরাষ্ট্রের উচিত ভূমধ্য সাগর ও পারস্য সাগরে সেনা মোতায়েন করা। ইরান সরকারের বিরোধী গোষ্ঠীকে প্রকাশ্য সমর্থন দেওয়ার ঘোষণাও দিয়েছেন রমনি।গর্ভপাতমার্কিন সামাজিক রীতি, ধর্মাচরণ ও রাষ্ট্রীয় নীতিতে গর্ভপাত বিষয়টি নিয়ে বিতর্ক অনেক পুরোনো। ক্ষমতায় থাকার সময় বারাক ওবামা গর্ভপাতকে সমর্থন করেছেন। তিনি মনে করেন, গর্ভপাত করাটা একজন নারীর অধিকার। গর্ভপাতকে সঠিক বলে মনে করেন, এমন দুজন ব্যক্তিকে তিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। রমনি ইতিমধ্যে ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট হিসেবে তাঁর শাসনামল হবে জীবনের উপযোগী। তিনি গর্ভপাতের বিরোধী। যদিও ২০০২ সালে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করার সময় রমনি গর্ভপাতের পক্ষপাতী ছিলেন। এখন তিনি মনে করেন, এ বিষয়ে আইনি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকা উচিত কেন্দ্রীয় সরকারের বদলে অঙ্গরাজ্যের সরকারের হাতে।