যেসব কারণে ভালো ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় এবার নজরকাড়া ফল হয়েছে। উত্তীর্ণের হার এবং জিপিএ-৫ উভয়ের সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে। শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হওয়ায় এর প্রভাব পড়েছে পরীক্ষার ফলাফলে।বিশ্লেষণে দেখা গেছে, নকল কমে গেছে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হচ্ছে। অভিভাবকেরা সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে যত্ন নিচ্ছেন। শিক্ষকেরাও খাতা দেখায় আগের চেয়ে উদার। নম্বর দিতে এখন তাঁরা কৃপণতা করেন না। এসবের পাশাপাশি এবার ইংরেজি ও গণিতে ভালো করেছে শিক্ষার্থীরা। এ সবকিছুর ইতিবাচক প্রভাবে বেড়ে গেছে পাসের হার।ভালো ফলের কারণ জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ইংরেজি ও গণিতে এবারও ভালো করায় সামগ্রিক ফলাফলে ইতিবাচক প্রভাব পড়েছে। এ ছাড়া পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও আন্তরিকতা বেড়েছে। উদাহরণ হিসেবে ফাহিমা খাতুন বলেন, এবার ঢাকা বোর্ডে মানবিকে পাসের হার অনেক বেড়েছে। গতবার যেখানে এই বোর্ডে মানবিকে পাসের হার ছিল ৬৫ শতাংশ। এবার তা বেড়ে হয়েছে ৭৪ দশমিক ৩১ শতাংশ। মূলত ইংরেজি ও গণিতে ভালো করায় মানবিকে পাসের এই হার বেড়েছে বলে তিনি মনে করেন।গতকাল প্রকাশিত ফল অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। পাসের হার হয়েছে ৮২ দশমিক ১৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ৭৮৮ জন, যা গতবারের চেয়ে উভয় দিক দিয়েই বেশি। গতবার পাসের হার ছিল ৭৮ দশমিক ১৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৬২ হাজার ১৩৪ জন। ভালো ফলের কারণ জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, ভালো ফলের কারণ হলো, এখন প্রতিযোগিতা বেড়েছে। ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, অভিভাবকদের মধ্যেও সচেতনতা বেড়েছে। আরেকটি কারণ হচ্ছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা বেড়ে যাওয়া।ইংরেজি ও গণিত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা ভীতি কাজ করে। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, শিক্ষার্থীরা এই দুটি বিষয়েও ভালো করেছে। ঢাকা বোর্ডে ইংরেজি প্রথম পত্রে এবার পাসের হার ৯৭ শতাংশ ও দ্বিতীয় পত্রে পাসের হার ৯৪ শতাংশ। আর গণিতে পাসের হার ৯২ শতাংশ। গণিতে গতবার পাসের হার ছিল ৮৮ দশমিক শূন্য ৮ শতাংশ। অন্যান্য বোর্ডেও গণিত ও ইংরেজিতে পাসের হার বেড়েছে। বাড়ছে মেধাবীর সংখ্যা: এবারের ফলাফলের সঙ্গে অতীতের ফলাফল তুলনা করে দেখা গেছে, মেধাবী শিক্ষার্থীর সংখ্যা বাড়ছেই। এখন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের কাগজে-কলমে মেধাবী বলা হয়। এবার আট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ৭৮৮ শিক্ষার্থী। অথচ এক দশক আগে ২০০১ সালে গ্রেডিং পদ্ধতি চালুর প্রথম বছর জিপিএ-৫ পেয়েছিল মাত্র ৭৬ জন শিক্ষার্থী। ২০০২ সালে জিপিএ-৫ পায় ৩২৭ জন, ২০০৩ সালে এক হাজার ৩৮৯ জন, ২০০৪ সালে আট হাজার ৫৯৭ জন, ২০০৫ সালে ১৫ হাজার ৬৩১ জন, ২০০৬ সালে ২৪ হাজার ৩৮৪ জন, ২০০৭ সালে ২৫ হাজার ৭৩২ হয়েছে, ২০০৮ সালে ৪১ হাজার ৯১৭ জন, ২০০৯ সালে ৪৫ হাজার ৯৩৪ জন এবং গতবার (২০১০) পেয়েছিল ৬২ হাজার ১৩৪ জন। এবার গতবারের চেয়ে জিপিএ-৫ বেশি পেয়েছে ৬৫৪ জন। বিজ্ঞান ও বাণিজ্যে ছাত্রছাত্রীর পাস প্রায় সমান: এবারের এসএসসি পরীক্ষায় ছাত্রীদের চেয়ে ছাত্রদের গড় পাসের হার সামান্য বেশি। ছাত্রদের উত্তীর্ণের হার ৮৩ দশমিক ৬২ শতাংশ। অপর দিকে ছাত্রীদের উত্তীর্ণের হার ৮০ দশমিক ৭২ শতাংশ। তবে গ্রুপভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় ছাত্র ও ছাত্রীর পাস প্রায় সমান। বিজ্ঞানে ছাত্রদের উত্তীর্ণের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ। আর ছাত্রীদের এই হার ৯০ দশমিক ৭৮ শতাংশ। ব্যবসায় শিক্ষায় ছাত্রদের পাসের হার ৮৬ দশমিক শূন্য ৮ শতাংশ আর ছাত্রীদের হার ৮৬ দশমিক ৭৬ শতাংশ। মানবিকে ছাত্রদের পাসের হার ৭৪ দশমিক ৬৯ শতাংশ। আর ছাত্রীদের এই হার ৭৩ দশমিক ৮৯ শতাংশ। মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল চার লাখ ৯১ হাজার ৪০ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে চার লাখ ১০ হাজার ৬০১ জন। অপর দিকে চার লাখ ৯৫ হাজার ৬১০ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে চার লাখ ৬৫ জন। ঘুরেফিরে একই প্রতিষ্ঠান: প্রতিষ্ঠানভিত্তিক ভালো ফলাফলের ক্ষেত্রে এবারও সেই পুরোনো চিত্র ফুটে উঠেছে। ঘুরেফিরে চেনা প্রতিষ্ঠানগুলোই ভালো করেছে। ঢাকা বোর্ডে সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ-মতিঝিল, রেসিডেনসিয়াল মডেল কলেজের মতো প্রতিষ্ঠানগুলো ভালো করেছে। পাশাপাশি ক্যাডেট কলেজগুলোও শীর্ষ তালিকায় রয়েছে। অন্য বোর্ডগুলোতেও পরিচিত প্রতিষ্ঠানগুলোই ভালো করেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কম। এ জন্য ভর্তির ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের ওপর বেশি চাপ পড়ে। সরকার এখন মানসম্মত শিক্ষা দিয়ে মানসম্মত প্রতিষ্ঠান বাড়ানোর চেষ্টা করছে বলে তিনি জানান। মফস্বলে পাসের হার বাড়ছে: প্রতিষ্ঠানের দিক থেকে নামীদামি প্রতিষ্ঠানগুলো শীর্ষে অবস্থান করলেও মফস্বলের সার্বিক ফল ভালো হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, গতবার শেরপুর ও জামালপুরের ফল অনেক খারাপ হয়েছিল। এবার ওই দুটি জেলায় ভালো ফল হয়েছে। এর মধ্যে শেরপুরে পাসের হার ৭৮ দশমিক ৪৬ শতাংশ, জামালপুরে ৭৯ দশমিক ১৫ শতাংশ। মন্ত্রী আরও জানান, এবার এসএসসিতে ১৫ হাজার ৪৪৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৪ হাজার ৮৮৪টি প্রতিষ্ঠানে পাসের হার ৫০ থেকে ১০০ শতাংশের মধ্যে। এতে বোঝা যাচ্ছে, মফস্বলের ফল ভালো হয়েছে। তিনি জানান, ঢাকা মহানগরে এবার পাসের হার ৯৩ দশমিক ৩৫ শতাংশ। প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ছে: প্রযুক্তির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। এখন ওয়েবসাইট, মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তা ও ই-মেইলের মাধ্যমে ফল জানা যায়। বিদ্যালয়ে না গিয়ে প্রযুক্তির মাধ্যমে ফল জেনে নেওয়ার প্রবণতা লক্ষ করা গেছে।ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মন্জুরুল কবীর প্রথম আলোকে জানান, এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রথম তিন ঘণ্টায় প্রায় ৩৫ লাখ মানুষ ওয়েবসাইটে ফল জানার জন্য হিট করেছে। গতবার ফল প্রকাশের পর কয়েক ঘণ্টায় হিট করেছিল ২০ লাখ ৫০ হাজার মানুষ। মন্জুরুল কবীর আরও জানান, একই সময় এবার ফল জানতে মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তা আসে ২৪ লাখ। গতবার প্রথম দিকে বার্তা এসেছিল আট লাখ ৬৮ হাজার।