যোগ-বিয়োগের স্মৃতি
হজ-ব্যবস্থাপনার কাজে থাকার কারণে পরপর সাতবার হজ করার সুযোগ পেয়েছি। তারই কিছু স্মৃতি নিয়ে এই লেখা।অনেকেরই নিশ্চয় মনে আছে, একবার মক্কার অদূরে মিনার জামারায় (শয়তানকে পাথর মারার স্থানে) পাথর নিক্ষেপ করতে গিয়ে পদপিষ্ট হয়ে অনেক হাজি মারা গিয়েছিলেন। সেটা ২০০৫ সাল। এই নিহত হাজিদের মধ্যে ১১ জন ছিলেন বাংলাদেশি। ছয়জন সৌদিপ্রবাসী, বাকি পাঁচজন বাংলাদেশ থেকে হজে গিয়েছিলেন। এত বড় ঘটনা, কিন্তু সৌদি কর্তৃপক্ষ গণমাধ্যমের কাছে মুখ খুলছে না। আমরা উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছি।এই শোকাবহ দিনগুলোতে যাঁদের পরিচয় জানা গিয়েছিল, তাঁদের দাফন করা সম্ভব হয়েছিল। বাংলাদেশ হজ মিশনের পক্ষ হয়ে আমরা মক্কার সব হাসপাতাল খুঁজে বেড়াচ্ছি, খুঁজছি কবরস্থান। কোনো কোনো হাজি এসে বলছেন, তাঁদের সঙ্গী কেউ কেউ নিখোঁজ। কিন্তু খোঁজ মিলছে না কোনোভাবেই।তাৎক্ষণিকভাবে যাঁদের দাফন করা হয়েছে, তাঁদের পরিচয় জানা গেছে। কিন্তু যাঁদের পরিচয় সময়ের অভাবে জানা যায়নি, তাঁদের রাখা হয়েছে মোয়াইসিমে (লাশ রাখার হিমঘর)। আমাদের একটা সুবিধা ছিল, মক্কার হাসপাতাল, কবরস্থান বা মোয়াইসিমে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীসহ অন্যান্য কর্মীর বেশির ভাগই বাংলাদেশি। তাঁদের কাছ থেকে ভেতরের খবর জানা যায়।দুর্ঘটনার তিন-চার দিন এদিক-সেদিক খোঁজাখুঁজির পর হিমঘরে গেলাম মৃতদেহ শনাক্ত করার জন্য। মৃত ব্যক্তিদের সঙ্গে থাকা জিনিসপত্র কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে। মিনার মোয়াইসিমে থেকে জানানো হলো, ৩৬২টি মৃতদেহের মধ্যে ১১ জন বাংলাদেশি। লাশের সঙ্গে তাঁদের ব্যবহূত ব্যাগ বা বাংলাদেশের পতাকা থাকায় বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়।হিমঘরের নোটিশ বোর্ডে মৃত ব্যক্তিদের ছবি টাঙানো ছিল। আমাদের বলা হলো, ‘এরা সম্ভবত বাংলাদেশি, তোমরা শনাক্ত করো।’ তাকিয়ে দেখলাম, সদ্য হজ শেষ করা নিথর মুখগুলো। আমাদের সঙ্গী অনুবাদক মুসা হেলালি চারটি ছবি তুলে আমাকে দিলেন। ছবিগুলো স্ক্যান করে গভীর রাতে প্রথম আলোয় পাঠালাম। পরদিন নগর সংস্করণে ছবিগুলো ছাপা হলো। ছবি দেখে আত্মীয়স্বজনেরা লাশ শনাক্ত করেন।সেই দিন হিমঘরে দেখা নিথর মুখগুলো এখনো মনে ভাসে।২.‘আমি তো বাড়ির ঠিকানা ভুলে গেছি!’ বললেন একজন নারী।এই বছরের কথা। সপ্তাহ খানেক আগে জুমার নামাজ শেষে মক্কায় বাংলাদেশ হজ মিশনে এসে তিনি এ কথা বললেন। অসুস্থ ছিলেন বলে তাঁকে বাসায় রেখে তাঁর ভাই মসজিদুল হারামে নামাজ আদায় করতে গিয়েছিলেন। তিনি ভাবলেন, এত কাছে কাবা শরিফ, তিনিও যাবেন নামাজ আদায় করতে। কাবা শরিফে মক্কার চারদিক থেকেই প্রবেশ করা যায়। প্রবেশপথগুলো দেখতে একই রকম। শুধু প্রবেশপথের নম্বর ও নাম আলাদা। নামাজ শেষ করে ভুল পথে বেরিয়ে আসেন তিনি।এদিকে ভাই নামাজ শেষে ঘরে ফিরে অসুস্থ বোনকে না পেয়ে পাগলপ্রায়। আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। সন্ধ্যার সময় ভাই আসেন মক্কার মিসফালাহ হজ মিশনে বোনকে খুঁজতে। অসুস্থ বোন ঘুরতে ঘুরতে বাংলাদেশি পথচারীদের সহায়তায় হজ মিশনে এসে পৌঁছান সন্ধ্যায়। অবশেষে ভাইবোনের দেখা যখন মিলল, তখন একে অপরকে জড়িয়ে সেকি কান্না! আনন্দের কান্না!৩.ছেলেটা ১০ বছর ধরে সৌদি আরবে। এখন পুরোদস্তুর যুবক। তার মা এসেছেন হজ করতে। বহুদিন পর মা-ছেলেতে দেখা হবে। বাংলাদেশ হজ মিশনের কার্যালয় তখন মিসফালা গ্রিন পার্কের কাছে। তথ্যপ্রযুক্তি সেবাকেন্দ্রে বাংলাদেশ থেকে আসা হজযাত্রীদের তথ্য দেওয়া হয়। কোনো হাজি হারিয়ে গেলে অথবা কোনো হাজির আত্মীয়স্বজন তাঁকে খুঁজতে এলে কম্পিউটারে পাসপোর্টের নম্বর দিয়ে তাঁদের মক্কার বাসার ঠিকানা বলে দেওয়া হয়। ছেলে সেখানে এসেছে মাকে খুঁজতে।কিন্তু সে যে নাম-ঠিকানা বলছে, সেখানে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কম্পিউটার ডেটায় দেওয়ার সময় দলনেতা হয়তো মায়ের নাম-ঠিকানা ভুল দিয়েছে, কোনোভাবেই মেলানো যাচ্ছে না। সম্ভাব্য ছবি দেখানো হলেও ছেলে ছবি দেখে চিনতে পারছে না। বহুদিন পর মায়ের ছবি দেখছে বলেই কি চিনতে পারছে না ছেলে!কাকতালীয়ভাবে ওই মাকে পথচারীরা বাংলাদেশ হজ মিশনে পৌঁছে দেয়। মা হঠাৎ করে চিৎকার করে বলে ওঠেন, ‘এই তো আমার পোলা!’ছেলেকে এত দিন পর দেখতে পেয়ে মা ডুকরে কেঁদে ওঠেন। ছেলের চোখেও পানি।