যোগাযোগ মন্ত্রণালয় নিয়ে নৌমন্ত্রীকে কথা না বলার আহ্বান
কারও চাপের মুখে চালকদের লাইসেন্স না দেওয়ার সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ছাড়া এই মন্ত্রণালয়ের বিষয়ে নৌপরিবহন মন্ত্রীকে কথাবার্তা না বলারও আহ্বান জানিয়েছে কমিটি। আজ বৃহস্পতিবার বৈঠক শেষে কমিটির সভাপতি মুজিবুর রহমান সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান।সভায় সড়ক ও মহাসড়কের সংস্কারকাজ অল্প সময়ের মধ্যে শেষ করে যাতায়াতের উপযোগী করার সুপারিশ করা হয়। সভায় বিরোধী দলের একমাত্র সদস্য নজরুল ইসলাম সড়কব্যবস্থার বেহাল দশার জন্য যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ দাবি করেন। এ সময় মন্ত্রী উপস্থিত ছিলেন।বিরোধী দলের সদস্য নজরুল ইসলাম বলেন, ‘সারা দেশে সড়ক-মহাসড়কগুলো ভেঙে চুরমার হয়েছে। এর দায় নিয়ে মন্ত্রীর পদত্যাগ করা উচিত।’মন্ত্রী সড়কের এ অবস্থার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, যোগাযোগ খাতে বর্তমান বেহাল অবস্থা এক দিনে হয়নি। বিগত সরকারও এর জন্য দায়ী। অর্থাভাবে এ সরকারের মন্ত্রীও যথাসময়ে সংস্কারকাজ করতে পারেননি। আগামী দু-তিন দিনের মধ্যে দেশের সর্বত্র সংস্কারকাজ শেষ হবে বলে দাবি করেন মন্ত্রী।সভায় একাধিক সাংসদ ড্রাইভিং লাইসেন্স নিয়ে নৌপরিবহনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। একমাত্র নির্ধারিত মানদণ্ড মেনেই চালকদের লাইসেন্স দেওয়ার সুপারিশ করা হয়।মুজিবুর রহমান জানান, বিগত জোট সরকারের সময়ে চাপের মুখে অদক্ষ চালকদের লাইসেন্স দেওয়া হয়েছে। বর্তমান মেয়াদে এ ধরনের ঘটনা ঘটেনি।মুজিবুর রহমান আরও বলেন, মন্ত্রীকে পদত্যাগ করার সুপারিশ কমিটি করেনি। কমিটির সদস্য নজরুল ইসলাম এ দাবি করেছেন। কোনো মন্ত্রী যদি ঠিকমতো কাজ করতে না পারেন, তবে তাঁর পদত্যাগের বিষয়টি প্রধানমন্ত্রী দেখবেন।এ সময় উপস্থিত নজরুল ইসলাম বলেন, ‘তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর পর যোগাযোগ মন্ত্রণালয়ের ওপর মানুষের অনাস্থা তৈরি হয়েছে। সড়কের বেহাল দশার জন্য যোগাযোগমন্ত্রী দায়ী। বৈঠকে আমি তাঁর পদত্যাগ দাবি করেছি।’ গত আড়াই বছরে সরকার দেশের কোনো সড়কের উন্নয়ন করেনি বলেও অভিযোগ করেন তিনি।নজরুল ইসলাম আরও বলেন, ‘নৌমন্ত্রীর অযাচিত হস্তক্ষেপের কারণে সরকারের ইমেজ নষ্ট হচ্ছে। কমিটিতে আমি সকল বিষয় বাদ দিয়ে এসব বিষয় নিয়ে আলোচনার জন্য বলেছি।’এক প্রশ্নের জবাবে মুজিবুর রহমান বলেন, সড়ক বিভাগে দুর্নীতি হচ্ছে না, এমন না। এসব দুর্নীতি তদন্ত করতে আগেই সংসদীয় একটি উপকমিটি গঠন করা হয়েছিল। এখন যেসব বিষয় উঠে এসেছে, সেগুলো ওই কমিটিই তদন্ত করবে।সভায় জানানো হয়, ‘বিআরটিএ এখন পর্যন্ত সোয়া দুই লাখ ড্রাইভিং লাইসেন্স দিয়েছে। এর মধ্যে মাত্র ৪২ হাজার লাইসেন্স বৈধ। বিভিন্ন সরকারের সময় বাকি অবৈধ লাইসেন্স দেওয়া হয়েছে। কমিটি বিআরটিএর কাছে জানতে চেয়েছে কেন এসব লাইসেন্স দেওয়া হলো। আর অবৈধ লাইসেন্সগুলো কেন বাতিল করা হবে না, তা একটি পরিপত্রের মাধ্যমে কমিটিকে জানাতে বলা হয়।’কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, জিল্লুল হাকিম, নজরুল ইসলাম, এইচ এম গোলাম রেজা, ওমর ফারুক চৌধুরী, একরামুল করিম চৌধুরী ও গোলাম মাওলা অংশ নেন।