যোগাযোগ মন্ত্রণালয়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার সুপারিশ
যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের বয়সসীমা দুই বছর বাড়ানো ও ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে শাস্তির সুপারিশ করা হয়েছে।আজ মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।কমিটির সদস্য যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, মো. জিল্লুল হাকিম, এইচ এম গোলাম রেজা, ওমর ফারুক চৌধুরী, মো. গোলাম মাওলা রনি এবং অপু উকিল সভায় অংশ নেন।সভায় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, হবিগঞ্জ-১ আসনের সাংসদ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দেওয়ান ফরিদ গাজী; মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি লুত্ফুল হাই; মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক মন্ত্রী লে. জেনারেল (অব.) মীর শওকত আলী বীর উত্তম এবং সাবেক সাংসদ চিত্রা ভট্টাচার্যের মৃত্যুতে শোক প্রকাশ, এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় । সভায় এর আগের সভায় নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতির ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরে টেন্ডার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। —বাসস