যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতির তদন্ত করছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন বছরে যোগাযোগ মন্ত্রণালয়ে সংঘটিত অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদক কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে কমিশনের মহাপরিচালক এবং মুখপাত্র ফররুখ আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।পদ্মা সেতুর বিষয়ে তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই বলে তিনি জানান। তিনি বলেন, বিশ্বব্যাংকসহ পদ্মা সেতুর দরপত্রে যেসব প্রতিষ্ঠান অংশ নিয়েছিল, তাদের কাছে দুর্নীতির বিষয়ে জানতে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তাদের তরফ থেকে দুদক সেই চিঠির কোনো জবাব পায়নি।সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সম্পর্কে ফররুখ আহমেদ বলেন, ‘যদি দুদকের প্রাথমিক অভিযোগের ভিত্তিতে কোনো দুর্নীতির বিষয়ে তিনি অভিযুক্ত হন, তাহলে বর্তমান আইন কাঠামো অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা করতে পারে কমিশন।’দুদকের বিভিন্ন মামলার আসামিদের সাজা প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রতা প্রসঙ্গে তিনি বলেন, মামলার তদন্তে সময় লাগে। আদালতে দীর্ঘসূত্রতা রয়েছে। তবে ১৯ কিংবা ২২ বছর পরে আদালতের রায়ে আসামি সাজা পান, এমন নজিরও এই দেশে আছে। এলডিপির চেয়ারম্যান ও সাংসদ অলি আহমদের বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে ফররুখ আহমেদ বলেন, ‘কমিশনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কমিশন অলি আহমেদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।’