যোগাযোগ মন্ত্রণালয়ের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক-মহাসড়কের করুণ দশা, দুর্ভোগ—গতকাল সোমবার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত এই প্রতিবেদনের বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ বক্তব্য দিয়েছে।এতে বলা হয়, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মহাসড়কের কয়েক শ কিলোমিটার অংশ যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে—এ বক্তব্য তথ্যভিত্তিক নয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ৪০ কিলোমিটার সড়কের অবস্থা নাজুক, এ বক্তব্যও বাস্তবসম্মত নয়।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট, মিরসরাই সদর, নিজামপুর ও বড় দারোগারহাট এলাকার সাব-সয়েল অবস্থা খারাপ থাকায় অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত হয়। এসব অংশ নিয়মিত ইট, বোল্ডার ও বালু দিয়ে মেরামত করে যান চলাচলের উপযোগী করে রাখা হয়েছে। বর্ষার কারণে রাস্তার এ অংশ স্থায়ীভাবে সমাধান করা যাচ্ছে না বলে বর্ষার পরে এসব স্থানে কংক্রিট পেভমেন্টের মাধ্যমে স্থায়ী সমাধান করা হবে। এ সড়কে সৃষ্টি হওয়া গর্তে গাড়ি আটকে বিকল হয়ে যাওয়ার বক্তব্যও সঠিক নয়।সড়ক বিভাগের বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে খানাখন্দে বাস ও মালবাহী ট্রাকগুলো আটকা পড়ছে বলা হলেও চলমান বর্ষা মৌসুমে মহাসড়কের এ অংশে অদ্যাবধি যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। তা ছাড়া পত্রিকায় প্রকাশিত ছবির মতো গর্ত বাস্তবে এ মহাসড়কে দৃশ্যমান নেই। এ মহাসড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে।আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক বড় বড় গর্তের কারণে যান চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে বলে প্রকাশিত বক্তব্যও সঠিক নয়। আর নারায়ণগঞ্জ-ডাকঘর-শিবু মার্কেট সড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নয়।ঢাকা-খুলনা মহাসড়কে রামনগর পিকনিক কর্নার এলাকার যে ছবি প্রকাশিত হয়েছে, তাতে সড়কের এ অংশটুকু সংস্কারের মাধ্যমে যান চলাচলের উপযোগী করে রাখা হয়েছে। ইতিমধ্যে সড়কের বিভিন্ন অংশে সৃষ্ট গর্তসমূহ মেরামত করে সড়কটি যান চলাচলের উপযোগী করে রাখা হয়েছে। সিলেট-কোম্পানীগঞ্জ সড়কটি নিয়মিত মেরামতের মাধ্যমে যান চলাচলের উপযোগী রাখা হয়েছে।প্রথম আলোর বক্তব্যসড়ক বিভাগের বক্তব্যে একদিকে প্রথম আলোর প্রতিবেদনকে তথ্যভিত্তিক ও বাস্তবসম্মত নয় বলা হচ্ছে, অন্যদিকে সারা দেশের মহাসড়কের ১০ ভাগ ও আঞ্চলিক সড়কের ২০ ভাগ যান চলাচলের অনুপযোগী বলে স্বীকার করা নেওয়া হয়েছে। বক্তব্যে স্বীকার করা হয়েছে, জেলা সড়কগুলোতে কিছু সমস্যা রয়েছে।সড়ক বিভাগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের নাজুক অবস্থার দায় চাপিয়েছে সাব-সয়েল ও অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচলের ওপর। তবে কর্তৃপক্ষ স্বীকার করেছে, ইট, বোল্ডার ও বালু দিয়ে মেরামত করে যান চলাচলের উপযোগী রাখার চেষ্টা চলছে। বর্ষার পর কংক্রিট পেভমেন্টের মাধ্যমে স্থায়ী সমাধান করা হবে। যদিও প্রতিবেদন প্রকাশের পর গতকালই মিরসরাইয়ের ওই অংশ সংস্কারে নতুন করে কাজ শুরু করা হয়েছে। বেলা ১১টার দিকে চার লেন প্রকল্পের কর্মকর্তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট অংশের প্রায় আধা কিলোমিটার মূল সড়ক বন্ধ করে দিয়ে সংস্কারকাজ শুরু করেন। এ সময় মহাসড়কে যানজট এড়াতে হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও বারইয়ারহাট পৌরসভা কর্তৃপক্ষের নিয়োগ করা ১৫ জন কমিউনিটি পুলিশ দায়িত্ব পালন করে।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশের খানাখন্দে ভরা ছবি বাস্তবে দৃশ্যমান নেই বলা হয়েছে। অথচ প্রকৃত সত্য হলো, প্রথম আলোর আলোকচিত্রী রোববারই ওই ছবি তুলেছেন। এর প্রমাণও রয়েছে। এ ছাড়া গতকাল সোমবারও ভালুকার এক কিলোমিটার অংশের খানাখন্দ ভরা রাস্তার ছবি তোলা হয়েছে। প্রতিবেদন প্রকাশের পর গতকাল সেখানে গর্ত ভরাটের কাজ শুরু হয়েছে।ঢাকা-খুলনা মহাসড়কে রামনগর পিকনিক কর্নার ও সিলেট-কোম্পানীগঞ্জ সড়কটি যান চলাচলের উপযোগী করে রাখা হয়েছে বলা হলেও প্রকৃতপক্ষে দুটি সড়কের বেশ বড় একটা অংশই সংস্কারের অভাবে বিধ্বস্ত। এ-সংক্রান্ত ছবিও প্রথম আলোর কাছে রয়েছে। গতকালও এসব ছবি তোলা হয়েছে।