যোগাযোগব্যবস্থার উন্নয়নে চাই দুর্নীতিমুক্ত প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগব্যবস্থার উন্নতির জন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত প্রশাসন। সব উন্নয়নের জন্য বিশ্বব্যাংক ও আইএমএফের সাহায্য নেওয়ার মানসিকতা পরিহার করতে হবে। আর জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে দরকার অভিন্ন নীতি। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ওয়েবপোর্টাল ‘দি এডিটর’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেছেন।‘অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগব্যবস্থার প্রয়োজনীয়তা’ শীর্ষক ওই বৈঠকে সভাপতিত্ব করেন যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান।বৈঠকে এই মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গোলাম মাওলা বলেন, যোগাযোগব্যবস্থার জন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত প্রশাসন। পদ্মা সেতু হচ্ছে সরকারের উচ্চাভিলাষী প্রকল্প। সরকার রাজনৈতিক কৃতিত্ব নেওয়ার জন্য তাড়াহুড়ো করে এতে হাত দিয়েছে। গোলাম মাওলা আরও বলেন, সরকার এই মেয়াদে কাজটি শেষ করতে চায়। তারা মনে করে, এটি করতে পারলে জনগণ তাদের আবার ভোট দেবে। কিন্তু তা করতে গিয়েই এখন পুরো প্রকল্পটি ভেস্তে যাওয়ার পথে। কিন্তু এ ধরনের প্রকল্প দু-চার-পাঁচ বছরে বাস্তবায়ন সম্ভব নয়। এর জন্য প্রচুর সময়ের প্রয়োজন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন নীতি থাকা দরকার। আমাদের এখানে দেখা যায়, একটি সরকার নীতিমালা করল। এরপর পরের সরকার তা বাতিল করে দেয়। এভাবে দেশের উন্নয়ন হবে না।’জাতীয় পার্টির সাংসদ হাফিজ উদ্দিন আহমেদ জানান, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নীতিমালায় পরিবর্তন হওয়ায় কোনো উন্নয়নকাজই সুষ্ঠুভাবে করা সম্ভব হচ্ছে না। উন্নয়নের জন্য বিশ্বব্যাংকের সাহায্য নেওয়া থেকে বেরিয়ে আসতে হবে।ডেইলি সানের সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, সব উন্নয়নের জন্য আইএমএফ, বিশ্বব্যাংকের ওপর নির্ভর না করে প্রয়োজনীয় কিছু কাজ নিজেরা করতে হবে। আর সে লক্ষ্যে সরকারকে কাজ করতে হবে।সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা বলেন, আগের সরকারের সুনাম হবে, সে জন্য পরের সরকার আগের সরকারের সব পরিকল্পনা বাতিল করে দেয়। এ ধরনের রাজনৈতিক প্রতিহিংসা উন্নয়নে বাধা। তিনি আরও বলেন, সড়ক বিভাগের যড়যন্ত্রের কারণে রেল বিভাগের উন্নয়ন হচ্ছে না।