যোগাযোগমন্ত্রী আবারও অভিযুক্ত
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সংসদে আবারও অভিযুক্ত হলেন। গতকাল রোববার ৭১ বিধিতে সাংসদ শামসুর রহমান শরীফ অভিযোগ করেন, যোগাযোগমন্ত্রী সব সময় সরকারকে দায়ী করে কথা বলেন। নিজের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ সম্পর্কে সংসদের দৃষ্টি আকর্ষণ করে শামসুর রহমান বলেন, ‘যোগাযোগমন্ত্রী আশ্বাস দেন, কিন্তু তাতে কাজ হয় না। ঈশ্বরদীর মুলাডুলিতে আমি একটি গোলচত্বর তৈরি করে দেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। তিনি আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু আজও কাজ হয়নি। তাঁর কাছে কিছু চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া তিনি কোনো কাজ করেন না। অর্থমন্ত্রী টাকা দেন না বলে তিনি কাজ করতে পারেন না। প্রকারান্তরে তিনি সব সময় সরকারকে দায়ী করে কথা বলেন।’ শামসুর রহমান মুলাডুলিতে অন্তত একটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার নোটিশ দেন। জবাবে আবুল হোসেন জানান, মুলাডুলিতে এই মুহূর্তে একটি ট্রেনেরও যাত্রাবিরতি দেওয়া সম্ভব নয়। ভবিষ্যতে নতুন ট্রেন এলে বিবেচনা করে দেখা হবে। যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে একই অভিযোগ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রহমত আলী। তিনি বলেন, যোগাযোগমন্ত্রী চমৎকার উত্তর দেন, কিন্তু কাজ শুরু হয় না। আজ রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করেন সাংসদ মোসলেম উদ্দিন, আকরাম হোসেন চৌধুরী ও শহিদুজ্জামান সরকার। সংসদের অধিবেশ আগামীকাল সোমবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।