যোগাযোগমন্ত্রী ও নৌমন্ত্রীর অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা আয়োজিত নাগরিক সমাবেশে বক্তারা যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের অপসারণ দাবি করেছেন। তাঁরা বলেছেন, ‘আমরা সরকারের কাছে মানুষের দাবি তুলে ধরছি।’‘স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ হয়। সমাবেশে যোগাযোগমন্ত্রীর অপসারণসহ সাত দফা দাবি বাস্তবায়ন এবং সব অস্বাভাবিক মৃত্যুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এ ছাড়া প্রায় তিন সপ্তাহ আগে নিখোঁজ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা শামীম আকতারের সন্ধানসহ সব মানুষের নিরাপত্তাও দাবি করা হয়।সমাবেশের সভাপতি ও ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতার আহ্বায়ক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সরকারের পদত্যাগ কিংবা অপসারণের কথা আমরা বলছি না, আমরা দায়িত্ব পালনে ব্যর্থ মন্ত্রীদের অপসারণ চাই। যোগাযোগমন্ত্রী ব্যর্থ হয়েছেন। দেশের মানুষ তাঁর অপসারণ চায়।’ তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করব, ভুলগুলো ধরিয়ে দেব।’সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘এটি অরাজনৈতিক আন্দোলন। আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। বাধা-বিঘ্ন যতই আসুক, ধমক যা-ই আসুক না কেন, আমরা এই আন্দোলন এগিয়ে নিয়ে যাব। যাঁরা উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বাস করেন, তাঁরা আমাদের সঙ্গে আছেন। সব শ্রেণী-পেশার মানুষ আমাদের সঙ্গে আছেন। এ আন্দোলনে কেউ নেতা নন, সবাই অংশীদার। সবার সমন্বিত প্রচেষ্টায় গড়ে উঠবে স্বপ্নের বাংলাদেশ।’মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেন, জনগণের কাছ থেকে যোগাযোগমন্ত্রী ও নৌপরিবহনমন্ত্রীর অপসারণের দাবি উঠেছে। সাংসদেরা তাঁদের কাছে হিসাব চাইতে পারেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ জবাবদিহির জায়গা আমরা তৈরি করতে পারিনি। কাউকে না কাউকে এ দায়িত্ব নিতে হবে।’বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা রুহীন হোসেন প্রিন্স বলেন, দুর্নীতিবাজদের ক্ষমতায় থাকার অর্থ হচ্ছে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা না পাওয়া। এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্নীতিবাজ মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।সমাবেশে আরও বক্তব্য দেন প্রকৌশলী ম. ইনামুল হক, অধ্যাপক মো. ফারুক, ভাস্কর রাসা, নাগরিক সংহতির পরিচালক শরিফুজ্জামান শরিফ, সিপিবির নেতা সাজ্জাদ জহির, কৃষক সমিতির সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেব, যুব ইউনিয়নের সেকান্দার হায়াত, ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতার তানভীর সিদ্দিকী, শরীয়তপুরের শিক্ষক রুহুল আমীন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।বিবর্তন সাইকেল আরোহী গ্রুপের সদস্যরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে সংহতি প্রকাশ করেন। বিভিন্ন সংগঠন ও ব্যক্তিও সংহতি জানান।