যোগাযোগমন্ত্রী ধোয়া তুলসী পাতা নন: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ‘যোগাযোগমন্ত্রী ধোয়া তুলসী পাতা নন। কাজ করলে ভুল হবে, তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে। তবে উইকিলিকসে তাঁর সততার ঘাটতি নিয়ে যে মন্তব্য প্রকাশ করা হয়েছে, এ ব্যাপারে উচ্চ পর্যায়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।’আজ রোববার বিকেলে লক্ষ্মীপুর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। যোগাযোগ-ব্যবস্থার বেহাল দশা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, দেশের মহাসড়কগুলো খানাখন্দে ভরা। আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের এগুলো মেরামত ও সংস্কারের পরিকল্পনা রয়েছে।ওবায়দুল কাদের বলেন, ‘দেশ আজ কঠিন সময় অতিক্রম করছে। এ বছর আরও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। জাতীয় জীবনে অনেক কুয়াশা, অনেক সংকট রয়েছে। এগুলো আসে আবার চলে যায়। বিরোধী দল সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছে। জনগণকে শান্তিতে রাখতে পারলে আন্দোলন সফল হবে না। বিরোধী দলের সর্বাত্মক আন্দোলনের জবাব দিতে হলে সরকারকে জনগণের জরুরি প্রয়োজনগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে।’ওবায়দুল কাদের আরও বলেন, ‘প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে। অর্থাত্ গিভ অ্যান্ড টেক এর মতো। ক্ষমতার উত্স জনগণ। এ জনগণই রাজনৈতিক দলকে ক্ষমতায় বসায়, আবার জনগণই সরিয়ে নেয়। আমরা ভারতমুখী নই। বিরোধী দল দেশ বিক্রির কথা বলছে। এটা উদ্ভট কথা। মায়ের চেয়ে মাসির দরদ বেশির মত।’ তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশপ্রেম ও দেশ বিক্রি নিয়ে কথা বলবেন না।’মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, সহ-সভাপতি আবদুল গোফরান, সদর উপজেলার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মহিউদ্দিন বকুল, রামগঞ্জ উপজেলার চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, রায়পুর উপজেলার চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চৌধুরী দুলাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরী প্রমুখ।