যোগাযোগমন্ত্রী না বুঝে বলেছেন: অর্থমন্ত্রী
যোগাযোগমন্ত্রীর অভিযোগের জবাব দিলেন অর্থমন্ত্রী। গত রোববার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন টাকা না দেওয়ার অভিযোগ আনেন অর্থ মন্ত্রণালয়ের বিরুদ্ধে। তিনি বলেন, সড়ক ও যোগাযোগ খাতে অর্থ মন্ত্রণালয় টাকা ছাড় করে না। এর জবাবে আজ মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘উনি (যোগাযোগমন্ত্রী) না বুঝে এটা বলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিষয়টি নিয়ে জরুরি বৈঠক হচ্ছে। সেখান থেকেই বিস্তারিত জানানো হবে। আমি এ বিষয়ে বিস্তারিত এখন কিছু বলব না।’আজ কালচারাল ডাইভারসিটি ফোরামের সম্মেলন উপলক্ষে আন্ত মন্ত্রণালয়ের বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। আজকের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদসহ অনেকে উপস্থিত ছিলেন।গত রোববার মন্ত্রিসভার বৈঠকে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এ সময় দেশের যানবাহন, রাস্তাঘাটের দুরবস্থা ও সড়ক দুর্ঘটনার বিষয়ে আলোচনা হয়। তখন যোগাযোগমন্ত্রী বলেছিলেন, সড়ক ও যোগাযোগ খাতে অর্থ মন্ত্রণালয় কোনো টাকা ছাড় করে না।