যোগাযোগমন্ত্রী ফলন্ত গাছ, এ জন্য কাটা পড়ছেন না: গয়েশ্বর
যোগাযোগমন্ত্রী আবুল হোসেন ‘ফলন্ত গাছ’। এ জন্য কাটা পড়ছেন না। এমন ফলন্ত গাছ সরকার কাটতে চাইবে না এটাই স্বাভাবিক।ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আজ রোববার বিকেলে ‘অনিবার্য সংঘাত ও সংকটের পথে দেশ-শঙ্কিত জনগণ ও সমাধানের ফর্মুলা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র যোগাযোগব্যবস্থার ভঙ্গুর অবস্থার সমালোচনা করেন। তিনি যোগাযোগমন্ত্রীর নানা ব্যর্থতার চিত্র তুলে ধরে বলেন, এত ব্যর্থতার পরও তাঁকে সরকার অপসারণ করছে না। তিনি বলেন, ‘যোগাযোগমন্ত্রী ফলন্ত গাছ। তিনি যাহা পান, তাহা একা খান না। সবাইকে ভাগ দিয়ে খান। এমন ফলন্ত গাছ সরকার কাটবেন কেন? তোরা যে যা বলিস, ভাই আমার আবুল হোসেন চাই।’গয়েশ্বর রায় বলেন, চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যুদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু আওয়ামী লীগ বলছে, যুদ্ধাপরাধীদের রক্ষায় খালেদা জিয়া যুদ্ধ ঘোষণা করেছেন। এটা এই সরকারের পরিকল্পিত অপপ্রচার। তিনি বলেন, ‘এই সরকারের বিরুদ্ধে আর ডিফেন্সিফ (রক্ষণাত্মক) খেলার সময় নেই। এখন ওফেন্সিভ (আক্রমণাত্মক) খেলার সময়। বিএনপি ওফেন্সিভ খেলার মধ্যেই আছে।’বিএনপির নেতা বলেন, মানবতাবিরোধীদের বিচার একটি চলমান প্রক্রিয়া। এ জন্য আওয়ামী লীগ-মার্কা আদালত ও বিচারকের প্রয়োজন নেই। প্রচলিত আদালতেই করা যায়।আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত সম্পর্কে গয়েশ্বর বলেন, তিনি ক্ষমতার বাইরে থেকে মানুষের ঠাট্টা-মশকারা সহ্য করতে পারছেন না। এ জন্য উল্টোপাল্টা কথা বলছেন। তিনি বলেন, ‘সুরঞ্জিতের জ্বালাটা কোথায়, তা আমরা ভালো করেই বুঝি। তিনি চাচ্ছেন, বিএনপিকে আন্দোলনে নামিয়ে সরকারের পতন ঘটাতে। যাতে তিনি প্রধানমন্ত্রীকে বলতে পারেন, আমাকে মন্ত্রিত্ব না দেওয়ায় ক্ষমতায় টিকলেন না?’সম্মিলিত গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান মেহবুব রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মো. ইসহাক, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ।