সারা দেশে রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং সড়কপথের নিরাপত্তা নিয়ে জাতীয় সংসদে তোপের মুখে পড়েন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য তাঁকে তুলাধোনা করেন ক্ষমতাসীন মহাজোটের সাংসদেরা।বিরোধী দল অনুপস্থিত থাকলেও গতকাল বৃহস্পতিবার নবম সংসদের দশম অধিবেশনের প্রথম দিন ছিল উত্তপ্ত। পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে সরকারি দলের সাংসদেরা যোগাযোগমন্ত্রীকে তুলাধোনা করেন। এ সময় অন্য সাংসদেরা টেবিল চাপড়ে তা সমর্থন করেন।যোগাযোগব্যবস্থা নিয়ে দীর্ঘ আলোচনার একপর্যায়ে প্রথমে যোগাযোগমন্ত্রী ও কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী অধিবেশনকক্ষে উপস্থিত হন। সাংসদদের বাক্যবাণের মুখে যোগাযোগমন্ত্রী আবুল হোসেন অর্থ বরাদ্দে অপ্রতুলতা এবং অর্থ মন্ত্রণালয়ের শর্তের জন্য মহাসড়কগুলোর অবস্থা বেহাল বলে উল্লেখ করেন।মহাজোটের শরিক দলের হাসানুল হক ইনু অর্থ বরাদ্দের জন্য অর্থমন্ত্রী দায়ী থাকলে তাঁকেও বরখাস্তের আহ্বান জানান। অপর শরিক দল ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেন, সড়কপথের বেহাল অবস্থার জন্য কে দায়ী, অর্থমন্ত্রী না যোগাযোগমন্ত্রী—এ ব্যাপারে সংসদে বিতর্ক হোক। সংসদে গতকালের এই বিতর্কে সরকারের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে ওঠে। অর্থ না দেওয়ার জন্য যোগাযোগমন্ত্রী অর্থ মন্ত্রণালয়কে দায়ী করতে থাকলে একপর্যায়ে অধিবেশনের সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘বিষয়টি আপনি আন্তমন্ত্রণালয়ের দ্বন্দ্ব হিসেবে উপস্থাপন করছেন। দ্বন্দ্ব থাকলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ নেবেন। আমরা আশার কথা শুনতে চাই।’জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ‘ছাড় দেওয়া ৬৯০ কোটি টাকার ওপর অর্থ মন্ত্রণালয় শর্ত তুলে নিলে এবং এক হাজার ৪০০ কোটি টাকার প্রকল্প দিলে আশার কথা বলতে পারি। এ টাকা দিলে আমি দিনরাত পরিশ্রম করে সমস্যার সমাধান করব।’পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট সম্পর্কে সংসদে বক্তব্য দিয়েছিলাম। আমি সরকারকে সাহায্য করতে চেয়েছিলাম। কারণ, এটা আমাদের সরকার। আমি তখনই বলেছিলাম, রাস্তাঘাট সংস্কার করা না হলে জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে। অনেক বড় বড় পরিকল্পনার কথা শুনি। ঢাকা-চট্টগ্রাম আর ঢাকা-ময়মনসিংহ চার লেন মহাসড়কের খোঁজ নেই। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চোখে পড়ে না, পদ্মা সেতুর কাজই শুরু হয়নি। অথচ সরকারের ৩৩ মাস চলছে।’তোফায়েল আহমেদ বলেন, ‘বিগত সরকারগুলো কিছু করেনি বলেই জনগণ আমাদের ভোট দিয়েছে। অবাক লাগে যখন দেখি, একজন মন্ত্রী আরেকজন মন্ত্রীকে দোষারোপ করেন। কেউ দায়িত্ব নিতে চান না। শেয়ারবাজার নিয়ে অর্থমন্ত্রী কথা বললেই ধস নামে। এ বিষয়ে কথা বলবে এসইসি, ডিএসই। তিনি কেন? মন্ত্রীদের কথা কম বলা উচিত। আমরা রাস্তায় চললে কথা শুনতে হয়। তখন খারাপ লাগে।’ তিনি অর্থসচিবেরও সমালোচনা করেন।শিক্ষামন্ত্রীকে দেখিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘কয়টা স্কুল পাকা হয়েছে? সরকারের মধ্যে সমন্বয় দরকার। যা হওয়ার তা হয়ে গেছে। বাকি দিন সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।’রাশেদ খান মেনন বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসে সংসদে তোফায়েল আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাটের প্রসঙ্গ তোলায় যোগাযোগমন্ত্রী ব্যঙ্গোক্তি করেন। আমিও বৈধতার প্রশ্ন তুললে তিনি দীর্ঘ বয়ান দেন। এ ঘটনার ছয় মাস পেরিয়ে গেছে, এখন দেশের যোগাযোগব্যবস্থা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। ঢাকার সঙ্গে ১২ জেলার সড়ক যোগাযোগ বন্ধ। ঢাকা-মুন্সিগঞ্জ সড়কও বন্ধ হয়ে গেছে। সড়ক-নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে। মন্ত্রী কী জবাব দেবেন জানি না। এই অবস্থায় কেউ পড়লে পদ আঁকড়ে থাকতেন না। অন্য গণতান্ত্রিক দেশে হলে পদ ছেড়ে চলে যেতেন।’ বরাদ্দ দেওয়া ৬৯০ কোটি টাকা নয়ছয় হবে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘এ অবস্থার জন্য কে দায়ী, অর্থমন্ত্রী না যোগাযোগমন্ত্রী—তা নিয়ে সংসদে বিতর্ক দরকার। পুঁটি মাছ ধরে বোয়াল মাছ ছেড়ে দেবেন, এটা হতে পারে না।’আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত সংসদের বাইরে যোগাযোগমন্ত্রীর ব্যর্থতা নিয়ে সোচ্চার হলেও গতকাল তিনি শুধু অর্থমন্ত্রীর সমালোচনা করেন। তিনি বলেন, কোন খাতে কত খরচ করতে হবে, তা ভাগ করে দেওয়ার অধিকার অর্থ মন্ত্রণালয়ের নেই। অথচ অর্থ মন্ত্রণালয় তা-ই করেছে। তিনি বলেন, প্রকাশ্যে অর্থমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী পরস্পরের বিরুদ্ধে বলছেন। এভাবে তাঁরা যেন প্রকাশ্যে কিছু না বলেন। সংবিধান উদ্ধৃত করে যেকোনো কাজের জন্য মন্ত্রিসভা সমষ্টিগতভাবে দায়ী বলে তিনি মন্তব্য করেন।জাসদের হাসানুল হক ইনু সরকারের সমালোচনা করে বলেন, মহাসড়কের বেহাল অবস্থা, শেয়ারবাজারে ধস, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি—এই চারটি মহাজোট সরকারের জন্য মহাদুরবস্থা। তিনি বলেন, এসব ঘটনা প্রধানমন্ত্রীকে বিব্রত করেছে। সরকারকে দুরবস্থায় ফেলেছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ইনু বলেন, রাস্তাঘাটে একটার পর একটা মৃত্যুর ঘটনা ঘটছে। এগুলো স্বাভাবিক মৃত্যু নয়, হত্যা। তারেক-মিশুকের মৃত্যু ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। শেয়ারবাজারে মানুষ নিঃস্ব হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। মানুষের জানমালের নিরাপত্তা নেই। সড়ক ব্যবস্থাপনায় এখন মহাবিশৃঙ্খলা। অর্থমন্ত্রী দায়ী হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর টাকা থাকার পরও যোগাযোগমন্ত্রী কাজ না করলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।তারানা হালিম সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি দল জানি না, বিএনপি-জাতীয় পার্টি কী করেছে জানি না। এটা জানি, জনগণ আমাদের ভোট দিয়েছে কিছু করার জন্য।’ সড়ক দুর্ঘটনায় গত ১৯ বছরে ৩৮ হাজার মানুষ মারা গেছে উল্লেখ করে তিনি বলেন, আইন পরিবর্তন করে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেন, তারেক-মিশুকের মৃত্যু জাতির বিবেককে নাড়া দিয়েছে। দুর্ঘটনায় রেকর্ড সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ বিকলাঙ্গ হচ্ছে। সড়কপথের বেহাল অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, যোগাযোগমন্ত্রী সংসদে অনেক কথা বলেন, কিন্তু বাস্তবায়িত হয় না। রেলপথেরও বেহাল অবস্থা। নৌপথে লক্কড়ঝক্কড় লঞ্চ চলছে। প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। কিন্তু এক ম্যারাডোনা দিয়ে তো ১১ জনের খেলা হয় না। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি—সবকিছু মিলিয়ে দেশে একটি শ্বাসরুদ্ধকর অবস্থা।কিশোরগঞ্জ-নেত্রকোনাসহ বৃহত্তর ময়মনসিংহের রাস্তাঘাটের করুণ দশার কথা উল্লেখ করে জাতীয় পার্টির মুজিবুল হক বলেন, এবার ঈদে মানুষ বাড়ি যেতে পারবে কি না সন্দেহ।জবাবে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ৩০০ বিধিতে বলেন, ১৯৯৬ সালে সড়ক ও জনপথ বিভাগের রাস্তা ছিল ১৫ হাজার ৬০০ কিলোমিটার। ২০১০-এ হয়েছে ২১ হাজার ৪০ কিলোমিটার। এসব রাস্তা মেরামতের জন্য বিশ্বব্যাংকের একটি গ্রহণযোগ্য ও স্বীকৃত বিধান আছে। ওই বিধানমতে, ২০০৮-০৯ অর্থবছরে সড়ক মেরামতের প্রয়োজন ছিল চার হাজার ২০৫ কোটি টাকা, আর বরাদ্দ দেওয়া হয় ৬৫১ কোটি টাকা। ২০০৯-১০ অর্থবছরে প্রয়োজন ছিল চার হাজার চার কোটি টাকা। সে বছর বরাদ্দ পাওয়া যায় ৬১০ কোটি টাকা। ২০১০-১১ অর্থবছরে চার হাজার ৭৪৫ কোটি টাকা দরকার হলেও বরাদ্দ দেওয়া হয় ৬৬৮ কোটি টাকা। চলতি অর্থবছরে প্রয়োজন পাঁচ হাজার ১০০ কোটি টাকা, কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে ৬৯০ কোটি টাকা।আবুল হোসেন অর্থমন্ত্রীর সমালোচনা করে বলেন, তিনি জ্ঞানী মানুষ, অভিজ্ঞ মানুষ। আগেও তিনি অর্থমন্ত্রী ছিলেন। গত বুধবার অর্থ মন্ত্রণালয় ৬৯০ কোটি টাকা চারটি শর্তে ছাড় করার সম্মতি দেয়। টাকা ছাড়ের সম্মতি যদি না-ই লাগে, তাহলে চিঠি দিলেন কেন? অর্থ ব্যয়ের বিধিবিধান পালন করার কথা বলা হয়েছে। অব্যয়িত অর্থ জুনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে।আবুল হোসেন বলেন, যে কাজগুলো না করলেই নয়, তা করার জন্য এক হাজার ৪১০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। এটি একনেকে অনুমোদিত হয়। কিন্তু এ প্রকল্পে গত অর্থবছরে মাত্র ৫০ কোটি এবং চলতি অর্থবছরে ৫৭ কোটি টাকা ছাড় দেওয়া হয়। তিনি বলেন, ‘সাংসদদের ১৪৭টি প্রকল্প একনেকে গৃহীত হয়েছে। গোপালগঞ্জের ৩০০ কোটি টাকার একটি প্রকল্পে মাত্র তিন কোটি টাকা ছাড় দেওয়া হয়। এ রকম এক হাজার ১০০ কোটি টাকার প্রকল্প পাস হয়েছে। কিন্তু টাকা নেই। তাহলে আমি কোন দিকে যাব।’আওয়ামী লীগের আরও কয়েকজন সাংসদ নিজ নিজ এলাকায় রাস্তাঘাটের দুরবস্থা তুলে ধরতে ৭১ বিধিতে নোটিশ দেন। কিন্তু এসব নোটিশ বাতিল করা হয়। তাঁদের একজন কুষ্টিয়ার আফাজউদ্দিন। প্রথম আলোকে তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকায় সড়ক ও জনপথের ২২ কিলোমিটার রাস্তা গাড়ি চলাচলের অনুপযোগী। ভেড়ামারার সঙ্গে জেলা পর্যায়ে গাড়ি চলাচল অর্ধেক কমে গেছে। তিনি বলেন, ‘মাস দুয়েক আগে যোগাযোগমন্ত্রীর কাছে রাস্তা মেরামতের দাবি করেছিলাম। কিন্তু কিছুই হয়নি।’শাহীন মনোয়ারা হক বাতিল নোটিশে বলেন, দেশের রাস্তাঘাট খারাপ বলে সড়ক দুর্ঘটনা বাড়ছে। দেশ ধ্বংস হচ্ছে। প্রথম আলোকে তিনি বলেন, বিআরটিএ মাত্র এক হাজার টাকার বিনিময়ে লাইসেন্স দিচ্ছে। অদক্ষ চালকের কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে। এগুলো দেখার দায়িত্ব যোগাযোগমন্ত্রীর। কিন্তু তাঁকে বলেও কোনো কাজ হয় না।সরকারি দলের সাংসদ সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঝিনাইদহ-হরিণাকুণ্ডু রাস্তার সাত-আট কিলোমিটার ভাঙা। মাস দুয়েক আগে যোগাযোগমন্ত্রীর কাছে রাস্তা সংস্কারের দাবি তুলেছিলাম, কাজ হয়নি।’