যোগাযোগমন্ত্রীকে পদচ্যুত করা না হলে শহীদ মিনারে ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ আগস্টের মধ্যে যোগাযোগমন্ত্রী আবুল হোসেন পদত্যাগ না করলে কেন্দ্রীয় শহীদ মিনারে ঈদ পালনের ঘোষণা দিয়েছেন ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা। আজ বুধবার বেলা ১১টায় এক প্রতিবাদ কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়।অনুষ্ঠানের সভাপতি সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘কোনো সভ্য দেশে এভাবে সড়ক দুর্ঘটনায় মানুষ মরতে পারে না। প্রতিদিন মানুষ মরবে আর আমরা নিশ্চুপ হয়ে থাকব, তা হতে পারে না। এ দুর্ঘটনার ব্যর্থতার দায় অবশ্যই যোগাযোগমন্ত্রীর। তাই আমরা তাঁকে পদচ্যুত করার দাবি জানাচ্ছি। ৩০ আগস্টের মধ্যে এ দাবি মানা না হলে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে ঈদ পালন করব।’ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করুনওই অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হচ্ছে। আমি তাঁকে বলতে চাই, এসব কথা বলে সাধারণ জনগণের মধ্যে ভীতির সঞ্চার না করে, কারা এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাঁদের নাম প্রকাশ করুন, তাঁদের বিচার করুন।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাধারণ মানুষের একটা দূরত্ব তৈরি করে দেওয়া হচ্ছে। আজ অথর্ব, অযোগ্য যোগাযোগমন্ত্রী ও নৌপরিবহনমন্ত্রীর কারণে সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে। কাজেই এসব মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিন। তাহলেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব তৈরি হবে না।’মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। তারেক মাসুদ ও মিশুক মুনীরের মতো প্রতিভাবান লোক চলে গেল। এই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। কারণ রাষ্ট্রের ওপর এর দায়িত্ব বর্তায়। ভোট দিয়ে বিপদে পড়েছিমুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক কামাল লোহানী বলেন, ‘মানুষ যে ভোট দিয়ে বিপদে পড়ে সেটা আমরা এখন এসে বুঝতে পারছি। আমরা অনেক আশা করে আওয়ামী লীগকে ভোট দিয়েছিলাম। আজ দ্রব্যমূল্য, সড়ক দুর্ঘটনাসহ নানা সমস্যায় মানুষ আশাহত। মহাজোট সরকার মানুষের মনোভাব আজ বুঝতে পারছে না। ’কামাল লোহানী আরও বলেন, নৌ পরিবহনমন্ত্রী আজ কোনো রকম পরীক্ষা ছাড়াই চালকদের লাইসেন্স দেওয়ার কথা বলছে। আর যোগাযোগমন্ত্রী একজন মহান ব্যক্তিত্ব। তিনি গাড়ি বাড়ি সহ কোটি টাকার মালিক। তিনি সৈয়দ বংশের লোক। সাধারণ কোনো কাজ তিনি করেন না। তিনি কোটি টাকার সেতু নিয়ে ব্যস্ত। এ সমস্ত অদক্ষ মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে বাদ দিতে হবে। তিনি প্রতিবাদ সমাবেশের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘আমি সাধারণ মানুষের এ কর্মসূচিতে সংহতি জানাচ্ছি। দেশবাসীকে এ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মিশুক মুনীরের ছোট ভাই আসিফ মুনির, আইনজীবী সারা হোসেন, অধ্যাপক আনু মোহাম্মদ প্রমুখ।কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে এ ঘোষণার সঙ্গে সংহতি প্রকাশ করেন।