যোগাযোগমন্ত্রীকে সরানোর ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সরানোর ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। কারণ, যোগাযোগমন্ত্রী একজন কমিশন এজেন্ট। আর ওই কমিশনের একটি অংশ তিনি সরকারের উচ্চপর্যায়ে দেন।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি বাতিলের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।বিএনপির এই নেতা বলেন, ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে এবং নির্বাচনে ইভিএম পদ্ধতি বাতিল করতে হবে। আর অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। গয়েশ্বর রায় বলেন, বর্তমান প্রধানমন্ত্রী মনে করছেন তারেক-কোকোকে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে দিতে পারলেই বিএনপি হারিয়ে যাবে। কিন্তু তারেক-কোকোর মতো বিএনপির কোটি কোটি অনুসারী রয়েছে।প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারও এক ছেলে, এক মেয়ে আছে। যেদিন ক্ষমতা থাকবে না সেদিন পায়ে রশি দিয়েও আপনাকে এ দেশে রাখা যাবে না। অবশ্য এ দেশে বাবার কবর ছাড়া আপনার আর কিছুই নেই।’ পুলিশ সদস্যদের উদ্দেশ করে গয়েশ্বর বলেন, ‘আপনাদের দিয়ে যত অপকর্ম করানো হচ্ছে তার প্রতিশোধ বিএনপি নেবে না। বিএনপি ক্ষমতায় এলে এখন যা করছেন আপনাদের দিয়ে তখন তা-ই করানো হবে।’এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর বোনের এক ছেলেকে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন গয়েশ্বর রায়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় পাহারা দেওয়াসহ বিভিন্ন সুপারিশ ও কাজকর্মের জন্যই তাঁকে বসানো হয়েছে।