যোগাযোগমন্ত্রীর জন্য সংবর্ধনা-বিলাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনকে দেওয়া হিসাবে মাদারীপুর-৩ (কালকিনি-সদরের একাংশ) আসনের সাংসদ ও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন তাঁর বিগত নির্বাচনের খরচ দেখিয়েছেন ১০ লাখ ৯৫ হাজার টাকা। আর নির্বাচনী এলাকায় এক দিনের সফর উপলক্ষে তাঁকে যে সংবর্ধনা দেওয়া হবে, সে জন্য প্রায় কোটি টাকা ব্যয় হচ্ছে বলে জানা গেছে।দুই লাখ পোস্টার, অর্ধশতাধিক তোরণ, বিভিন্ন স্থাপনা ও গাছে গাছে আলোকসজ্জা, ডিজিটাল ব্যানার, ভূরিভোজসহ নানা খাতে কোটি টাকা ব্যয়ের হিসাব পাওয়া গেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী আর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে। এ সবের বেশির ভাগ এসেছে ঢাকা থেকে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী আলাপকালে জানিয়েছেন, ‘ঢাকা থেকে যা আসছে সেগুলো মন্ত্রী পাঠিয়েছেন। আর বাকি কাজগুলো আমরা নিজেরাই করেছি।’নির্বাচনের ১৩ মাস পর কাল রোববার এলাকায় আসছেন যোগাযোগমন্ত্রী। তাঁর এই সফরকে ‘আলোকিত’ করতে শুধু আলোকসজ্জায় নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের জন্য পল্লী বিদ্যুতের পক্ষ থেকে তিনটি ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। বিদ্যুতের অভাবে যেখানে গ্রামের কৃষক ঠিকমতো সেচকাজ করতে পারছেন না, সেখানে মন্ত্রীকে সংবর্ধনা দিতে বিলাসী আলোকসজ্জার ঘটনা এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।নতুন তিনটি ট্রান্সফরমার স্থাপন প্রসঙ্গে কালকিনি পল্লী বিদ্যুত্ কার্যালয়ের প্রকৌশলী মো. রোকানি বলেন, ‘ট্রান্সফরমারের জন্য মন্ত্রী মহোদয় নিজের নামেই দরখাস্ত করেছিলেন। অফিসের নিয়ম অনুযায়ী দুই কিস্তিতে ৪৮ হাজার টাকাও দিয়েছেন তিনি।’ মন্ত্রী আবেদনে কী উল্লেখ করেছিলেন? এমন প্রশ্নের জবাবে প্রকৌশলী বলেন, ‘আবেদনটি ছিল তিন দিনের জন্য তিনটি ট্রান্সফরমার লাগবে এই মর্মে।’জানা গেছে, মন্ত্রীর গুণকীর্তনের জন্য এলাকায় পাঁচ দিন ধরে জারিগানের আয়োজন করা হয়েছে। সংবর্ধনার দিন ঢাকা থেকে আসবেন নামীদামি শিল্পীরা। তাঁদের পেছনেও খরচ হচ্ছে বড় অঙ্কের টাকা। সংবর্ধনার প্রস্তুতি হিসেবে প্রতিদিন দুই-তিন শ নেতা-কর্মীকে খাওয়ানো হচ্ছে।সংবর্ধনা বাস্তবায়ন কমিটি সূত্র জানায়, আগামীকাল কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। মন্ত্রীর একান্ত সচিব শাহ মো. আমিনুল হক স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকায় দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত থাকবেন।সংবর্ধনা বাস্তবায়ন কমিটি সূত্র আরও জানায়, সংবর্ধনা উপলক্ষে পাঁচরঙা অফসেট কাগজের দুই লাখ পোস্টার বিভিন্ন সংগঠনের নামে ঢাকা থেকে পাঠানো হয়েছে, যার দাম প্রায় ১৫ লাখ টাকা। গত ২৫ জানুয়ারি পোস্টারবাহী একটি ট্রাক কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আসে। কথা প্রসঙ্গে ট্রাকের চালক বলেন, মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা থেকে দুই লাখ পোস্টার পাঠানো হয়েছে।সরেজমিনে দেখা গেছে, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, শিক্ষা কার্যালয়, যুব উন্নয়ন কার্যালয়, প্রকৌশলীর কার্যালয়, সার্কিট হাউস ও হিসাবরক্ষণ কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ২৬ জানুয়ারি থেকে আলোকসজ্জা করা হয়েছে।ঢাকা থেকে কলরেডি সাউন্ড সিস্টেমের শতাধিক কর্মচারী এসেছেন। অনুষ্ঠানের দিন উপজেলার তিন কিলোমিটার জায়গাজুড়ে শব্দযন্ত্র ব্যবহার করা হবে। ফরিদপুরের ভাঙ্গা থেকে কালকিনি থানার মোড় পর্যন্ত অর্ধশতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। কালকিনির সালাম ডেকোরেটরের মালিক আ. সালাম বলেন, ‘ছোট-বড় মিলিয়ে মোট ২০টি তোরণ নির্মাণের কথা হয়েছে আমার সঙ্গে। এতে গড়ে ১০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকার কথা বলে দিয়েছি।’ এ ছাড়া ৩০টির বেশি তোরণের কাজ বিভিন্ন ডেকোরেটরের মাধ্যমে করা হচ্ছে, যার আনুমানিক ব্যয় হবে তিন লাখ টাকা।কলেজ ছাত্রলীগ সূত্রে জানা গেছে, মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাতে ছাত্রীদের জন্য প্রায় ২০০ শাড়ি পাঠানো হয়েছে। প্রতিটি শাড়ির দাম ৩০০ টাকা করে; মোট খরচ ৬০ হাজার টাকা।নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, মন্ত্রী নিজেই সংবর্ধনার আয়োজন করেছেন। তাঁদের কিছু করার নেই। তাঁর পাঠানো ফুল দিয়েই তাঁকে শুভেচ্ছা জানানো হবে। মঞ্চ, শব্দযন্ত্র ও আলোকসজ্জা ঢাকা থেকে এসেছে। এর আনুমানিক ব্যয় হবে ২০ লাখ টাকার মতো।ডিজিটাল ব্যানার দেয়ালে সাঁটানোর সময় শ্রমিক আরমান বলেন, ‘৩০ বাই ৫ ফুট আকৃতির তিনটি বড় ডিজিটাল ব্যানারসহ ৬০০টি ছোট-বড় ব্যানার পাঠানো হয়েছে।’ এগুলোর দাম আনুমানিক তিন লাখ টাকা বলে স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।অনুষ্ঠানে লোক সরবরাহের জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ২০ হাজার টাকা করে সদরের পাঁচটি ও কালকিনির ১৫টি ইউনিয়নের জন্য মোট চার লাখ টাকা দেওয়া হবে বলে প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয়েছে।২৬ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠানের মাইকিংয়ের জন্য কালকিনিসহ পার্শ্ববর্তী তিনটি জেলায় প্রচারকাজে ২০ হাজার টাকা করে প্রায় এক লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। মন্ত্রীর গুণকীর্তনের জন্য পাঁচ দিনব্যাপী আ. সাত্তার বয়াতির নেতৃত্বে জারিগানের একটি দল নামানো হয়েছে। এ ব্যাপারে সাত্তার বয়াতি বলেন, ‘মন্ত্রী আমাদের গান গাইতে বলেছেন। তিনিই আমাদের খুশি করবেন।’খোঁজ নিয়ে জানা যায়, ২৬ জানুয়ারি থেকে প্রতিদিন সভা-মিছিল ও বিভিন্ন কাজে নিযুক্ত দুই-তিন শ নেতা-কর্মীর জন্য ভুনা খিচুড়ি পরিবেশন করা হয়।মন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে জাঁকালো এ আয়োজন সম্পর্কে নানাজনে নানা কথা বলছেন। কালকিনির সাংস্কৃতিক ব্যক্তিত্ব আকন মোশাররফ হোসেন বলেন, ‘মন্ত্রী যে কাজটা করছেন তা দেশের জন্য বা কালকিনির জন্য মঙ্গলজনক নয়।’সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন বলেন, ‘আমি এখন ঢাকায়। শুনেছি সাজসজ্জা ও লোক আনাসহ বিভিন্নভাবে কোটি টাকা খরচ হবে। তবে টাকা কোত্থেকে, কীভাবে আসছে, এ ব্যাপারে আমি কিছু জানি না।’ মন্ত্রী হিসেবে এলাকায় আসছেন। এত খরচ করে সংবর্ধনা নেবেন, সেটা কি এলাকা বা দেশের জন্য মঙ্গলজনক হবে? প্রথম আলোর এ প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, ‘একটি লোক নির্বাচনী এলাকায় আসবেন। এলাকার লোকজন তাঁকে সংবর্ধনা দেবে। তোমরা এমন কথা বলো কেন? এমন কথায় আমি কষ্ট পাই।’ খরচ প্রসঙ্গে তিনি কিছু বলতে চাননি।সার্বিক বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘গরিব দেশের মন্ত্রীদের এই সংবর্ধনা-বিলাস বড্ড বেমানান। তবু মন্ত্রীরা বুঝতে চান না। এতে করে প্রকারন্তরে তৃণমূল স্তরে দুর্নীতি করার সুযোগ তৈরি করে দেওয়া হয়। নেতা-কর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানকে হাতিয়ার করে চাঁদাবাজিতেও জড়িয়ে যান। অবিলম্বে এই সংবর্ধনা-সংস্কৃতি বন্ধ হওয়া উচিত।’