যোগাযোগমন্ত্রীর তোপের মুখে বিআরটিসির কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন থেকে নিম্নমানের বাস কেনার কারণে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তারা যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের তোপের মুখে পড়েছেন। করপোরেশনের পরিচালক (টেকনিক্যাল) কাজী জহিরুল হক চীন থেকে বাস কেনার পেছনে নিম্ন দরপত্রের কথা উল্লেখ করলে মন্ত্রী বলেন, ‘কেনার পরই বাসগুলো ঝুলে গেছে।’আজ বৃহস্পতিবার দুপুরে ওবায়দুল কাদের যোগাযোগমন্ত্রী হওয়ার পর বিআরটিসির প্রথম মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয়ের অনেক বদনাম আছে। আমি বদনামের ভাগীদার হতে চাই না। এ ছাড়া আমি অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না। সে সময়ও নেই। তবে অতীত থেকে শিক্ষা নিতে হবে।’বিভিন্ন পরিবহনে যাত্রীদের কাছ থেকে সরকারের নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাড়তি ভাড়া নেওয়ার জন্য আমাকেও কথা শুনতে হবে। সবাই ভাববে সরকারের আদেশ-নির্দেশ ও বাস্তবতার মধ্যে মিল নেই। তাই বিষয়টি নজরদারির আওতায় আনতে হবে।’ তিনি বলেন, ‘আমার প্রথম মাথাব্যথা নগরের যানজট। এ যানজট নিরসনে স্কুল থেকে শুরু করে কলেজ পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য মানসম্পন্ন বাস রাস্তায় নামাতে হবে।’