যোগাযোগমন্ত্রীর প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় গতকাল শুক্রবার প্রকাশিত ‘মন্ত্রীর দুর্নীতির কারণেই আটকে গেল পদ্মা সেতু’ শীর্ষক শীর্ষ প্রতিবেদনের প্রতিবাদ করেছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।গতকাল পাঠানো প্রতিবাদপত্রে মন্ত্রী বলেন, ‘প্রতিবেদনটি অনুমাননির্ভর, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে প্রতীয়মান। আর বিশ্বব্যাংক অনুমাননির্ভর বিষয়কে তদন্তের উপজীব্য করে প্রতিবেদন তৈরি করেছে।’ নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে আমার হাত দিয়ে কোনো অনিয়ম ও দুর্নীতি হয়নি। পদ্মা সেতুর নির্মাণের সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে।’নিজের প্রতিষ্ঠিত ঠিকাদারি প্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনাল সম্পর্কে যোগাযোগমন্ত্রী বলেন, ‘এ প্রতিষ্ঠানটির একদিন আমি কর্ণধার ছিলাম—এই অজুহাতে সাকোকে আমার কর্মপরিধির মধ্যে টেনে এনে পদ্মা সেতুর মূল কাজে প্রাক-যোগ্যতায় যারা ব্যর্থ হয়েছে, তারা এবং তাদের সূত্র এবং আপনার পত্রিকায় মনের মাধুরী মেশানো বক্তব্য দিয়ে আমাকে বিতর্কিত করা হচ্ছে। পদ্মা সেতু নির্মাণকে বিলম্বিত ও আটকে দেওয়া হচ্ছে। এতে দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে সরকারের আন্তরিক উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে।’দুর্নীতির অভিযোগ খণ্ডন করতে সৈয়দ আবুল হোসেন বলেন, ‘সকল ঠিকাদারি প্রতিষ্ঠান মূল সেতুর দরপত্রে অংশগ্রহণ করে যোগ্য বিবেচিত হয়নি। আর এটা কারও অজানা নয় যে প্রত্যেক আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় একজন এজেন্ট সম্পৃক্ত থাকে। ফলে যারা কারিগরিভাবে মূল্যায়নে ব্যর্থ হয়েছে, অযোগ্য হয়েছে—তারা প্রায়ই অহেতুক ক্ষুব্ধ হয়ে অসত্য, অনুমান ও কল্পনানির্ভর অভিযোগ বিশ্বব্যাংকের কাছে পাঠায়, যাতে প্রকল্পের অনুমোদন বিলম্বিত হয় বা পুনরায় দরপত্র আহ্বান করার সুযোগ সৃষ্টি হয়। এসব অযোগ্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও তাদের দেশীয় এজেন্ট ব্যক্তিস্বার্থ হাসিলে এ ধরনের অনৈতিক ও পদ্মা সেতু নির্মাণ বন্ধের খেলায় মেতেছে। আর বিশ্বব্যাংক এ ক্ষেত্রে অনুমাননির্ভর বিষয়কে তদন্তের উপজীব্য করে প্রতিবেদন তৈরি করেছে।’যোগাযোগমন্ত্রী বলেন, ‘অনুমাননির্ভর বিষয় টেনে এনে একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন এবং নানাভাবে কথিত মিথ্যাকে সত্য প্রমাণের চেষ্টা—কতটুকু যৌক্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, তা ভেবে দেখার জন্য আবারও সবিনয় অনুরোধ করছি।’মন্ত্রী প্রতিবাদপত্রে আরও উল্লেখ করেন, তাঁর কার্যালয় সংস্কার এবং একটি গাড়ি ক্রয়সংক্রান্ত বিষয়ে এর আগে প্রথম আলো তাঁর বিরুদ্ধে প্রতিবেদন, কার্টুন, সম্পাদকীয় ও উপসম্পাদকীয় প্রকাশ করেছে। তিনি বলেন, ‘১৪ অক্টোবরের অসত্য সংবাদটি ব্যক্তিপর্যায়ে তৃতীয় সংবাদ।’সাকোর প্রতিবাদ: গতকালের শীর্ষ প্রতিবেদনের বিষয়ে সাকো ইন্টারন্যাশনাল পৃথক প্রতিবাদপত্র পাঠায়। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এস কে বসাক স্বাক্ষরিত ওই প্রতিবাদপত্রে দাবি করা হয়, সাকো বা সাকোর কোনো কর্মকর্তা পদ্মা সেতুর কোনো কাজের সঙ্গে জড়িত নয়। বিশ্বের বহু দেশের সঙ্গে সাকোর ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বিভিন্ন দেশের শীর্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গেও এর দীর্ঘ সুসম্পর্ক আছে। ব্যবসায়িক কারণে সবার সঙ্গে সাকো প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলে। পদ্মা সেতু নির্মাণে মূল সেতুর কাজে যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে, তাদের সঙ্গেও সাকোর পূর্বপরিচয় ও সম্পর্ক থাকাই স্বাভাবিক।প্রতিবাদপত্রে আরও বলা হয়, প্রতিবেদনে বিশ্বব্যাংকের বরাত দিয়ে সাকো ও সাকোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের যেভাবে সম্পৃক্ততা দেখানো হয়েছে, তা সত্যের অপলাপ। বিষয়টি অনুমাননির্ভর ও ভিত্তিহীন।প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত প্রতিবেদনের সব তথ্যই বিশ্বব্যাংকের করা তদন্ত প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে। প্রতিবেদনে প্রথম আলোর কোনো মতামত কিংবা মনগড়া কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। বিশ্বব্যাংক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে পাওয়া দুর্নীতির তথ্যসহ তদন্ত প্রতিবেদন সরকারের উচ্চপর্যায়ে দিয়েছে।প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে, সরকার অধিকতর তদন্তের জন্য চাইলে তথ্যপ্রমাণ দিয়ে তারা সহায়তা করবে।