যোগাযোগমন্ত্রীর বক্তব্য, প্রথম আলোর জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘৬১ ভাগ সড়কই নাজুক’ শিরোনামে গত শনিবার প্রথম আলোতে প্রকাশিত খবর ও কার্টুন সম্পর্কে দীর্ঘ বক্তব্য পাঠিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। সম্পাদক বরাবর পাঠানো একটি চিঠিতে তিনি বলেছেন, ‘যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কে একটি কার্টুন, খবর ও রাস্তার ছবি দেখে আমি হতবাক হয়েছি, বিস্মিত হয়েছি।’ তাঁর জিজ্ঞাসা, ‘অসত্য তথ্যের ওপর ভিত্তি করে কী করে এ ধরনের বিকৃত কার্টুন প্রকাশিত হয়?’মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দেশের সব সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন নয়। অন্যান্য মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানও এ দায়িত্ব পালন করে। তাই সব খারাপ রাস্তার জন্য শুধু যোগাযোগ মন্ত্রণালয়ের ওপর দোষ চাপানো সমীচীন নয়। দুর্বিনীত কার্টুনও কাম্য নয়। বক্তব্যে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় ২১ হাজার ৪০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে তিন হাজার ৪৯২ কিলোমিটার জাতীয় মহাসড়ক, চার হাজার ২৬৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক ও ১৩ হাজার ২৮০ কিলোমিটার জেলা সড়ক আছে। জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের অধিকাংশ দিয়েই সুষ্ঠুভাবে যান চলাচল করছে। কিছু জেলা সড়ক অপ্রতুল বরাদ্দের কারণে মেরামত করা এখনো সম্ভব হয়নি। এই সড়কগুলোর দ্রুত মেরামতে যোগাযোগ মন্ত্রণালয় প্রয়োজনীয় বরাদ্দ অর্থ মন্ত্রণালয়ের কাছে চায়। কিন্তু প্রয়োজনীয় অর্থ না পেয়ে বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী বরাবর সারসংক্ষেপ আকারে উপস্থাপন করা হয়। তিনি গুরুত্ব দিয়ে মেরামতকাজ সমাধানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে একটি ডিপিপি প্রণীত হয়েছে এবং প্রকল্পটি শিগগিরই অনুমোদিত হবে। জুন মাসের মধ্যেই অধিকাংশ সড়কের মেরামতের কাজ শেষ করা যাবে।যোগাযোগমন্ত্রী তাঁর বক্তব্যে পদ্মা সেতু ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। বলেন, ২৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য ইতিমধ্যে চুক্তি সই হয়েছে। শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে। তাঁর মতে, এ ধরনের প্রকল্প গ্রহণে সাধারণত পাঁচ-সাত বছর সময় লাগে। কিন্তু বর্তমান সরকার দুই বছরের মধ্যে এ ধরনের প্রকল্প গ্রহণ ও তা বাস্তবায়নে হাত দিয়েছে। সরকার সড়ক ও রেল অবকাঠামোর উন্নয়নে ব্যাপক কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী তাঁর লিখিত বক্তব্যে বলেন, জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক ডিভাইডারসহ চার লেনের উন্নয়নকাজের জন্য চুক্তি সই হয়েছে। চট্টগ্রাম-হাটহাজারী সড়ক চার লেনের কাজ অব্যাহত আছে। নবীনগর-ঢাকা ইপিজেড-চন্দ্রা সড়ক চার লেনে উন্নীতকরণের টেন্ডার আহ্বান করা হয়েছে। শিগগিরই চুক্তি সই হবে। নারায়ণগঞ্জ লিংক রোড চার লেনের কাজও এগিয়ে চলছে। বৃহত্তর রংপুরে চার লেনের টেন্ডার আহ্বান করা হয়েছে। শিগগিরই কার্যাদেশ দেওয়া হবে।এ ছাড়া মন্ত্রী সেনানিবাসের ওপর দিয়ে বিমানবন্দর সড়কে উড়াল সেতু নির্মাণ প্রকল্পসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক-সেতু মেরামত ও নির্মাণের কথা উল্লেখ করেন। দেশব্যাপী রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণে ৩৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।যোগাযোগমন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের গৃহীত প্রকল্পের দীর্ঘ তালিকা দিয়ে বলেন, বৈদেশিক সাহায্যনির্ভর প্রকল্পগুলো প্রক্রিয়াকরণ ও বাস্তবায়নে দীর্ঘ সময় লাগে। কাজ শুরু করলেও শেষ করতে সময়ের প্রয়োজন হয়। তা সত্ত্বেও বর্তমান সরকার দুই বছরে যোগাযোগ খাতের উন্নয়নে যে কার্যক্রম বাস্তবায়ন করছে, তা অঙ্কের হিসাবে অনেক নয় কি? প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটি পুরোপুরি সঠিক তথ্যের ওপর ভিত্তি করে রচিত। প্রতিবেদনের তথ্যগুলো যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে নেওয়া। যোগাযোগমন্ত্রী পাঁচ পৃষ্ঠাব্যাপী এক হাজার ৬৮৫ শব্দের বক্তব্য পাঠিয়েছেন। কিন্তু বলেননি, কোন কোন তথ্য বা ছবি অসত্য।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন তাঁর বক্তব্যে বলেছেন, ‘দেশের সব সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে নয়। অন্যান্য মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানও এ দায়িত্ব পালন করে। তাই সব খারাপ রাস্তার জন্য শুধু যোগাযোগ মন্ত্রণালয়ের ওপর দোষ চাপানো সমীচীন নয়।’ প্রকাশিত প্রতিবেদনে কোথাও বলা হয়নি যে, সব ভাঙা সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে। এলজিইডি ও ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) অধীনে কতটুকু রাস্তা আছে এবং সেগুলোর কতটুকু নাজুক, তারও উল্লেখ আছে প্রতিবেদনে। শুধু তাই নয়, এলজিইডি ও ডিসিসির সংশ্লিষ্ট কমকর্তাদের বক্তব্যও ছাপা হয়েছে প্রতিবেদনে। সওজের অধীন সড়কগুলো অধিক গুরুত্বপূর্ণ হওয়ায় প্রথম আলো ওই বিভাগের দায়িত্বে থাকা মন্ত্রীর বক্তব্য সংগ্রহ করে তা হুবহু ছেপেছে।প্রতিবেদন ও প্রকাশিত ছবি সম্পর্কে কোনো ব্যাখ্যা না দিয়ে সম্প্রতি যেসব সেতু ও সড়ক চালু হয়েছে এবং উদ্বোধন করা হয়েছে, তার দীর্ঘ তালিকা দিয়েছেন যোগাযোগমন্ত্রী। এসব সেতু বা সড়কের অধিকাংশের কাজ বর্তমান সরকারের আগেই শুরু হয়। এ ছাড়া মন্ত্রী অনেক অপ্রাসঙ্গিক বিষয়ের উল্লেখ করে তাঁর বক্তব্য দীর্ঘ করেছেন। যেমন পদ্মা সেতু, তিস্তা সেতু, বনানী-জুরাইন রেলক্রসিং, দেশের বিভিন্ন স্থানে সেতু ও সড়ক নির্মাণের উদ্যোগ, রেলওয়ের সম্প্রসারণ পরিকল্পনা, বিভিন্ন মহাসড়ক চার লেনে উন্নীতকরণের পরিকল্পনা, চট্টগ্রাম বন্দরের কাজ, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণে সমীক্ষা চালানো, ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকার যানজট নিরসনে নতুন বাস আমদানি ইত্যাদি বিষয় তিনি উল্লেখ করেছেন। অথচ প্রথম আলোর প্রতিবেদনে এসব বিষয়ের কোনো উল্লেখ নেই। প্রকাশিত প্রতিবেদনটি শুধু দেশের নাজুক সড়ক যোগাযোগ নিয়ে রচিত।দেশের নাজুক সড়ক যোগাযোগব্যবস্থা নিয়ে গত বৃহস্পতিবার সংসদে আলোচনাও হয়েছে। ক্ষমতাসীন দলেরই অভিজ্ঞ সাংসদ সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এ বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের ব্যর্থতা সংসদে তুলে ধরেন। তিনি বলেন, সরকারের দুই বছরে দেশের সড়ক উন্নয়নে কোনো কাজই হয়নি। এ সময় ক্ষমতাসীন দলের সাংসদেরা টেবিল চাপড়ে তোফায়েল আহমেদের বক্তব্যকে স্বাগত জানান। এমনকি অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী তখন বলেন, ‘মাননীয় মন্ত্রী, এ বক্তব্য শুধু তোফায়েল আহমেদের নয়, গোটা সংসদের।’ জবাবে যোগাযোগমন্ত্রী এ খাতে বরাদ্দ না পাওয়ার কথা বলেছিলেন।জাতীয় সংসদের ওই দিনের ঘটনা বলে দেয় দেশের সড়ক যোগাযোগ পরিস্থিতি কতটা নাজুক।কার্টুনিস্টের বক্তব্য: যেকোনো গণতান্ত্রিক দেশে কার্টুন হচ্ছে স্বাধীন মত প্রকাশের একটা মাধ্যম। রাজনৈতিক কার্টুনের পাত্রপাত্রীরা থাকেন সরকার ও বিরোধী দলের। তাঁদের ভুল-ত্রুটি, ন্যায়-অন্যায়ের তির্যক ব্যাখ্যা থাকে কার্টুনে। এই ব্যাখ্যা মোড়ানো থাকে হাস্যরস দিয়ে। প্রথম আলোয় প্রকাশিত সর্বশেষ কার্টুনে মন্ত্রীকে হেয় করার কোনো প্রয়াস ছিল না। যাঁকে নিয়ে এই কার্টুন, তাঁর মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তাই কার্টুনে ফুটে উঠেছে। যাঁর দায়িত্ব, তিনি যদি বরাদ্দ না পাওয়ার অজুহাত দেখিয়ে কিছু না করার কথা বলেন, তাহলে তাঁকে ‘তালপাতার সেপাই’য়ের সঙ্গে তুলনা করা যায়। এই তালপাতার সেপাই একটি লোকজ খেলনা।