যোগাযোগমন্ত্রীর সততায় ঘাটতি
যোগাযোগমন্ত্রীকে নিয়ে ওয়াশিংটনে পাঠানো সাবেক মার্কিন রাষ্ট্রদূত মরিয়ার্টির তারবার্তা উইকিলিকসে ফাঁস। তাতে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগ এখনো যোগাযোগমন্ত্রীকে ঘিরে আছে। আরও ফাঁস করা হয়েছে মুহাম্মদ ইউনূস ও জামায়াতে ইসলামী নিয়ে আরও দুটি তারবার্তা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী যোগাযোগের অবকাঠামো উন্নয়নের দায়িত্ব দিয়েছেন এমন একজন মন্ত্রীর ওপর, যাঁর সততার ঘাটতি রয়েছে বলে দুর্নাম রয়েছে। আর এই ব্যক্তি হচ্ছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি লিখেছেন, যোগাযোগমন্ত্রীর ‘রেপুটেশন’ হচ্ছে ‘লেস দ্যান অনেস্ট’। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটনে পাঠানো এক গোপন তারবার্তায় মরিয়ার্টি এসব কথা লিখে পাঠিয়েছিলেন।তারবার্তায় যুক্তরাষ্ট্রের সাবেক এই রাষ্ট্রদূত আরও লেখেন, ‘দুর্নীতির অভিযোগ এখনো যোগাযোগমন্ত্রীকে ঘিরে আছে। তিনি যে পদ্ধতিতে কাজ করেন, তার বেশ কিছু সমস্যার কথা বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। তা ছাড়া চীনের সঙ্গে মন্ত্রীর ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টিও সবার জানা।’যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির এই তারবার্তা জুলিয়ান অ্যাসাঞ্জের আলোচিত ওয়েবসাইট উইকিলিকসে প্রকাশ করা হয়। গত ৩০ আগস্ট আলোচিত এই ওয়েবসাইট অনেক গোপন তারবার্তা ফাঁস করেছে। এর মধ্যে মরিয়ার্টির এই বার্তাও রয়েছে। বাংলাদেশে রাষ্ট্রদূতের চাকরির মেয়াদ শেষে জেমস এফ মরিয়ার্টি চলতি বছরের ১৭ জুন দেশে ফিরে যান।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গত বছরের ৩ ফেব্রুয়ারি একটি ভোজসভার আয়োজন করেছিলেন। সেখানে সৈয়দ আবুল হোসেনের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয় মরিয়ার্টির। এরই আলোকে ওয়াশিংটনে এই তারবার্তা পাঠান মরিয়ার্টি। ওই ভোজসভায় যোগাযোগমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে জানান, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সম্প্রসারণের প্রকল্প বাস্তবায়ন আগামী নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘মরিয়ার্টির সঙ্গে আমার একাধিক ভোজসভা ও বৈঠক হয়েছে। তবে মরিয়ার্টি যে বক্তব্য দিয়েছেন, তা অমূলক, অসত্য ও ভিত্তিহীন। আমি পুরোপুরি সৎ। দুর্নীতি দমন কমিশন একাধিক তদন্ত-অনুসন্ধান করে আমাকে নির্দোষ বলে প্রত্যয়ন দিয়েছে।’মন্ত্রী গত রাতে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বলেন, ‘মরিয়ার্টি যা বলেছেন, তার কোনো প্রমাণ নেই। প্রমাণ বের করতে পারলে বলব, সত্যতা আছে। মত প্রকাশের বা বাকস্বাধীনতার অধিকার সবার আছে। কেউ যদি কিছু বলে বা ধারণা নেয়, আমি আমার কাজের দ্বারা ও ব্যবহার দিয়ে প্রমাণ করব।’জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী গর্ব করে বলেছিলেন, তাঁর মন্ত্রিসভার কারও বিরুদ্ধে দুর্নীতি বা অসততার অভিযোগ ওঠেনি। প্রধানমন্ত্রীর বক্তব্য যে সন্দেহাতীত নয়, এটা এখন বের হয়ে আসছে। এটা প্রধানমন্ত্রীর জন্য চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, বর্তমান মন্ত্রিসভায় এমন অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে, যাঁদের স্বার্থের সংশ্লেষ আছে। এর মধ্যে যোগাযোগমন্ত্রী অন্যতম। এ ছাড়া ফারুক খান ও শাজাহান খানেরও স্বার্থের সংশ্লেষ আছে। আর স্বার্থের সংশ্লেষ থাকলে সঠিকভাবে দায়িত্ব পালন করা যায় না।উইকিলিকসের সদ্য প্রকাশিত তারবার্তা সম্পর্কে জানতে চাইলে মার্কিন দূতাবাসের মুখপাত্র গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মার্কিন প্রশাসন কখনোই ফাঁস হওয়া তথ্য সম্পর্কে কোনো মন্তব্য করে না। এই নীতি এখনো অপরিবর্তিত আছে।পদ্মা সেতু: ভোজসভায় সৈয়দ আবুল হোসেনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন প্রস্তাবিত যোগাযোগ অবকাঠামোর বিষয়ে মরিয়ার্টির কথা হয় বলে তারবার্তায় তিনি জানান। পদ্মা সেতু নির্মাণের ঋণ দেওয়ার ক্ষেত্রে জাপানিজ ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সিজের (জাইকা) শর্ত নিয়ে মরিয়ার্টির কাছে আপত্তিও তোলেন মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। মন্ত্রী রাষ্ট্রদূতকে জানান, জাইকা চায় পদ্মা সেতু নির্মাণের কাজ দুই ভাগে ভাগ করে দরপত্র আহ্বান। জাইকা যেন ওই শর্ত তুলে নেয়, সে ব্যাপারে জোরালো তদবির করতেও মরিয়ার্টিকে অনুরোধ করেন যোগাযোগমন্ত্রী।অন্য উন্নয়ন-সহযোগীরা জাইকার এ প্রস্তাবের বিরোধিতা করছে জানিয়ে মন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, দুই কোম্পানিকে কাজ দিলে ভবিষ্যতে যেকোনো সমস্যার জন্য ঠিকাদারেরা পরস্পরের ওপর দোষ চাপানোর সুযোগ পাবেন। এতে জটিলতাও বাড়বে।উইকিলিকসের ফাঁস করা ওই বার্তায় আরও বলা হয়েছে, আবুল হোসেন ও রাষ্ট্রদূত আলোচনায় একমত হয়েছেন যে অনেক কোম্পানিই পদ্মা সেতুর কাজ পেতে আগ্রহী হবে। মন্ত্রী রাষ্ট্রদূতকে জানিয়েছেন, এর মধ্যে ১৩টি প্রতিষ্ঠান তাদের আগ্রহের কথা প্রকাশ করেছে। রাষ্ট্রদূত তাঁকে একটি মার্কিন কোম্পানির কথা বলেছেন, যেটি সেতু প্রকল্পের জন্য নদী খননের কাজ পেতে আগ্রহী। এ ছাড়া দরপত্র ডাকা হলে যুক্তরাষ্ট্রের আরও কোম্পানি নিশ্চিতভাবেই এ বিষয়ে আগ্রহ দেখাবে।ঢাকায় উড়ালসড়ক ও রেল: এ ছাড়া উইকিলিকসের তারবার্তা অনুযায়ী ঢাকায় একটি উড়ালসড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণের পরিকল্পনার কথাও মন্ত্রী মরিয়ার্টিকে জানান। মন্ত্রী মরিয়ার্টিকে বলেন, ‘ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রী আমাকে এলিভেটেড রেল সিস্টেম চালু করার দায়িত্ব দিয়েছেন। জাইকা এই প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহ দেখিয়েছে। মহানগর এলাকায় ইউএসএআইডির একটি দৃশ্যমান প্রকল্প দরকার।’ এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়ে আবুল হোসেন রাষ্ট্রদূতকে বলেন, ‘ঢাকা মহানগরে যুক্তরাষ্ট্রের অর্থায়নে একটি উড়ালসড়ক ও রেলক্রসিং চাই, যা হবে দুই দেশের সম্পর্কের চাক্ষুষ প্রমাণ।’বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ দিয়ে আবুল হোসেন মরিয়ার্টিকে জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথে নতুন রেললাইনের কাজ শিগগিরই শুরু হবে। রাষ্ট্রদূতকে মন্ত্রী জানান, তিনি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ রেলওয়েকে একটি স্বাধীন ‘করপোরেট’ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চান, যার পরবর্তী ধাপ হবে বেসরকারীকরণ। এতে প্রতিষ্ঠানটির দক্ষতা ও কাজের মান বাড়বে।মন্ত্রী মরিয়ার্টিকে আরও জানান, ঢাকা-চট্টগ্রাম রেললাইন অচিরেই ডাবল লাইন করা হবে। ঢাকার যানজট নিরসনে মেট্রোরেল চালুর জন্য বর্তমান সরকার সংকল্পবদ্ধ বলে মার্কিন রাষ্ট্রদূতকে জানান যোগাযোগমন্ত্রী। তিনি বলেন, ‘এই মেট্রোরেলের কাজ শুরু করতে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত।’ মরিয়ার্টিকে তিনি জানান, জাইকা এই প্রকল্পে ৩০০ কোটি ডলার ঋণ দিতে আগ্রহী।মরিয়ার্টি ওয়াশিংটনে পাঠানো ওই তারবার্তার শেষে বলেছেন, আগামী নির্বাচনে জেতার জন্য আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রী যোগাযোগব্যবস্থার উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি লিখেছেন, এতে বাংলাদেশের যোগাযোগ খাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণের অনেক সুযোগ রয়েছে। মরিয়ার্টির মতে, এ বিষয়টি প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রচার করতে হবে এবং তারা যেন স্বচ্ছতার ভিত্তিতে এসব কাজ পেতে পারে, সে ব্যাপারে ঢাকায় মার্কিন দূতাবাসকে উদ্যোগী হতে হবে।আওয়ামী লীগের প্রতিক্রিয়া: সারা দেশের বেহাল রাস্তাঘাট নিয়ে কয় দিন ধরেই যোগাযোগমন্ত্রীর ব্যর্থতা নিয়ে সারা দেশে তোলপাড় হচ্ছে। বিভিন্ন মহল থেকে যোগাযোগমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে জোরেশোরে। এ পরিস্থিতিতে উইকিলিকসে প্রকাশিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বক্তব্য যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের নতুন মাত্রা পেয়েছে।সরকারের অন্যতম নীতিনির্ধারক ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী উইকিলিকসের ফাঁস করা তারবার্তা নিয়ে প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের একমাত্র দায়িত্ব যোগাযোগ মন্ত্রণালয়ের নয়। তা ছাড়া যোগাযোগের বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরও কাজ করছে।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, মন্ত্রীর সম্পর্কে অভিযোগ খতিয়ে দেখা হবে। ক্ষতিকারক কিছু থাকলে শোধরানো হবে। ভুল থেকে শিক্ষা নেওয়া হবে।